প্যারাগ্লাইডিং মানে পাখির মতো আকাশে ভেসে বেড়ানো। মাসখানেক আগে নেপালে যাওয়ার সুবাদে পোখারার সারাঙ্গকোট থেকে নাসা প্রযুক্তির এই প্যারাহকিং বা প্যারাগ্লাইডিংয়ের সুযোগ পেয়ে গেলাম। সঙ্গে অবশ্য খুবই দক্ষ পাইলট—অজিত। কাজেই মুখ থুবড়ে পাহাড়শীর্ষে এফোঁড়-ওফোঁড় হওয়ার চান্স নেই। পাখিকে কে ঈর্ষা করে? সুমন লাহিড়ী। পাখি তার পাখায় বাতাসের গতির যে খেলা দেখায়, সাধ্য কি এই জীবজগতে আর কারও পক্ষে তা ঘটানো! রাইট ভাইরা রাইট কাজটিই করেছিলেন এভিয়েশনের পথে পা বাড়িয়ে। তবু প্যারাগ্লাইডিংয়ের প্রাক-মুহূর্তে অনিবার্য মনে পড়ে উপকথা। মনে পড়ে ইকারুসের আকাশ। রৌদ্রদ্বিধায় স্বস্তিসূর্যে শরীরতাপ প্রসন্ন হয়, মনে হয় এ যেন এক মানসজয়। ঐশী প্রেরণায় পাওয়া ক্যাথারসিস। ওড়ার সময়টা পুরোটাই বিহঙ্গদৃষ্টিতে অবলোকন করছি। শিলাস্তর কাটা গুহা। সুড়ঙ্গে তার ঘাস (এলিফ্যান্ট গ্রাস)। কুয়াশার সর পড়া লেক। ময়ূরাক্ষী ফুল। ভূতলে তামা থাকলে বুঝি ফুলের রং এত বেগুনি হয়। কালো-সাদা একটি-দুটি সারস উড়ছে। মেঘে ডুবে যাচ্ছে তাদের ছায়া। এহেন নির্জনতায় বারবার ভেসে ভেসে আসে কবিতা। বিষ্ণু দে। নক্ষত্রের শবদেহ আজ মহাজাগতিক সংগীত শোনাবে। পোখরার বাতাস সুস্বাদু বটে, তবু কিন্তু একসময় শ্বাসবাতাসে টান পড়ে।তারপর একসময় দৃশ্যপটের চারদিকে কেবল মেঘের ধোঁয়া আর শূন্যতা। নিজেকে এ সময় মাঞ্জাসুতো ছেঁড়া ঘুড়ি বলে মনে হলো। আর তা ছাড়া ভয়ের আছে দারুণ নেশা। স্পৃহায় ক্লান্ত মর্ত্যভূমির মাধ্যাকর্ষণ টানটুকু যেন আর অনুভব করছি না। নিচের যেকোনো শব্দে মনে হচ্ছে মেদিনী বুঝি উদ্গার তুলছে। দিগ্বলয়ে সমাচ্ছন্ন এই স্নিগ্ধ-সিক্ত স্বপ্নালু-নীল মনে জীবিত ভূগোল আর জ্যামিতির আঁকিবুঁকি তামাশা মাচায়। ঋজু রোদ্দুরে রসাবিষ্ট গাঢ় বিনীত আকাশের নিচে ভেসে থাকার কী অমলিন আনন্দ। জ্যোতির্লোকে ‘আদিগন্ত নগ্ন পদধ্বনি’ নীলিমা ঔদাস্যে কোয়ার্টজ স্ফটিকের মেলায় অভ্রের রূপকল্প জাগায়। আনবী ছটা অপহ্নবে দিঙমণ্ডল লহমাময়। পৃথ্বীর সেই যৌবন-আলোর উছলকুদ নিঃস্বের মধ্যেও নিশ্চিত বেঁচে থাকার ইচ্ছা জাগাবে।তারপর মেঘ। হিমালয়। অন্নপূর্ণা মাউন্টেন রেঞ্জ। ধলগিরি, অন্নপূর্ণা, মানাসারু। তুষাগ্নির সমাধির নিচে কী জটিল অসম্ভব সব ন্যাস-বিন্যাস। ওরই কোনো গুহায় ঝিম ভূপিতা। নিরেট শিলার পাশে কোনো জলচিহ্ন নেই। বসুস্থলীর মর্মপ্রীতি সম্পূর্ণ ধ্যানমগ্ন। যে হাওয়ায় ভেসে বেড়াচ্ছি, সেই মৌসুমি হাওয়াই তো হিমালয়ের গায়ে ধাক্কা খেয়ে ফিরে এসে তবেই বাংলাদেশে বৃষ্টি ঝরায়। নন্দীয় বেসলি ঘেরে অরণ্যকানন। বন-পাহাড়ের মাঝেমধ্যে ভুলে যাওয়া গ্রাম আর তার চারপাশের অপ্রীত তটিনী আর ঘন বনের মধ্যে যে ফোঁটা ফোঁটা রত্ন জমে আছে, দিব্যসজল সেসব দৃশ্য। ভোলার নয়। মনেস্টারির চকিতদৃষ্ট রহস্যদৃশ্য সুখের অসুখ। মগজ ক্রমেই ভরে উঠতে থাকে এমনি সব পারদ-টুকরোয়। মেঘের মাঝে হারিয়ে গিয়ে এই শূন্য গগনবিহারী যে অনিকেত আনন্দ পেয়েছেন, তা সবার কাছে পৌঁছে দেওয়া চাই। আকাশ সরোবরে আমার মন যেন মুসা ইব্রাহীম। আকাশ আমায় ভরল আলোয়, অতএব আকাশ আমি ভরব গানে—এই ভেবে যেই না হেঁড়ে গলায় গান ধরেছি, পাইলট গেলেন চমকে। আকাশে উঠে পাইলট চমকানো কোনো কাজের কথা নয়। হে পর্যটক, এই কথাটি মনে রেখো।[email protected]