প্যারাবন দখল করে ছয় জেটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাফ নদীর তীরে প্যারাবন দখল করে গড়ে ওঠা পর্যটক জেটি  প্রথম আলো
নাফ নদীর তীরে প্যারাবন দখল করে গড়ে ওঠা পর্যটক জেটি প্রথম আলো

কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকার নাফ নদীর তীরে সৃজিত উপকূলীয় প্যারাবন দখল করে নির্মিত ছয়টি কাঠের জেটি এখনো উচ্ছেদ হয়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনাও কার্যকর করছে না স্থানীয় প্রশাসন।

এসব জেটি দিয়ে জাহাজে করে পর্যটক পরাপার করা হচ্ছে সেন্টমার্টিন দ্বীপে। এতে পর্যটকবাহী জাহাজ ও জেটির মালিকেরা লাভবান হলেও সরকার হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব। অন্যদিকে বনাঞ্চল উজাড় হওয়ায় ক্ষতি হচ্ছে পরিবেশ-প্রতিবেশের।

উপকূলীয় বন বিভাগ সূত্র জানায়, ১৯৯৩-৯৪ সালে টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের লেদা গ্রামসংলগ্ন নাফ নদীর তীর এলাকার ৫০০-৭০০ ফুট জায়গায় প্যারাবন সৃজন করা হয়। ২০০৫ সালে ওই প্যারাবন দখল করে ছয়টি কাঠের জেটি নির্মাণ করেন স্থানীয় তোফায়েল আহমদ, আবদুর রহমান, আবদুল জব্বার, সৈয়দ দীপু, মো. দিদার হোসেন ও শাহ আলম। এ সময় প্যারাবনের বিপুলসংখ্যক গাছ কাটা হয়। জেটি নির্মাণে ব্যবহার করা হয় প্যারাবনের কেওড়া ও বাইন গাছ। এসব জেটি উচ্ছেদ করার জন্য একাধিকবার নোটিশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি।

উপকূলীয় বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. দেলোয়ার ইসলাম জানান, জেটিগুলো তুলে নেওয়ার জন্য মালিকদের বিভিন্ন সময় নোটিশ দেওয়া হয়। কিন্তু এতে তাঁরা সাড়া দেননি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারকেও (ভূমি) অনুরোধ জানানো হয়েছে। তাঁরাও কোনো ব্যবস্থা নেননি। ফলে প্যারাবনের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে।

সূত্র জানায়, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ অবৈধ জেটিগুলো উচ্ছেদ করার জন্য ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে জেলা প্রশাসনকে চিঠি দেয়। এ ব্যাপারে উপজেলা প্রশাসন উদ্যোগ নিলে জেটির মালিকদের একজন মো. দিদার হোসেন কক্সবাজার সহকারী জজ আদালতে উচ্ছেদের বিরুদ্ধে একটি মামলা করেন। তবে আদালত তা খারিজ করে দেন।

টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের কর্মকর্তা (অপারেশন) আবু নূর খালিদ বলেন, গত বছরের ১০ নভেম্বরের মধ্যে অবৈধ জেটিগুলো উচ্ছেদের নির্দেশ ছিল। কিন্তু নানা কারণে তা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন বলেন, অবৈধভাবে তৈরি একাধিক কাঠের জেটি উচ্ছেদের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে পৃথক দুটি চিঠি পাঠানো হয়েছে। জেটিগুলো উচ্ছেদ করে স্থলবন্দরের জেটি দিয়ে জাহাজ চলাচলের নির্দেশনা ছিল ওই চিঠিতে। কিন্তু হরতাল-অবরোধ কর্মসূচিসহ রাজনৈতিক পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।

জানতে চাইলে জেটির মালিক মো. দিদার হোসেন ও শাহ আলম বলেন, উপকূলীয় বন বিভাগ থেকে অনুমতি নিয়েই ওই জেটি নির্মাণ করা হয়েছে। জেটি নির্মাণের জন্য প্যারাবনের গাছ কাটা হয়নি। ওই সময় সেখানে কোনো গাছও ছিল না। তা ছাড়া, জেটির কারণে পরিবেশ ও জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হচ্ছে না।

সূত্র জানায়, কাঠের জেটি দিয়ে জাহাজে ওঠানামার জন্য পর্যটকদের কাছ থেকে মাথাপিছু ৫০ টাকা করে ইজারা নেওয়া হয়। কিন্তু তা থেকে সরকার কোনো রাজস্ব পায় না। অথচ স্থলবন্দর দিয়ে পর্যটক পারাপারে আদায়কৃত টাকা থেকে সরকার ১৫ শতাংশ ভ্যাট পায়।