প্যাডল মেরে এক দিনে ৫০০ কিলোমিটার
>

রাত-দিনের ফারাক ভুলে শুধু এগিয়েছেন তাঁরা। ঘুম নেই, ক্লান্তিতে শরীর নুইয়ে এসেছে। কিন্তু দমে যাননি। ৯ তরুণ এক দিনে পাড়ি দিয়েছেন ৫০০ কিলোমিটার পথ। তা–ও স্রেফ সাইকেলে প্যাডল মেরে। রোমাঞ্চ ছাড়াও তরুণদের এই অভিনব সাইক্লিংয়ের ছিল এক বড় উদ্দেশ্য। জানাচ্ছেনআবুলহাসনাত
ঘড়িতে তখন রাত ৩টা ২০ মিনিট।
৬ ডিসেম্বর শীতের আমেজ গায়ে মেখে রাজধানীর পান্থপথ থেকে রওনা হলেন ১০ তরুণ। সাইকেলে ঘুরে বেড়াবেন ময়মনসিংহ অঞ্চল। লক্ষ্য, ২৪ ঘণ্টায় চলবেন ৫০০ কিলোমিটার পথ। ভাঙাচোরা রাস্তা, যানজটের যন্ত্রণা, দুর্ঘটনার শঙ্কা আর অমানুষিক পরিশ্রম। সব বিড়ম্বনাই সঙ্গী হবে জানতেন তাঁরা, তবু পাগলামিটা করলেন, পথে নামলেন।
সেই পথের প্রথম বিরতি ময়মনসিংহের ভালুকায়। ততক্ষণে ৯০ কিলোমিটার চালানো হয়েছে। সূর্য উঠছে। খ্যাপাটে ক্ষুধাও জানান দিচ্ছে—বাপু, পেটে কিছু দাও! সহায়তাকারী দলে থাকা মাইক্রোবাসে খাবারদাবার ও পানি মজুত ছিল। রাজিবুল ইসলাম, মো. আলাউদ্দিন, মাহতাব ইবনে আজাদ, রাকিবুল ইসলাম, দ্রাবিড় আলম, শরিফ ইসলাম, মাহমুদুল হাসান, তানভীর আহমেদ, তরিকুল ইসলাম ও আইরিশ নাগরিক পল মার্ফি খেয়ে নিলেন পাস্তা, এটাই সকালের নাশতা।
প্রথম বিরতির মতোই দলটির সদস্যদের অভিজ্ঞতা জানতে বসে বিরতি টানতে হলো। তখন দ্রাবিড় আলম বললেন, ‘গাজীপুরের চৌরাস্তা পর্যন্ত আসতে রাস্তাটা আমাদের বড্ড ভুগিয়েছে’। এ সময় দলের অনেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। চৌরাস্তায় এসে সবাই আবার একত্র হন। তারপর জোরেশোরে প্যাডল চালিয়ে ভালুকা, সেখানেই প্রথম বিরতি।
নাশতা সেরে সাইকেল চলতে শুরু করল আবার। গন্তব্য ময়মনসিংহের মুক্তাগাছা। পরের বিরতির খাবার ডিম-পরোটা জোগাড় করতে গেলেন সহায়তাকারী দলের সদস্যরা। একটা মোটরসাইকেলও সঙ্গে ছিল তাঁদের। এবার আড়াআড়ি বাতাস আসতে লাগল। চালকদের বারোটা বাজার জো। রাস্তাও সরু আর খারাপ হওয়া শুরু করল। ১১৫ কিলোমিটার চালিয়ে একমাত্র পাংচারটা এখানেই হলো। শরিফের কষ্টও হচ্ছিল বেশ। সাইকেল চালানো থেকে সরে দাঁড়ালেন শরিফ ইসলাম।
এক দিনে ৫০০ কিলোমিটার! অনেকের কাছে অবিশ্বাস্য, পাগলামি মনে হতে পারে। তবে দ্রাবিড় আলম বললেন, ‘হুট করে আমরা ৫০০ কিলোমিটার চালাতে রাস্তায় নামিনি।’ এর আগে তাঁরা চারবার ৪০০ কিলোমিটার পথ চালিয়েছেন। গত বছর সেই লক্ষ্য ছুঁতে ৪৪৩ কিলোমিটার চালানো হয়ে গিয়েছিল। ৫০০ কিলোমিটারের শক্তিটা সেখান থেকেই পেয়েছিলেন।
