প্যারাবন রক্ষার কেউ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়েছিল কক্সবাজারের উপকূলীয় এলাকা। ২০ বছর আগের সেই ক্ষতি এখনো পুষিয়ে উঠতে পারেননি ভুক্তভোগী মানুষ। পুনর্নির্মাণ হয়নি বেড়িবাঁধ। সৃজিত হয়নি প্যারাবন। আশ্রয়ণ প্রকল্পেরও একই দশা। যা আছে তারও দৈন্য দশা চলছে এখন। উপকূলীয় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষায় ৯১ সালের পরে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়ার সমুদ্র উপকূলের বেড়িবাঁধ ও চরভরাট এলাকায় ব্যাপকভাবে প্যারাবন সৃজনের কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। এই ২০ বছরের মধ্যে যেসব এলাকায় প্যারাবন সৃজন হয়েছে তার বেশির ভাগই আবার উজাড় হয়ে গেছে। প্রতিনিয়ত প্যারাবননিধন চলছেই। বন বিভাগ প্যারাবন সৃজনের নামে এ সময়ের মধ্যে কোটি টাকা লোপাট করছে বলে অভিযোগ রয়েছে। তবে সরকার সমপ্রতি কক্সবাজারের উপকূলীয় এলাকায় নতুন করে প্যারাবন সৃজনের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে আলাপে জানা গেছে, তিন উপজেলার উপকূলীয় এলাকায় স্থানীয় প্রভাবশালীরা প্যারাবননিধন করে চিংড়িঘের, লবণমাঠ ও শুঁটকিমহাল তৈরি করছেন। এসব কাজে বেশি সহায়তা দিয়েছেন রাজনীতিকেরা। যেদল যখন ক্ষমতায় আসে, তখন দলীয় প্রভাব খাটিয়ে প্যারাবন নিধন করে জমি দখলের মহোত্সব চলে। সূত্র জানায়, গত ১৫ বছরে চকরিয়ার রামপুর, বদরখালী, বহলতলী, চরণদ্বীপ, পেকুয়া উপজেলার উজানটিয়া, করিয়ারদিয়া, মগনামা এবং কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ, লেইমশাখালী, ধুরংসহ উপকূলীয় এলাকায় অন্তত পাঁচ হাজার একর প্যারাবন অবৈধ দখলে চলে গেছে। ক্ষমতাসীন দলগুলো চিংড়ি জমি বরাদ্দ মহাল কমিটির নাম দিয়ে উপকূলের প্যারাবনগুলো ভাগ করে নিচ্ছে। বন বিভাগ প্যারাবন দখলের অভিযোগে আদালতে মামলা টুকে দিয়েই দায়িত্ব শেষ করে।৯১ সালের ঘূর্ণিঝড় পরবর্তী চকরিয়া ও কক্সবাজার শহর রক্ষায় ব্যাপকভাবে প্যারাবন সৃজন করে জাপানের পরিবেশবাদী সংগঠন ওয়েস্কা ইন্টারন্যাশনাল। সংগঠনটি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে উপকূল রক্ষায় প্রায় এক হাজার এলাকায় প্যারাবন সৃজন করলেও প্যারাবন রক্ষায় অসহায় হয়ে পড়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবী গবেষণামূলক প্রতিষ্ঠান উবিনীগও চকরিয়ার বদরখালীতে কিছু প্যারাবন সৃজন করেছে। ওয়েস্কার চকরিয়ার ব্যবস্থাপক হামিদুল হক প্রথম আলোকে জানান, ২০০২ সালে বদরখালী কৃষি সমবায় ও উপনিবেশ সমিতি প্রায় ২০০ একর প্যারাবন নিধন করে চিংড়িঘের তৈরি করে। তখন জোট সরকারের প্রভাবশালী নেতাদের চাপের মুখে থানা পুলিশ মামলাও নেয়নি। এরপর গত ফেব্রুয়ারিতে একই সমিতি আরও ২০ একর প্যারাবন কেটে চিংড়িঘের করে। এই ঘটনায় মামলা এখনো তদন্তাধীন রয়েছে। তিনি জানান, ১৬ এপ্রিল কক্সবাজার কস্তুরাঘাট এলাকায় তাঁদের দুই একর প্যারাবনের প্রায় চার হাজার গাছ কেটে ফেলা হয়েছে।বদরখালীর বাসিন্দা আকবর আহমদ (৫০) ও আনোয়ার হোসেন (৬০) জানান, ৯১ সালে যেখানে প্যারাবন ছিল, সেখানে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কম হয়েছে। ঘূর্ণিঝড়ে যে প্যারাবনগুলো ধ্বংস হয়েছিল তা-ও সৃজন করা হয়নি। এদিকে, গত দুই বছর ধরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্যারাবনে মড়কও দেখা দিয়েছে। এ বছর প্যারাবনের কয়েক হাজার গাছ মড়কে আক্রান্ত হয়ে মরে গেছে। এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে বনের কেওড়া ও নুনিয়াগাছ। এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের প্রধান জাফর আলম জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা উল্লেখ করে প্রথম আলোকে বলেন, উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ দিয়ে যত্রতত্র চিংড়িঘের তৈরি করার ফলে প্যারাবনে পানির স্বাভাবিক প্রবাহ নষ্ট হয়ে গেছে। এতে গাছগুলোতে নাইট্রোজেন কমে গেছে। প্যারাবনে মড়ক দেখা দেওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, বৃষ্টিপাত কম হওয়া ও সাগরে লবণাক্ততা বেড়ে যাওয়ায় এ রোগ দেখা দিতে পারে। অপরদিকে, উপকূলীয় প্যারাবনের পাশ দিয়ে প্রবাহিত খালগুলো বেশির ভাগ অবৈধ দখল ও বেড়িবাঁধ দিয়ে চিংড়িঘের করার কারণেও প্যারাবন ধ্বংস হয়ে যাচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্ট লোকজন। কক্সবাজার উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান বলেন, লোকবলসংকটের কারণে উপকূলীয় এলাকার বিশাল প্যারাবন দেখা বনরক্ষীদের জন্য খুবই কঠিন হয়ে পড়েছে।