
এ জগতে হায় সে-ই বেশি চায়, আছে যার ভূরি ভূরি হোক সে মিরপুরি, হোক সে মণিপুরি। তাই সকাল-বিকাল-সাঁঝে, চাকরিজীবীও স্টুডেন্ট সাজে! কারণ স্টুডেন্ট হলেই বাসভাড়া অর্ধেক। প্রতিটি বাসেই দেখি স্টুডেন্ট ভাড়া নিয়ে নানা রঙ্গ! অনেক সময় ভাড়া নিয়ে ভাঁড়ামির নাটিকায় বাসভ্রমণ হয়ে ওঠে বাঁশভ্রমণ!
গণনার সময় ছাত্র না হয়েও অনেকে হাত তোলেন! এসব ক্ষেত্রে ছেলেরাই এগিয়ে। মেয়াদোত্তীর্ণ হলেও কিছু ছেলেপুলের জন্য স্টুডেন্ট ভাব নেওয়া কঠিন কিছু নয়। এসব চিরস্টুডেন্ট ছেলেদের কাছে লাইফ ইজ বিউটিফুল—জীবন সুন্দরী!
ছেলেবেলায় শুনেছি, ‘চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা।’ ধরা পড়লেও ভয় নাই ওরে ভয় নাই, ছড়া বললে ক্ষয় নাই তার ক্ষয় নাই! ধরা পড়ার পর একজনের অকাট্য যুক্তি, ‘বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র!’ ঠিকই তো, বিশ্বায়নের এই যুগে এমন বিশ্বজনীন ছাত্রদেরও স্টুডেন্ট ভাড়ার আওতায় আনা উচিত!
উল্লিখিত ছলনাময়ী যাত্রীকুল ছাড়াও আছেন সততার নজির সৃষ্টিকারী যাত্রী! একদিনের ঘটনা বলি। কন্ডাক্টর হাফ ভাড়া রাখল! খুশিমনে বলল, ‘স্টুডেন্ট; তাই হাফ ভাড়া।’ কিন্তু কথাটি মনে হয় ছেলেটির সেন্টিমেন্টে লাগল! ধমক দিয়ে বলল, ‘ধ্যাত ব্যাটা, এখনো স্টুডেন্ট বানায়া রাখছস! এই কারণেই তো বিয়া হয় না!’
অনেক সময় বাসের কন্ডাক্টর ঝামেলা কিলিয়ে পাকান। সিটিং সার্ভিস (এই সার্ভিসটিকে চিটিং সার্ভিসও বলা যেতে পারে), ছুটির দিন ইত্যাদির অছিলায় অর্ধেক ভাড়া নিতে চায় না। শুরু হয় বিপত্তি। একবার এক কন্ডাক্টরকে বলতে শুনলাম, ‘দশ টাকার গোলাপফুল তো ঠিকই পঞ্চাশ টাকায় কিনতে পারেন; কিন্তু ভাড়ার কথা বললেই হাফ ভাড়া!’ তার কপালে ছাত্রদের হাফ-মাইর জোটেনি; জুটেছিল ফুল-মাইর।
রাতের বেলা কন্ডাক্টর আধা ভাড়া নিতে চাইছে না দেখে এক ছাত্র বলল, ‘মামা, রাতে স্টুডেন্ট ভাড়া নাই কেন? কী মনে হয়, আমি দিনের বেলায় স্টুডেন্ট আর রাতের বেলায় বিজনেসম্যান?’ প্রতিটি বাসভ্রমণে স্টুডেন্ট ভাড়া নিয়ে এমন নানা ক্যানক্যানানি প্যারাময় জীবনকে করে তোলে আরও ছ্যাড়াব্যাড়াময়!