আবার সেদিনের অভিযানের গল্প শুনি। বেহাল পথ দেখে মুক্তাগাছার পর বেশি দূর এগোন না তাঁরা। শহর থেকে দুই কিলোমিটার সামনে এগিয়ে ভাবকির মোড়ে বিরতি নিলেন। ডিম–পরোটা খাওয়া চলল। মিনিট কয়েক পর আবার প্যাডল ঘোরাতে ব্যস্ত সবাই। এবার ময়মনসিংহ বাইপাস হয়ে শম্ভুগঞ্জ ব্রিজ পার হয়ে ফুলপুরের দিকে গেলেন সবাই। ২১০ কিলোমিটারে এসে মাহমুদুল হাসানের পেশিতে টান পড়ল। দল থেকে বিচ্ছিন্ন হলেও একা একাই ধীরগতিতে সাইকেল চালিয়ে গেলেন তিনি।
ফুলপুর থেকে শেরপুরের নকলা গেল আটজনের দলটি। তখন দুপুর। ভাত খাওয়ার জন্য হাহাকার উঠল সাইক্লিস্টদের মধ্যে। কিন্তু ভাত খাওয়া বারণ। হালকা নাশতাতেই সামাল দিতে হলো ভাতের খিদে। বিকেল পাঁচটার দিকে ৩২৫ কিলোমিটার চালানো হয়ে গেছে। ঘুম ঘুম পাচ্ছিল। কফি বানানোর তাগদা দিলেন। কাপ, মগ পাওয়া গেল না। বাটিতে করে কফি খেলেন সবাই, বললেন তানভীর আহমেদ। আশপাশের লোকজন ভিড় করছিল। মাদ্রাসার দুটি ছেলে এল। তারা পল মার্ফির সঙ্গে ভাঙা ভাঙা ইংরেজিতে কথাও বলল।
৩৮৮ কিলোমিটার চালিয়ে আবার বিরতি টানল দলটি। সন্ধ্যা নেমে এল। সঙ্গে শীতও জেঁকে বসছিল। হুহু বাতাসে দাঁতে কপাটি লাগছে। ঘুম পাচ্ছে। এভাবেই রাত ১০টায় ৪১০ কিলোমিটার শেষ হলো। সবাই মনোবল পেল, আর মাত্র ৯০ কিলোমিটার। দুই সংখ্যায় নেমে এসেছে লক্ষ্য। এবার ঘন ঘন বিরতি নিতে হচ্ছিল। ২৫ কিলোমিটারে ৫ মিনিট, ১৩ কিলোমিটারে ১ মিনিট করে বিরতি নিল দলটা। রাত ১১টায় ময়মনসিংহের খাগডহরের দিকে এসে আবারও পাস্তা খেলেন সবাই। শীত আরও জেঁকে বসেছে। দ্রাবিড় বলছিলেন, ‘আমার তো ঘাড় বেঁকে যাওয়ার জোগাড় হয়েছিল। তবে ৪৫০ কিলোমিটারের পর আর কিছু মনে নেই।’ বাকি ৫০ কিলোমিটার শেষ করতে ঝাড়া দুই ঘণ্টা সাইকেল চালিয়েছে দলটি। রাজেন্দ্রপুরে বেসক্যাম্প নামে রিসোর্টটায় যখন সবাই এসে থামলেন, তখন সাইকেলের জিপিএস ট্রেকার বলছে ৫০০ কিলোমিটার পাড়ি দেওয়া হয়েছে। রাত তখন আড়াইটা। সময় লেগেছে ২৩ ঘণ্টা ১০ মিনিট। সাইকেল চলার সময়ের হিসাবে ১৬ ঘণ্টা ৫৩ মিনিট ২৩ সেকেন্ড। সেই সঙ্গে ৫০০ কিলোমিটার সাইক্লিংয়ের অনন্য এক অর্জন লেখা হলো বিডিসাইক্লিস্টসের স্পোর্টস উইং টিমবিডিসির নামের পাশে। আর এই সাইকেলযাত্রার উদ্দেশ্য ছিল পথশিশুদের জন্য শীতবস্ত্র জোগাড় করা। মজার স্কুলের সেই উদ্যোগে সাইক্লিং যুক্ত হওয়ায় তাঁরা প্রচুর সাড়া পাচ্ছেন বলেও জানালেন।