প্যারাবন নিধন করে চিংড়িঘের নির্মাণ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেশখালীর কুতুবজুম ইউনিয়নের ঘটিভাঙ্গায় নির্মাণাধীন চিংড়িঘের
মহেশখালীর কুতুবজুম ইউনিয়নের ঘটিভাঙ্গায় নির্মাণাধীন চিংড়িঘের

কক্সবাজারের মহেশখালী উপজেলায় প্যারাবন নিধন করে অবৈধভাবে চিংড়িঘের নির্মাণ চলছেই। বনকর্মীদের বাধা অমান্য করেই ঘেরের জন্য বাঁধ নির্মাণকাজ চালাচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ব্যাপারে ১৪ অক্টোবর স্থানীয় বনবিট কর্মকর্তা পিয়ার মোহাম্মদ মহেশখালী থানায় লিখিত ১৫ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
এদিকে পরিবেশ অধিদপ্তরের আওতাধীন গ্রাম সংরক্ষণ দলের পক্ষ থেকেও এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। কর্মকর্তারা ২১ অক্টোবর ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছেন। তাঁরা ৩০ অক্টোবরের মধ্যে প্যারাবনের ভূমি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য অভিযুক্ত ব্যক্তিদের প্রতি নোটিশ দিয়েছেন।
বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ সূত্র জানায়, উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার মোসখালী খালের পশ্চিম পাশে বন বিভাগের প্রায় ১৫০ একর জায়গার ওপর চিংড়িঘের তৈরি করার চেষ্টা চালাচ্ছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা।
এ জন্য দুই বছর ধরে প্যারাবন নিধনের কাজ শুরু করেন তাঁরা। এতে বনকর্মীরা একাধিকবার বাধা দেন। ১৩ অক্টোবর দূপুরে শ্রমিকেরা প্যারাবন কেটে বাঁধ নির্মাণ করার সময় স্থানীয় বনকর্মীরা বাধা দিলে তা অগ্রাহ্য করেন শ্রমিকেরা। পরে বনকর্মীদের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়।
ঘটিভাঙ্গা বনবিট কর্মকর্তা পিয়ার মোহাম্মদ বলেন, স্থানীয় প্রভাবশালী আবুল কালাম ও মোস্তাক আহমদসহ ১৫ ব্যক্তি অবৈধভাবে চিংড়িঘের করার লক্ষ্যে ইতিমধ্যে বেশ কয়েকবার প্যারাবন নিধন ও বাঁধ নির্মাণ করেন। সর্বশেষ ১৩ অক্টোবর প্যারাবনের ৫০০ বাইনগাছ কেটে ফেলেন তাঁরা। এতে বন বিভাগের তিন লাখ টাকা ক্ষতি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে আবুল কালাম জানান, ২০০৫ সালে সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে তাঁরা ১৫০ একর খাস জমি ইজারা নেন। পরে চিংড়ি চাষ করার লক্ষ্যে সরকারকে প্রায় ৭৫ লাখ টাকা রাজস্ব দেন তাঁরা। ওই ইজারাকৃত জমিতে চিংড়িঘের করার জন্য গেলে বনকর্মীরা শ্রমিকদের বাধা দেন।
উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল জানান, বন বিভাগের সৃজিত প্যারাবনকে সংরক্ষিত বন ঘোষণা করতে ইতিমধ্যে ৬ ধারা জারি করা হয়েছে। আর ৬ ধারা জারি করা জায়গায় চিংড়িঘের করা অবৈধ। মো. জাহাঙ্গীর বলেন, বন বিভাগের কোনো জমি চিংড়িঘের করার জন্য ইজারা দেওয়া হয়নি। কিন্তু প্রভাবশালী কিছু লোক প্যারাবন নিধন করে অবৈধভাবে চিংড়িঘের করার জন্য নানাভাবে অপচেষ্টা চালাচ্ছেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, বন বিভাগের দেওয়া অভিযোগটির তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ২১ অক্টোবর সকালে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘পরিদর্শনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্যারাবন নিধনে জড়িত ব্যক্তিদের নোটিশ দেওয়া হয়েছে।’