প্যাডেল মেরে বিশ্ব দেখা

এই তো কয়েক মাস আগের ঘটনা। সারা দিন এখানে-ওখানে ঘুরে সাইকেলে চেপে বিকেল নাগাদ ঢুকেছেন জামালপুর শহরে। উষ্কখুষ্ক চুল, চোখেমুখে ক্লান্তির ছাপ—বেচারার এমন ছন্নছাড়া চেহারা দেখে এক পুলিশ সদস্যের সন্দেহ হয়! ‘নিশ্চিত অপরাধী’ হিসেবে তাঁকে নেওয়া হয় থানায়। এরপর যা ঘটেছে, সেটা তাঁর মুখেই শোনা যাক, ‘থানায় ঢুকেই সে পুলিশ সদস্যের ভুল ভাঙল। সেখানে একজন সিনিয়র এএসপি ছিলেন। তিনি আমাকে দেখেই জিজ্ঞেস করলেন, “আপনি সাইক্লিস্ট আসাদ না? ওই যে অস্ট্রেলিয়ায় আপনার সঙ্গে পরিচয় হলো?’”
জীবন থেকে নেওয়া এমন অনেক গল্পই বলা যায় আবুল হোসেনের। বিশ্বের নানা দেশে সাইকেলে ছুটে বেড়ান আবুল হোসেন। যিনি কাছের মানুষদের কাছে আসাদ নামে পরিচিত। পরিচিতি পেয়েছেন ‘সাইক্লিস্ট আসাদ’ নামেই। সম্প্রতি ঘুরে এসেছেন ওমান। ‘পরিবেশ রক্ষা করুন, নিজে বাঁচুন’ এবং ‘এইচআইভি মুক্ত বিশ্ব গড়ি’ স্লোগান নিয়ে গত ৬ থেকে ২০ নভেম্বর তিনি সাইকেলে ঘুরে বেরিয়েছেন ওমানের পথে-প্রান্তরে, মরুভূমিতে। ২৬ নভেম্বর দেশে ফিরেই আবার ১ ডিসেম্বর চলে গেছেন গ্রিসে। এরই ফাঁকে ২৮ নভেম্বর তাঁর সঙ্গে কথা হয়।
আবুল হোসেন বলেন, ‘অনেক দেশ ঘুরেছি, কিন্তু ওমানে কখনো যাওয়া হয়নি। পর্যটন ও ব্যবসার ক্ষেত্রে দুই দেশের জন্য অনেক কিছুই করা যায়। কারণ, ওমানে অনেক বাংলাদেশি কাজ করেন।’ আবুল হোসেনের সাইক্লিস্ট হয়ে ওঠার গল্প না হয় একটু পরে বলি। আপাতত ওমানের মাসকট বিমানবন্দরে নেমে যে ভোগান্তিতে পড়েছিলেন সেটাই শুনি, ‘ঠায় দুই ঘণ্টা দাঁড় করিয়ে রেখেছিল। পাসপোর্ট-ভিসা নেড়েচেড়ে বুঝলেন, শ্রমিক হিসেবে নয়, আমি ঘুরতে এসেছি। তাঁরা বেশ অবাক হলেন। ঘুরতে!’ ওমানে যেহেতু অনেক বাংলাদেশি শ্রমিক হিসেবে কাজ করেন, তাই হয়তো তাঁদের বদ্ধমূল ধারণা, এ দেশ থেকে যাঁরা যান, তাঁরা কাজ করতেই যান!
তবে বিমানবন্দরের সেই অভিজ্ঞতা মিইয়ে যেতে থাকে সাইক্লিং শুরুর পর। ওমানের বিভিন্ন হোটেলে এবং সংগঠনের আয়োজনে আবুল হোসেনের বক্তৃতা শুনে অনেকেরই ধারণা বদলে যেতে থাকে। আবুল হোসেন সচেতনতা কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি ওমানের মানুষের কাছে তুলে ধরেন। আবুল হোসেন বলেন, ‘অনেক মানুষ আগ্রহ নিয়ে জানতে চেয়েছেন পর্যটনসেবা সম্পর্কে। আমরা ইতিবাচক প্রচারণা ও সুযোগ-সুবিধা দিতে পারলে অনেক বিদেশি পর্যটক পাব।’

সাইকেলে সে দেশের নাখাল, রুস্তাক, নিজুয়া, সালালাহ, মিরবাত, হাদবিন, হাসিক, ওয়াদি বনি খালিদ, বিদিয়া, সুর, সুইকসহ বিভিন্ন স্থানে ঘুরতে ঘুরতে তিনি দেখেছেন বাংলাদেশি মানুষের অবদান। ধু ধু বালুময় মরুভূমি থেকে আরব সাগর—সব জায়গা যেন বদলে গেছে বাংলাদেশি শ্রমিকদের হাতের ছোঁয়ায়। আবুল হোসেন বলেন, ‘বালুর বুকে সবজি চাষ করে ওমানকে সবুজ করেছেন আমাদের শ্রমিকেরা। সমুদ্রে মাছ শিকার করছেন যে জেলেরা, তাঁদের মধ্যেও খুঁজে পেয়েছি বাংলাদেশি। ওমানকে উন্নত করার পেছনে বাংলাদেশিদের অবদান অনেকটাই।’
ওমানে ২০ দিনের ভ্রমণে আবুল হোসেনকে সহযোগিতা করেছে এনি মিডিয়া আর্টস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। সে দেশে ভ্রমণ করছেন জেনে ওমানের দৈনিক পত্রিকা মাসকট ডেইলি ও টাইমস অব ওমান আবুল হোসেনকে নিয়ে খবরও প্রকাশ করেছে।
ওমান-বৃত্তান্ত শুনতে গিয়ে জানা হলো তাঁর ‘সাইক্লিস্ট আসাদ’ হয়ে ওঠার গল্প। সাইকেলের মতো সহজলভ্য বাহনে চেপে দুনিয়া ঘুরে দেখবেন, এমন একটা ইচ্ছা স্কুলে পড়ার সময় থেকেই আবুল হোসেনের মাথায় ঘুরত। সেই ইচ্ছাপূরণ শুরু ১৯৯৫ সালে। সে বছর অস্ট্রেলিয়া, মিসর, কাতার ঘুরে আসেন তিনি। সেই যে শুরু, সম্প্রতি ওমান ভ্রমণের মাধ্যমে সে তালিকায় দেশের সংখ্যা হয়েছে ৪২। দেশ ঘুরে ঘুরে সমৃদ্ধ করেছেন অভিজ্ঞতার ঝুলি। গোপালগঞ্জের মুকসুদপুরে জন্ম। বেড়ে উঠেছেন ঢাকা শহরেই। ভূগোলে স্নাতকোত্তর এই সাইক্লিস্ট পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে দ্বিতীয়।
‘পরিবার কখনোই আমার এই বোহেমিয়ান জীবনে বাধা হয়ে দাঁড়ায়নি। পরিবারের সবাই যখন দেখত, সাইকেল চালিয়ে আমি বেশ ভালো কিছু করছি, তখন তো দারুণ উৎসাহ দিত। তাই আমিও জীবনটাকে পথে পথে চালিয়ে নিতে পারছি।’ বলছিলেন আবুল হোসেন। আবুল হোসেন প্যাডেল মেরে শুধু যে দুনিয়া দেখছেন তা-ই না, এর আগেই বেশ কয়েকবার ঘুরে বেরিয়েছেন পুরো বাংলাদেশ।