প্যারাবন নিধন করে চিংড়িঘেরের বাঁধ নির্মাণ
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা এলাকায় নতুনভাবে প্যারাবন নিধন করে চিংড়িঘের নির্মাণের প্রস্তুতি চলছে। ঘেরের জন্য প্যারাবন কেটে বাঁধ নির্মাণের সময় বন ও পরিবেশ অধিদপ্তরের লোকজন বাধা দিলেও তা মানছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ব্যাপারে স্থানীয় আবদুল মালেকসহ পাঁচজনের বিরুদ্ধে বন ও পরিবেশ আইনে আদালতে পৃথক দুটি মামলা করেছে বন বিভাগ। স্থানীয় বনকর্মীরা জানান, সম্প্রতি এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি প্রায় ১০০ একর বনভূমি জবর দখল করে সেখানে চিংড়িঘের তৈরির উদ্যোগ নিয়েছেন। এ জন্য তাঁরা শতাধিক শ্রমিক দিয়ে দুই সপ্তাহের বেশি সময় ধরে প্যারাবন নিধন করে বাঁধ নির্মাণ করছেন। ইতিমধ্যে প্যারাবনের তিন হাজারের বেশি বাইন গাছ কেটে ফেলেছে দখলকারীরা। একাধিকবার বাধা দিলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা তা মানছেন না। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয় সূত্র জানায়, ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’-এর আওতায় ১৯৯৯ সালে পরিবেশ ও বন মন্ত্রণালয় সোনাদিয়া দ্বীপ ও এর পার্শ্ববর্তী ঘটিভাঙা মৌজাকে Ecologically Critical Area-ECA (প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা-ইসিএ) ঘোষণা করা হয়। ইসিএর জীববৈচিত্র্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য পরিবেশ অধিদপ্তর ও এর সহযোগী সংস্থা নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) ও সুখী বাংলা ফাউন্ডেশন (এসবিএফ) কাজ করছে। আর ইসিএর প্যারাবন নিধন করে অবৈধ চিংড়িঘের নির্মাণ ও পরিবেশ নষ্ট করলে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৫(১) ও ৫(৪) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।পরিবেশ অধিদপ্তরের সহযোগী সংস্থা সুখী বাংলা ফাউন্ডেশনের জীববিদ সংরক্ষক আবদুল কাইয়ুম জানান, প্রায় ১০০ একরের মতো চিংড়িঘের করার জন্য প্রভাবশালী লোকজন প্যারাবন উজাড় করে বাঁধ নির্মাণ করছেন। তিনি বলেন, ‘গত ২৮ মে সরেজমিনে গিয়ে আমি ওই ঘেরের বাঁধের নির্মাণকাজ বন্ধ করে দিই এবং জবরদখলকারীদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ জারি করি। এর পরও বিচ্ছিন্নভাবে প্যারাবন নিধন করে বাঁধের নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা।’ ৩ জুন বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে ঘটিভাঙা বিট কর্মকর্তা অসিম কান্তি দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আবদুল মালেকের নেতৃত্বে প্যারাবন কেটে বাঁধ নির্মাণ করার সময় বনকর্মীরা বেশ কয়েকবার বাধা দিয়েছেন। লোকবল-সংকটের কারণে বনভূমি ও প্যারাবন রক্ষা করতে গিয়ে বনকর্মীরা রীতিমতো হিমশিম খাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন। উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা রেঞ্জের কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল জানান, প্যারাবন নিধন করে চিংড়িঘেরের জন্য বাঁধ নির্মাণ করার অভিযোগে আবদুল মালেকসহ পাঁচজনের বিরুদ্ধে বন ও পরিবেশ আইনে আদালতে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।মামলায় অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন: শামসুল আলম, রবি আলম, আবু তাহের ও সাজেদুল হক। মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল জানান, আবদুল মালেকের বিরুদ্ধে আগে আরও ১০টি মামলা দায়ের করা হয়েছে। সেগুলো বিচারাধীন রয়েছে।অভিযোগ অস্বীকার করে আবদুল মালেক বলেন, ‘আমরা আমাদের ভোগদখলীয় পৈতৃক সম্পত্তিতে চিংড়ি চাষ করার জন্য বাঁধ নির্মাণ করছি। কিন্তু বন বিভাগের লোকজন আমাদের বিরুদ্ধে অযথা মামলা দিয়ে হয়রানি করছে।’মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, ‘প্যারাবন নিধন করে চিংড়িঘের নির্মাণের কথা লোকমুখে শুনেছি। কিন্তু এ নিয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’