৬৮০ জন কর্মী নেবে এসএসএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এই প্রতিষ্ঠানটি দেশের ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগের মোট ২৭টি জেলায় সাড়ে ৫ লাখ পরিবারের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কর্মসূচি বাস্তবায়ন করছে। সম্প্রতি এই প্রতিষ্ঠানে ৫টি পদে মোট ৬৮০ জন লোক নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি গত ২০ এপ্রিলের প্রথম আলোর ১২ পৃষ্ঠায় পাওয়া যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে জোনাল ম্যানেজার পদে ৫ জন, এরিয়া ম্যানেজার পদে ২৫ জন, শাখা ব্যবস্থাপক পদে ৫০ জন, সহকারী শাখা ব্যবস্থাপক পদে ১০০ জন এবং সিনিয়র মাঠ সংগঠক পদে ৫০০ জনকে নিয়োগ করা হবে। এসব পদে আবেদন করতে হলে আবেদনকারীকে আগামী ২০ মের মধ্যে আবেদন করতে হবে।
জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাপক এবং সহকারী শাখা ব্যবস্থাপক পদে আবেদন করতে হলে প্রার্থীকে মাস্টার্স পাস হতে হবে। জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাপক পদের প্রার্থীদের ন্যূনতম তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আর সিনিয়র মাঠ সংগঠক পদের প্রার্থীরা স্নাতক পাস হলেই আবেদন করতে পারবেন। জোনাল ম্যানেজার পদের প্রার্থীদের বয়স ২০-০৫-১৬ তারিখে সর্বোচ্চ ৪৫ বছর, এরিয়া ম্যানেজার পদের প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছর, শাখা ব্যবস্থাপক পদের প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর থাকতে হবে। শুধু সহকারী শাখা ব্যবস্থাপক ও সিনিয়র মাঠ সংগঠক পদের প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার এবং শাখা ব্যবস্থাপক পদের প্রার্থীদের ক্ষেত্রে পিকেএসএফের সহযোগী প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পদভেদে প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় মৌলিক জ্ঞান ও মোটরসাইকেল/বাইসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব পদে আবেদন করতে হলে প্রার্থীদের পরিচালক মানবসম্পদ বিভাগ, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র পরিচালক, মানবসম্পদ বিভাগ, এসএসএস, প্রধান কার্যালয়, এসএসএস ভবন, ময়মনসিংহ রোড, পোস্ট বক্স নং ১০, টাঙ্গাইল ১৯০০ এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, সম্প্রতি তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের অনুকূলে জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার এবং শাখা ব্যবস্থাপক পদের প্রার্থীদের ২০০ টাকার (অফেরতযোগ্য) এবং সহকারী শাখা ব্যবস্থাপক ও সিনিয়র মাঠ সংগঠক পদের প্রার্থীদের ১০০ টাকার (অফেরতযোগ্য) পোস্টাল অর্ডার সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র যাচাই-বাছাই করার পর প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাপক এবং সহকারী শাখা ব্যবস্থাপক পদের প্রার্থীদের পরীক্ষা হবে এসএসএস প্রধান কার্যালয় টাঙ্গাইলে। আর সিনিয়র মাঠ সংগঠক পদের প্রার্থীদের পরীক্ষা হবে টাঙ্গাইল, কুমিল্লা ও চট্টগ্রামে। প্রার্থীদের মোবাইলের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। জোনাল ম্যানেজার পদের প্রার্থীদের বেতন শিক্ষানবিশকালে মাসিক সাকল্যে ৪০ হাজার ৫১৮ টাকা এবং নিয়মিতকরণের পর মোট ৫৩ হাজার ১৪ টাকা বেতন দেওয়া হবে। এরিয়া ম্যানেজার পদের প্রার্থীদের বেতন শিক্ষানবিশকালে ২৭ হাজার ৬৭০ টাকা এবং নিয়মিতকরণের পর মোট ৩৬ হাজার ১৭৭ টাকা বেতন দেওয়া হবে। অন্যদিকে শাখা ব্যবস্থাপক পদের প্রার্থীদের শিক্ষানবিশকালে মাসিক ২১ হাজার ৮৭৬ টাকা এবং নিয়মিতকরণের পর মোট ২৮ হাজার ২০১ টাকা বেতন দেওয়া হবে। সহকারী শাখা ব্যবস্থাপক পদের প্রার্থীদের প্রশিক্ষণকালে (৪ মাস) মাসিক বেতন ১০ হাজার টাকা, শিক্ষানবিশকালে (৬ মাস) মাসিক ১৮ হাজার ৪৫০ টাকা এবং নিয়মিতকরণের পর মোট ২৩ হাজার ৭৩৭ টাকা বেতন দেওয়া হবে। আর সিনিয়র মাঠ সংগঠক পদের প্রার্থীদের প্রশিক্ষণকালে (২ মাস) মাসিক ৮ হাজার টাকা, শিক্ষানবিশকালে (৬ মাস) ১৫ হাজার ৪৭৪ টাকা এবং নিয়মিতকরণের পর মোট ১৯ হাজার ৮২২ টাকা বেতন দেওয়া হবে। এ ছাড়া নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের সংস্থার চাকরিবিধি অনুযায়ী কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, অর্জিত ছুটি, ২টি উৎসব বোনাস, ২টি পারফরম্যান্স বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, লাঞ্চ ভাতাসহ ইত্যাদি সুবিধা দেওয়া হবে।