প্যারাবনের গাছ নিধনের পর মুথা তোলার হিড়িক মাতারবাড়িতে
মহেশখালীর উপকূলীয় দ্বীপ মাতারবাড়ির উত্তর পাশে প্যারাবন উজাড় করার পর এখন গাছের মুথা তোলার হিড়িক পড়েছে। স্থানীয় লোকজন লাকড়ির জন্য গাছের মুথা তুলে নিয়ে যাচ্ছেন প্রতিদিন। প্যারাবনের কোনো চিহ্ন না রাখার জন্য মুথাগুলো নিয়ে যেতে প্রভাবশালীরা উৎসাহ জোগাচ্ছেন বলে জানা গেছে। এর আগে ২০০৯ সালের জুন, জুলাই ও আগস্টে চিংড়িঘের করার জন্য প্রায় দেড় শ একরের উপকূলীয় দ্বীপ রক্ষাকারী প্যারাবনের প্রায় ১০ হাজার বাইন ও কেওড়াগাছ নিধন করে স্থানীয় প্রভাবশালীরা। জানা গেছে, মাতারবাড়ির উত্তর পাশে নির্মীয়মাণ উজানটিয়া-মাতারবাড়ি সেতুর মাতারবাড়ি অংশের পশ্চিম পাশে অবৈধভাবে চিংড়িঘের তৈরির জন্য প্রভাবশালীরা প্রায় দেড় শ একরের প্যারাবন উজাড় করে। ফলে দ্বীপ রক্ষাকারী প্রায় দুই কিলোমিটারের বেড়িবাঁধ হুমকির মুখে পড়ে। সরেজমিনে দেখা গেছে, প্যারাবনে কোনো গাছ নেই, আছে শুধু গাছের মুথা। স্থানীয় লোকজন লাকড়ি হিসেবে ব্যবহারের জন্য গাছের গোড়া তুলে নিয়ে যাচ্ছে। এলাকাবাসী জানান, উপকূলীয় প্যারাবনটি ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় থেকে বেড়িবাঁধসহ সাধারণ লোকজনকে রক্ষা করে। এরপর ১৯৯৭ সালের ঘূর্ণিঝড়সহ বিভিন্ন জলোচ্ছ্বাস থেকেও এ প্যারাবন এলাকার লোকজনকে রক্ষা করেছে। কিন্তু এখন আর এলাকায় কোনো প্যারাবন নেই। ফলে প্যারাবননিধনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।নির্বিচারে গাছনিধন করার কথা স্বীকার করে মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ২০০৯ সালের জুন, জুলাই ও আগস্টে মাতারবাড়ি মৌজার উত্তর পাশে এবং পেকুয়ার উজানটিয়া জেটিঘাটের দক্ষিণ, পশ্চিমের উপকূলীয়বাঁধ রক্ষাকারী প্যারাবন নির্বিচারে উজাড় করেছেন একশ্রেণীর প্রভাবশালীমহল। তিনি বলেন, গাছনিধন করার পরও প্রভাবশালীরা থেমে থাকেননি। এখন গাছের মুথা তোলার জন্য তাঁরা শ্রমিক নিয়োগ করেছেন। প্যারাবননিধনের ঘটনায় কারা জড়িত জানতে চাইলে তিনি বলেন, ‘প্যারাবনের দক্ষিণ-পশ্চিম পাশে চিংড়িঘেরের মালিকেরাই চিংড়িঘের তৈরির জন্য নির্বিচারে গাছ নিধন করেছেন এবং তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।’ মাতারবাড়ি বিট কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ‘মাতারবাড়ি মৌজায় বিএস দাগ নম্বর ২৭৩, ২০২১, ২০২৯, ২০৩০, ২০৩১ এর প্রায় দেড় শ একরের জায়গার ওপর ১৯৭৪, ১৯৭৬, ১৯৭৮, ১৯৮০ ও ১৯৮২ সালে প্যারাবন সৃজন করা হয়। আমি আসার আগে এখানকার প্রায় ১০ হাজার প্যারাবনের গাছ নির্বিচারে নিধন করা হয়েছে। আমার আগের বিট কর্মকর্তারা গাছকাটার ব্যাপারে কেন ব্যবস্থা নেননি সেটা তদন্ত হওয়া উচিত।’ মাতারবাড়ি ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মচারী মাইন উদ্দিন জানান, গাছের মুথা তুলে নিয়ে যাওয়ার পরও বন বিভাগ তাতে বাধা দিচ্ছে না। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদ মাহমুদ জানান, গাছ নিধন করা জঘন্য অপরাধ। যারা নির্বিচারে প্যারাবননিধন করেছে তারা দেশের শত্রু। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার।উপকূলীয় বন বিভাগের গোরকঘাটার রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর ইকবাল জানান, ‘আমি এ এলাকায় যোগ দেওয়ার পর কোনো গাছ কাটা হয়নি। আগে কাটা হয়েছি কি না তা আমার জানা নেই। তবে কাগজেপত্রে বিভিন্ন সময়ের ঘূর্ণিঝড়ে গাছগুলো ভেঙে গেছে বলে উল্লেখ রয়েছে।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার নাথ বলেন, ‘প্যারাবননিধনের ঘটনায় উপকূলীয় বন বিভাগ থেকে কেউ অভিযোগ নিয়ে থানায় আসেননি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেন জানান, গাছকাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।