প্যারাবন দখলে রাখতে ভুমিদস্যুরা এখন আওয়ামী লীগ নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার প্রতিবেশসংকটাপন্ন এলাকা সোনাদিয়া দ্বীপে উপকূলীয় বন বিভাগের মালিকানাধীন ৩১০ একর প্যারাবন উদ্ধারে এবং দখলদারদের কাছ থেকে জরিমানা আদায়ের কোনো তৎপরতা নেই। বরং প্যারাবন রক্ষার পক্ষে কথা বলতে গিয়ে সোনাদিয়ার পরিবেশকর্মী গিয়াস উদ্দিনসহ অনেককে মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে এলাকা ছাড়তে হচ্ছে।প্যারাবন দখলের অভিযোগে অভিযুক্ত বিএনপির নেতা আবদুল গফুর কয়েক মাস আগে আওয়ামী লীগে যোগ দিয়ে এখন সোনাদিয়া ওয়ার্ডের সদস্যও হয়েছেন। তাঁর নেতৃত্বে ভূমিদস্যুরা পুরো সোনাদিয়া দ্বীপটি দখলের চক্রান্ত চালাচ্ছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে। কয়েকটি বন মামলার আসামি হিসেবে তিনি গত ১৫ জুন আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। কারাগারে যাওয়ার আগে প্যারাবন দখলের বিষয়ে আবদুল গফুর সাংবাদিকদের জানান, ৩১০ একর বনভূমি তাঁর পৈতৃক সম্পত্তি। এখানে বন বিভাগের কোনো গাছ নেই। পরিবেশ অধিদপ্তর ভুল তথ্যের ভিত্তিতে এখানে অভিযান চালিয়ে জরিমানা করে। উল্লেখ্য, গত ২১ মার্চ সকালে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুনীর চৌধুরীর নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ভূমিদস্যুদের কবল থেকে সোনাদিয়া দ্বীপের ৩১০ একর বনভূমি (প্যারাবন) উদ্ধার করে। সে সময় প্যারাবন ও পরিবেশ প্রতিবেশসংকটাপন্ন এলাকায় জীববৈচিত্র্য ধ্বংস করে চিংড়িঘের তৈরির দায়ে দখলদার আবদুল গফুর, মোস্তফা কামাল ও জাহাঙ্গীর আলমকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু এখন পর্যন্ত জরিমানার এক টাকাও আদায় করা সম্ভব হয়নি। কিন্তু উদ্ধারের দুই দিন পর গত ২৩ মার্চ বিকেলে প্রভাবশালী ভূমিদস্যুরা ফের ৩১০ একর বনভূমি দখল করে নেয় বলে উপকূলীয় বন বিভাগ মহেশখালী উপজেলার গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর ইকবাল জানান। তিনি বলেন, বনভূমির চারদিকে মাটির বাঁধ দিয়ে নতুন করে ১০টি চিংড়িঘের তৈরি করা হচ্ছে। কিন্তু লোকবল সংকটের কারণে বন বিভাগ অভিযান চালাতে পারছে না।জরিমানার টাকা আদায় প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ‘পরিবেশ অধিদপ্তর জরিমানার টাকা আদায় করছে কি না আমার জানা নেই।’ প্যারাবন বেদখল থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘বন বিভাগের স্থায়ী কার্যালয় ও পর্যাপ্ত লোকবল নেই। তাই বার বার বনভূমি (প্যারাবন) বেদখলে চলে যায়। এই জমি উদ্ধার করে নতুন করে প্যারাবন (ম্যানগ্রোভ) সৃজনের চেষ্টা চলছে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, উপজেলা ও পুলিশ প্রশাসন সহযোগিতা করলে এত দিনে জরিমানার ২২ লাখ ৫০ হাজার টাকা আদায় হয়ে যেত।নাম প্রকাশে অনিচ্ছুক বন বিভাগের আরেক কর্মকর্তা জানান, ঢাকায় বসবাসরত মহেশখালীর এক প্রভাবশালীর যোগসাজশে সরকারের এক প্রতিমন্ত্রীর নিকটাত্মীয়েরা প্যারাবন (বনভূমি) দখলে রাখতে ভূমিদস্যুদের ইন্ধন দিচ্ছেন। এ ব্যাপারে নীরব থাকার জন্য ওই প্রভাবশালীরা বনকর্মীদের ভয়ভীতি ও বদলির হুমকি দিচ্ছেন। ইতিমধ্যে এক বন কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট প্রশাসন দখলকৃত বনভূমি উদ্ধার করা তো দূরের কথা, জরিমানার ২২ লাখ ৫০ হাজার টাকা আদায় নিয়েও তেমন আগ্রহ দেখাচ্ছে না। ফলে ভূমিদস্যুরা পুরো সোনাদিয়া দ্বীপটি দখল করে চিংড়িঘের তৈরির চেষ্টা চালাচ্ছে। পুরো দ্বীপের আড়াই হাজার একর জমিতে (প্যারাবনে) এক মৌসুম চিংড়ি চাষ করা গেলে কমপক্ষে শত কোটি টাকা আয় করা সম্ভব।সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্গম দ্বীপ হওয়ার কারণে উচ্ছেদ করা ভূমি বন বিভাগের নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। ওই দ্বীপে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও পুলিশের কোনো ফাঁড়ি নেই। সোনাদিয়া দ্বীপে নিয়োগপ্রাপ্ত তিনজন বনপ্রহরী দিয়ে বিপুলসংখ্যক বনভূমি নিয়ন্ত্রণও সম্ভব হচ্ছে না। তা ছাড়া ভূমিদস্যুদের সঙ্গে রাজনৈতিক দলের প্রভাবশালীদের ইন্ধন থাকে। ফলে দখল-বেদখলের ঘটনা ঘটছে। আদালতে বিচারাধীন ক্ষতিপূরণ মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হলে ভূমিদস্যুরা প্যারাবন দখলের উৎসাহ হারিয়ে ফেলত।এতে উপকূল রক্ষায় সৃজিত প্যারাবনের পাশাপাশি জীববৈচিত্র্যও রক্ষা পেত। সরকার পরিবেশ রক্ষার স্বার্থে এই দ্বীপটিকে ১৯৯৫ সালে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে।