প্রকাশনা উৎসবে গুণীর মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনের মঞ্চে আলো ছড়াচ্ছেন অতিথি-আলোচকেরা। দর্শকসারিতেও বসে আছেন নগরের আলোকিত-আলোচিত গুণী ব্যক্তিরা। সারগর্ভ আলোচনা, পারস্পরিক সৌহার্দ্য ও কুশল বিনিময়, ফুলেল শুভেচ্ছা ও বই বিকিকিনিতে জমজমাট হয়ে ওঠে অনুষ্ঠানটি। ১০ এপ্রিল বিকেলে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণাকর্মী মুহাম্মদ শামসুল হকের খ্যাতিমানদের নানা রঙের দিনগুলি ও স্বাধীনতার সশস্ত্র প্রস্তুতি, আগরতলা মামলার অপ্রকাশিত জবানবন্দি বইয়ের প্রকাশনা উৎসবের চিত্র এটি।উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। তিনি বলেন, ‘শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে চট্টগ্রাম রত্নগর্ভা। স্বাধীনতার ঘোষণা-সম্পর্কিত বইটি পড়ে মুহাম্মদ শামসুল হকের বিচার প্রবণতার প্রতি আকৃষ্ট হয়েছিলাম। তাঁর আগরতলা মামলার ওপর বইটি ইতিহাসের অংশ, প্রশংসনীয় উদ্যোগ। পরবর্তী ইতিহাসবিদদের বইটি বিশেষ কাজে লাগবে। খ্যাতিমানদের জীবনী নিয়ে তাঁদের কথায় যে বই প্রকাশিত হয়েছে সেটিও প্রকৃতপক্ষে চট্টগ্রামের সংস্কৃতি, ক্রীড়া, শিক্ষা ও রাজনীতির ইতিহাস।’নোবেলজয়ী ইউনূসকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করেন জানিয়ে তিনি বলেন, আবেগতাড়িত হয়ে বুদ্ধিজীবীদের কথা বলা উচিত নয়।উৎসবে নির্ধারিত আলোচক ছিলেন সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক হরিশংকর জলদাস ও আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ারা আলম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন অর্থনীতিবিদ মুহাম্মদ সিকান্দার খান, ক্রীড়া সংগঠক শায়েস্তা খান, ভাষাবিজ্ঞানী মনিরুজ্জামান, অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান, সাংবাদিক কাজী জাফরুল ইসলাম, কবি ও সাংবাদিক আবুল মোমেন, ওস্তাদ আজিজুল ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি নাজিমুদ্দিন শ্যামল।হরিশংকর জলদাস বলেন, ‘মুহাম্মদ শামসুল হকের রচনাশৈলী ও ভাষারীতি অসাধারণ। ইতিহাসের অবহেলিত ও অপ্রকাশিত দিক আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত সত্য উপস্থাপন করেছেন তিনি। বইটির ভাষা হূদয়গ্রাহী, আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রেখেছে। ২৬ জন খ্যাতিমানকে নিয়ে লেখা বইটিও অসাধারণ। এখানে কেউ কেউ খ্যাতির কথা উচ্চকণ্ঠে বলেছেন, কেউ মৃদুস্বরে আবার কেউ অহংকার মিশিয়ে। তবে নিচুস্বরে কথা বলেও পৃথিবী জয় করা যায়।’ অধ্যক্ষ আনোয়ারা আলম বলেন, মুহাম্মদ শামসুল হক খ্যাতিমানদের জীবনের অনেক নিরেট সত্যকে হূদয়গ্রাহী করে তুলে ধরেছেন নতুন প্রজন্মের সামনে। আলোড়ন সৃষ্টিকারী আগরতলা মামলা নিয়ে লেখা বইটিও ইতিহাসের দলিল হয়ে থাকবে। কবি আবুল মোমেন বলেন, অনেকে পেশায় থেকে সস্তা খ্যাতি ও অর্থের দিকে ছোটেন। শামসুল হক সেদিকে না গিয়ে নীরবে নিষ্ঠার সঙ্গে মুক্তিযুদ্ধসহ সমসাময়িক নানা বিষয়ের প্রকৃত ইতিহাস অনুসন্ধানে কাজ করে চলেছেন। অনুভূতি জানান গ্রন্থকার মুহাম্মদ শামসুল হক। তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধান অতিথি।