প্রকল্প ব্যয় বেড়েছে পাঁচ গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফৌজদারহাট-বায়েজিদ বোস্তামি সংযোগ সড়ক প্রকল্পের নতুন করে ব্যয় নির্ধারণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এক দশক আগে শুরু হওয়া এ প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৪০ কোটি টাকা। চার বছর আগে বন্ধ হয়ে যাওয়া এই প্রকল্পটি বাস্তবায়ন করতে ২০৪ কোটি টাকার নতুন বাজেট দিয়েছে সিডিএ। তবে জাতীয় অর্থনৈতিক কমিটিতে (একনেক) অনুমোদন না হওয়ায় পুনরায় শুরু হয়নি এই গুরুত্বপূর্ণ সড়কের কাজ।প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সূত্র জানায়, পাঁচ কিলোমিটার দীর্ঘ ফৌজদারহাট-বায়েজিদ বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প ১৯৯৯ সালে একনেকে অনুমোদিত হয়। তখন প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ৪০ কোটি টাকা। ২০০৪ সালে সড়কের নির্মাণকাজ শুরু হয়। তবে প্রকল্পের কাজ শুরু হওয়ার পর জমি নিয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন কর্তৃপক্ষের সঙ্গে সিডিএর বিরোধ দেখা দেয়। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশে প্রকল্পের নকশা পরিবর্তন করা হয়। এতে নতুন করে জমি অধিগ্রহণসহ নানা খাতে প্রকল্পের ব্যয় বেড়ে যায়। বর্তমানে প্রকল্পটির ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২০৪ কোটি টাকা।জানা গেছে, প্রকল্পের কাজ চার বছর ধরে বন্ধ আছে। নির্মাণকাজ শুরুর পর ফৌজদারহাট এলাকায় রেললাইনের ওপর একটি উড়ালসড়ক ও সড়কের কিছু অংশের কাজ হয়েছে। এ কাজ করতে তখন ব্যয় হয়েছিল ২৮ কোটি টাকা। এর মধ্যে পাহাড় কেটে নির্মাণ করা সড়কের অনেকাংশ ভেঙে গেছে। ওই সব স্থানের সড়কের কংক্রিট পাহাড়ি ঢলের পানিতে ধুয়ে চলে গেছে। ফৌজদারহাট-বায়েজিদ সংযোগ সড়কের প্রকল্প পরিচালক রাজীব দাশ প্রথম আলোকে জানান, ৪০ কোটি টাকার প্রকল্পটি নানা জটিলতার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। চলতি অর্থবছরে আবারও নতুনভাবে প্রকল্পটি হাতে নেওয়া হয়। নকশা পরিবর্তনের কারণে নতুন করে ২০ একর ভূমি অধিগ্রহণ করতে হবে। এ জন্য অতিরিক্ত ৬৭ কোটি টাকা ব্যয় হবে। এ ছাড়া সড়কটি চার লেনে উন্নীত করা, উড়ালসেতু নির্মাণসহ অবকাঠামো উন্নয়নে বর্ধিত ব্যয়সহ মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২০৪ কোটি টাকা। এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘সড়কটি গুরুত্বপূর্ণ হওয়ায় সিডিএর পক্ষ থেকে আবারও প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি এখন একনেকের অনুমোদনের অপেক্ষায় আছে। আশা করি, বর্তমান সরকারের আমলে সড়কটির কাজ আবার শুরু করতে পারব।’ উল্লেখ্য, তিন পার্বত্য জেলা ও দক্ষিণ চট্টগ্রামের যানবাহনগুলো যাতে দ্রুত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যেতে পারে—এ জন্য এই সংযোগ সড়কটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এই দুই অঞ্চলের গাড়িগুলো চট্টগ্রাম নগর অতিক্রম করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌঁছায়। এতে নগরে যানবাহনের চাপ বাড়ে এবং যানজটের সৃষ্টি হয়। সংযোগ সড়কটি তৈরি হলে পার্বত্য চট্টগ্রাম ও দক্ষিণ চট্টগ্রামের গাড়িগুলো দেড় থেকে দুই ঘণ্টা কম সময়ে ঢাকায় পৌঁছাবে।