প্রকাশিত সংবাদের প্রতিবাদ
১৬ নভেম্বর প্রথম আলোর ক্রোড়পত্র ‘আমার চট্টগ্রাম’–এর চতুর্থ পাতায় ‘বাঘাইছড়িতে ২২ প্রকল্পের হদিস নেই’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি বিভ্রান্তিকর। প্রতিবেদনে ২০১৩-১৪ অর্থবছরে এডিপির আওতায় এক কোটি ২৮ লাখ টাকা ব্যয় ধরে ৩২টি প্রকল্পের কথা বলা হলেও বাস্তবে প্রকল্পের সংখ্যা ২৯টি। যার মোট প্রাক্কলিত ব্যয় ৮০ লাখ ৮৭ হাজার ৭৪৬ টাকা। ওই কাজের চতুর্থ কিস্তিতে ২৫ লাখ ৮৪ হাজার টাকা বরাদ্দ না পাওয়ায় সাতটি প্রকল্পের কাজ শেষ হয়নি। তবে এসব প্রকল্প চলমান আছে।
ওই প্রতিবেদনে যেসব প্রকল্পের উল্লেখ করা হয়েছে তার মধ্যে বটতলী রাবারবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কার, রূপকারী ছড়ার ওপর কাঠের সেতু নির্মাণ, বঙ্গলতলী ইউনিয়নে হাগলাছড়া ছড়ার ওপর কাঠের সেতু নির্মাণ, সাজেক সমিতি কার্যালয় সংস্কার, লক্ষ্মীছড়ি ছড়ার ওপর কাঠের সেতু নির্মাণ, গঙ্গারাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসবাবপত্র সরবরাহ, ব্যাটলিং থেকে তিন সীমানা পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ ২০১৩-১৪ অর্থবছরে বাঘাইছড়ি উপজেলার এডিপির আওতায় গৃহীত হয়েছে। যার মধ্যে তিনটি প্রকল্প চলমান আছে এবং চারটি প্রকল্পের কাজ বাস্তবায়িত হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনটি প্রকল্পের আশপাশের লোকজন, প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের তথ্য ও অভিযোগের ভিত্তিতে করা হয়েছে। তা ছাড়া উপজেলা প্রকৌশলী মো. জিয়াউল হক অধিকাংশ প্রকল্প কাগজে–কলমে ঠিক থাকলেও বাস্তবে তা নেই বলে স্বীকার করেছেন।