
কোনো প্যারাস্যুট ছাড়াই ২৫ হাজার ফুট উঁচু থেকে ঝাঁপ দিয়েছেন যুক্তরাষ্ট্রের লুক অ্যাইকিনস। নিচে পেতে রাখা একটি জালের ওপর নিরাপদেই তিনি অবতরণ করেছেন। এ ধরনের অভিযানে তিনিই প্রথম এই সাফল্যের দাবিদার।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিমি ভ্যালিতে গত শনিবার এই দুঃসাহসী কাজের জন্য দেড় বছর প্রস্তুতি নিয়েছেন অ্যাইকিনস। পড়ন্ত অবস্থায় তাঁর গতি ছিল ঘণ্টায় ১৯৩ কিলোমিটার। ঝাঁপ দেওয়ার দৃশ্যটি দুই মিনিট ধরে সরাসরি সম্প্রচার করেছে ফক্স টেলিভিশন।
৪২ বছর বয়সী অ্যাইকিনস উড়োজাহাজ ও হেলিকপ্টার চালান। ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি প্রতিষ্ঠানে শিক্ষকতাও করেন। অনেক উঁচু থেকে ঝাঁপ দেওয়ার কলাকৌশল সেখানে শেখানো হয়। শনিবার ২৫ হাজার ফুট উঁচু থেকে ঝাঁপ দেওয়ার ঠিক আগে তিনি বলেন, ‘এই ঝাঁপ দেওয়ার নেপথ্যে যে বিজ্ঞান ও গণিত কাজ করে, তা খেয়াল করুন। আর আমরা আপনাদের দেখাব, কী করা সম্ভব।’
ঝাঁপ দেওয়ার নেশা অ্যাইকিনসের অনেক পুরোনো। তিনি শনিবারের আগেও ১৮ হাজারের বেশি বার আকাশ থেকে ঝাঁপ দিয়েছেন। তবে এত দিন জরুরি মুহূর্তের জন্য প্যারাস্যুট সঙ্গে রাখতেন। প্রথম এ রকম ঝাঁপ দেন মাত্র ১২ বছর বয়সে। আর প্রথম একা ঝাঁপ দেন ১৬ বছর বয়সে। অ্যাইকিনসের দাদারও একই নেশা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ফেরার পর তিনি স্কাইডাইভিং স্কুল খুলেছিলেন।