প্যারাবন কেটে চিংড়িঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকায় দেড় শ একরের একটি চিংড়িঘের নির্মাণ করতে ধ্বংস করা হচ্ছে সংরক্ষিত প্যারাবন। ইতিমধ্যে ওই প্যারাবনের প্রায় পাঁচ হাজার চারা গাছ কেটে ফেলা হয়েছে। পুরো জমিতে ঘের করতে ওই প্যারাবনের অন্তত দেড় লাখ বাইন ও নুন্যা গাছ কাটা পড়বে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ সূত্রে জানা গেছে, ঘটিভাঙ্গা এলাকার মোষখালি খালের পশ্চিম পাশে অবৈধভাবে চিংড়িঘের তৈরি করার লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এক বছর ধরে প্যারাবন নিধনের কাজ শুরু করে। বনকর্মীরা বিভিন্ন সময় বাধা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিরা কৌশলে রাতের বেলা গাছ কাটার কাজ চালায়। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনুরোধ জানানো হয়েছে। সরেজমিন দেখা গেছে, প্যারাবনের ভেতরে কয়েক হাজার নুন্যা ও বাইনগাছের চারা জোয়ারের পানিতে ভাসছে। গাছ কেটে ফেলায় প্যারাবনের কয়েকটি জায়গা ফাঁকা হয়ে গেছে। স্থানীয় পরিবেশ কর্মী ফরিদ উদ্দিন জানান, সম্প্রতি সংরক্ষিত প্যারাবন কেটে চিংড়িঘের করার জন্য স্থানীয় ভূমিদস্যুরা মরিয়া হয়ে উঠেছে। ইতিমধ্যে দিন দুপুরে প্যারাবনের গাছ কাটতে গেলে বনকর্মীরা বাধা দেন। পরে কৌশলে রাতের আঁধারে বনের গাছ কাটা শুরু করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ঘটিভাঙ্গা বনবিট কর্মকর্তা আলাউদ্দিন বলেন, ক্ষমতার দাপট দেখিয়ে স্থানীয় সাজেদুল করিম নামে এক ব্যক্তি ও তাঁর লোকজন অবৈধভাবে চিংড়িঘের করার জন্য প্যারাবনের গাছ কাটছেন। এতে বাধা দিতে গেলে বনকর্মী ও ভূমিদস্যুদের মধ্যে কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। কিন্তু লোকবল-সংকটের কারণে প্যারাবন যথাযথভাবে রক্ষা করা সম্ভব হচ্ছে না। জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন সাজেদুল করিম। তিনি বলেন, ‘স্থানীয় আবুল কালাম, হাছন আলী, শহর আলী, কবির হোসেন, রেহেনা বেগম, কালা মিয়া, রিদোয়ান কাদের, মোহাম্মদ ওসমানগনি ও আমার বাবা মোস্তাক আহমদসহ ১৫ জনের নামে ২০০৫ সালে ১৫০ একর খাস জমি ইজারা নেওয়া হয়। পরে ওই জমিতে চিংড়ি চাষ করার লক্ষ্যে সরকারকে প্রায় ৭৫ লাখ টাকা রাজস্ব দেওয়া হয়। ওই জমিতে চিংড়ি চাষ করতে গেলে বনকর্মীরা টাকা দাবি করে। কিন্তু টাকা না দেওয়ায় তারা আমাদের কাজে বাধা সৃষ্টি করছে।’ উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল বলেন, ওই চিংড়িঘের নির্মাণ করতে গিয়ে ইতিমধ্যে প্যারাবনের অন্তত পাঁচ হাজার গাছ কাটা হয়েছে। পুরো ঘের করতে প্রায় দেড় লাখ গাছ কাটা পড়বে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে। ওই জমি ইজারা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, উপকূলীয় বন বিভাগের সৃজিত প্যারাবন এলাকাকে সংরক্ষিত বন ঘোষণা করে ইতিমধ্যে ৬ ধারা জারি করেছে। এ ধারার আওতাভুক্ত কোনো জমির প্যারাবন কেটে চিংড়িঘের করা যাবে না। এসব এলাকার অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনুরোধ জানানো হয়েছে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের বন বিভাগের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন। তিনি জানান, প্যারাবন কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।