প্যারাগুয়ের নতুন বিপত্তি
বিপদেই আছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ফার্নান্দো লুগো। ল্যাটিন আমেরিকার অন্য অনেক নেতার সঙ্গে তুলনা করলে তাঁর বিপ্লব বা বিদ্রোহের মুখে পড়ার সম্ভাবনা অনেকই কম। কিন্তু এহেন লুগোকেও ক্রমবর্ধমান গেরিলা তৎপরতা ঠেকাতে অতীতের অনেক ডানপন্থী নেতার মতোই রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।ভূমি সংস্কারের ডাক দিয়ে দেশব্যাপী পরিচিতি পেয়েছিলেন একসময়ের যাজক ফার্নান্দো লুগো। দেশের ভূমিব্যবস্থা রদবদলের জন্য দীর্ঘদিন প্রচার চালিয়েছেন সাবেক এই ক্যাথলিক ধর্মতাত্ত্বিক। ২০০৮ সালের নির্বাচনে কলোরাডো পার্টির সুদীর্ঘ ৬১ বছরের আধিপত্য ভেঙে ক্ষমতায় আসেন তিনি। এর মাধ্যমে দেশটিতে গণতন্ত্র বিকাশের পথ কিছুটা সুগম হয়। কিন্তু প্যারাগুয়ে পিপলস আর্মির (ইপিপি) মুহুর্মুহু উসকানিমূলক হামলায় ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন নতুন নেতা।আলোচিত এই গেরিলা সংগঠন ইপিপির জন্ম ২০০১ সালে। সংগঠনটির সশস্ত্র সদস্যসংখ্যা মাত্র ২০ জন। এটির কার্যকলাপের মাত্রাও ছিল কম। কিন্তু তারা যা করে তা-ই সাড়া ফেলে দিয়েছে। ২০০৪ সালে সংগঠনটি সাবেক প্রেসিডেন্টের মেয়ে সিসিলিয়া কিউবাসকে অপহরণ করে জানান দেয় তাদের শক্তিমত্তা সম্পর্কে। প্যারাগুয়ের নিরাপত্তা কর্মকর্তারা মনে করেন ইপিপির সঙ্গে কলাম্বিয়ার প্রভাবশালী গেরিলা সংগঠন এফএআরসির সখ্য আছে। বলা হয়ে থাকে, কিছু কৃষক সংগঠন, মাদক পাচারকারী ও অসাধু পুলিশদের সঙ্গেও তাদের যোগসাজশ আছে।প্রেসিডেন্ট লুগোর জন্য এখন মাথাব্যথার সবচেয়ে বড় কারণ তাই ইপিপি। গত বছর এই গেরিলা গোষ্ঠী ধনী খামার মালিক ফিদেল জাভালাকে অপহরণ করে। ৯৪ দিন আটক থাকার পর মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে ছাড়া পান জাভালা। ওই ঘটনার কিছু দিন পরই ইপিপি এক পুলিশ কর্মকর্তা ও তিন খামার শ্রমিককে হত্যা করে।এসব ঘটনা লুগোকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন তিনি। বিরোধীরা অভিযোগ করছে, লুগো গেরিলাদের প্রতি নমনীয়। কারণ অনেক গেরিলা নেতা তাঁর পূর্বপরিচিত। লুগো যখন গির্জায় যাজকের দায়িত্বে ছিলেন তখন ওই গেরিলা নেতাদের সঙ্গে তাঁর সখ্য ছিল। এ কারণেই নাকি তিনি তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না।বিরোধীদের নানা সমালোচনায় লুগো শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে ওঠেন। গেরিলাদের দমনের জন্য বিশেষ ক্ষমতা দিতে সে দেশের আইন পরিষদ কংগ্রেসকে অনুরোধ করেন তিনি। প্রেসিডেন্টের অনুরোধে সাড়া দিয়ে কংগ্রেস গত ২৪ এপ্রিল তাঁকে ৩০ দিনের জন্য বিশেষ ক্ষমতা ও দেয়। ওই ক্ষমতাবলে লুগো গেরিলা-অধ্যুষিত এলাকায় এক হাজার বাড়তি সেনা পাঠান। এর আগে সেখানে আরও দুই হাজার সেনা ছিল। এ ছাড়া পুলিশকে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই যে কাউকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়। বিশেষ ক্ষমতার আওতায় প্রেসিডেন্টকে পুলিশের অভিযানের সঙ্গে সেনাবাহিনীকেও যুক্ত করার কর্তৃত্ব দেওয়া হয়।লুগোর এই গেরিলাবিরোধী অভিযানের ফল হয়েছে মিশ্র। সরকার ৬ মে জেসাস ওর্তিজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওর্তিজ ইপিপির একজন বড় নেতা। তাঁকে অবশ্য গ্রেপ্তার করা হয় সেনা অভিযানের আওতাধীন এলাকার বাইরে থেকে। আর মোটের ওপর সেনা মোতায়েন এক তামাশায় পর্যবসিত হয়েছে। কিছু দিন আগে একদল সেনা দুর্ঘটনাবশত পুলিশ সদর দপ্তরে হামলা করলে দুই পক্ষে গোলাগুলি বেধে যায়। আবার ‘দুষ্কৃতকারী’ খুঁজতে গিয়ে এক জন্মদিনের অনুষ্ঠানে চড়াও হয়ে এলাকাবাসীকে খেপিয়ে দেয় নিরাপত্তা বাহিনী। মানবাধিকার গ্রুপগুলো বলছে, সেনারা সাধারণ মানুষকে অযথা হয়রানি করছে এমন অভিযোগ পাচ্ছে তারা। এ ছাড়া ইপিপি গেরিলা দাবি করে নিরীহ লোকজনকে আটক করে তাদের কাছ থেকে সেনারা হরহামেশা অর্থ আদায় করছে বলেও অভিযোগ উঠেছে। এসব কারণে লুগো যৌথবাহিনীর সাহায্যে গেরিলা দমনের জন্য বিশেষ ক্ষমতা স্থায়ী করার অনুমোদন চাইছেন কংগ্রেসের কাছে। এ মুহূর্তে এ বাহিনী গেরিলা দমনের কাজ করে যাচ্ছে। আর এতে দেশের ধনাঢ্য কৃষকের পাশাপাশি সাধারণ চাষিরাও খুশি। কারণ, তারা গেরিলাদের ভয়ে ভীতসন্ত্রস্ত। গেরিলা দমনে লুগো ব্যর্থ হলে জনমত তাঁর বিপক্ষে চলে যাবে এতে কোনো সন্দেহ নেই। পর্যবেক্ষকেরা মনে করেন, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে দেশের সর্বত্র, বিশেষ করে গেরিলা-অধ্যুষিত এলাকায় এ বাহিনীর অবস্থান শক্তিশালী করতে হবে। সেনাবাহিনী ও পুলিশের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। আদালতকে করতে হবে আধুনিক। একনজরে প্যারাগুয়েপুরো নাম: রিপাবলিক অব প্যারাগুয়েজনসংখ্যা: ৬৩ লাখ (২০০৯ সালের হিসাব অনুযায়ী)রাজধানী: আসুনসিয়নআয়তন: চার লাখ ছয় হাজার ৭৫২ বর্গকিলোমিটার প্রধান ভাষা: স্প্যানিশ, গুয়ারানিপ্রধান ধর্ম: খ্রিষ্টসূত্র: দ্য ইকোনমিস্ট