প্যারালাল ইউনিভার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঃখ ভোলার জন্য রাকিব হাসান মহাকাশে ঘুরে বেড়ানোটাই শ্রেয় মনে করেছেন। তাই নতুন কোনো বাসযোগ্য গ্রহ খোঁজার জন্য একটা মহাকাশযান নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন। আজ তাঁর দশ বছর পূর্ণ হবে। আরও ২০-২৫ বছর না খেয়ে থাকার মতো পুষ্টি ট্যাবলেট তাঁর কাছে আছে। আর এখনকার মহাকাশযানগুলোও পারিপার্শ্ব থেকে শক্তি সংগ্রহ করে দীর্ঘদিন চলতে পারে। এই মহাকাশযানে তিন ধরনের জ্বালানি প্রযুক্তি ব্যবহূত হচ্ছে। জীবাশ্ম, সৌর ও রিসাইক্লিক। কোনো গ্রহ খুব কাছে থেকে পর্যবেক্ষণ করা বিপজ্জনক। যেকোনো সময় মহাকর্ষীয় টানে মহাকাশযান ক্র্যাশ করতে পারে বা বুদ্ধিমান কোনো প্রাণের অস্তিত্ব থাকলে তারা হামলা করতে পারে।মাত্র ১০ বছর বয়সে হঠাৎ করে রাকিব হাসানের একমাত্র ছেলে মারা যায়। এর কিছুদিন পরই তার স্ত্রীও তাঁকে ছেড়ে চলে গেল। এত বড় দুঃখকে ঢেকে রাখতেই রাকিব হাসান এই বিপজ্জনক ভ্রমণে আগ্রহী হয়েছেন। পদার্থবিজ্ঞানের অধ্যাপক এবং এর আগে কয়েকবার মহাকাশ অভিযানে যাওয়ায় অনুমতি পেতে দেরি হয়নি।নতুন কোনো গ্রহ বা সুপারনোভার খুব কাছ দিয়ে যাওয়ার সময় রাকিব হাসান আনন্দ আর উত্তেজনা অনুভব করেন। বিপদের ভয় আর তার মনে নেই। সামনে একটা জায়ান্ট নক্ষত্র ভেসে উঠেছে মনিটরে। রাকিব হাসান মহাকাশযানটা নক্ষত্রটার দিকে ঘুরিয়ে দিলেন। মহাকাশযানে কিছু একটা সমস্যা দেখা দিয়েছে। নক্ষত্রটার পাশে আসতেই এ সমস্যা শুরু হয়েছে। মহাকাশযানটা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে নক্ষত্রটার দিকে এগিয়ে যাচ্ছে। প্রচণ্ড কম্পনে জ্ঞান হারালেন রাকিব হাসান।চোখ মেলতেই নিজেকে কন্ট্রোল প্যানেলে মাথা রাখা অবস্থান আবিষ্কার করলেন। মহাকাশযানটা স্থির হয়ে আছে। মনে হয় ল্যান্ড করেছে। কন্ট্রোল প্যানেলে চাপ দিয়ে রাকিব হাসান দরজাটা খুললেন।সামনে বিশাল মাঠ। তিনি মাঠ ধরে এগিয়ে চললেন। অনেকদিন পর তিনি এভাবে হাঁটতে পারছেন। তিনি ভুল করে আবার পৃথিবীতে চলে আসেননি তো? সবই তো পৃথিবীর মতো লাগছে। শহরে পৌঁছে সন্দেহটা আরও ঘনীভূত হলো। মানুষজন সব ঘুরে বেড়াচ্ছে যার যার কাজে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এখানে সব বাড়িঘর ত্রিকোণ আকৃতির। রাকিব হাসান হঠাৎ ভূত দেখার মতো চমকে উঠলেন। তাঁর সামনে তিনিই একজন লোকের সঙ্গে কথা বলছেন। এটা কি করে সম্ভব। তিনি স্বপ্ন দেখছেন না তো? চিমটি কেটে দেখলেন পুরোটাই বাস্তব।দ্বিতীয় রাকিব হাসান তাঁর পাশ দিয়ে হেঁটে চলে যেতে থাকল কিন্তু তাঁর দিকে ভ্রূক্ষেপও করল না। তিনি দ্বিতীয় রাকিব হাসানের পেছনে পেছনে যেতে থাকলেন।রাস্তায় হঠাৎ একজন লোকের সঙ্গে ধাক্কা লেগে গেল। লোকটা ভয় পেয়ে এদিক-ওদিক তাকিয়ে গটগট করে হাঁটতে শুরু করলেন। এমন ব্যবহারে রাকিব হাসান খুবই অবাক হলেন।দ্বিতীয় রাকিব হাসানের বাড়িতে তাঁর স্ত্রী আর ছেলেটাকে দেখে আরও অবাক হলেন তিনি। তিনি বুঝতে পারলেন প্যারালাল ইউনিভার্সে চলে এসেছেন। কিন্তু কীভাবে, সেটাই বিস্ময়।রাকিব হাসান এই ইউনিভার্সেই স্ত্রী-সন্তানদের কাছে থেকে যাওয়া ঠিক করলেন। দ্বিতীয় রাকিব হাসানকে গুম করে ফেলার পর মহাকাশযানে রেখে আসতে যথেষ্ট রাত হয়ে গেল। তাঁর মনে অনুশোচনার বদলে প্রশান্তি বিরাজ করছিল।দরজায় নক করতেই তাঁর স্ত্রী রিতু দরজা খুলে দিলেন। তাঁর চোখে-মুখে উৎকণ্ঠার ছাপ। বিষয়টি ভালো লাগল রাকিব হাসানের। কিন্তু রিতু অবাক হয়ে আবার করে দরজা লাগিয়ে দিল। রাকিব হাসান আবার নক করলেন। এবার দরজা খুলে রিতু জোরে জোরে বলতে থাকল, কে এভাবে জ্বালাতন করছে। নক করে করে চলে যায়। কিন্তু তার সামনেই রাকিব হাসান দাঁড়িয়ে আছেন।কেন আমিই তো নক করলাম, বলে রিতুর কাঁধে হাত রাখলেন রাকিব হাসান।রিতু চিৎকার করে উঠে ওখানেই অজ্ঞান হয়ে গেলেন।রাকিব হাসানের মনটা ব্যথায় ভরে উঠল। এখন তিনি বুঝতে পারছেন, গতকাল ধাক্কা খাওয়ার পরও লোকটি কিছু না বলে ভীতভাবে চলে গিয়েছিল কেন। প্যারালাল ইউনিভার্সে তিনি আসলে এক অদৃশ্য মানব। মো. জহিরুল হকনাটোর সদর, নাটোর।