প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২২ আগস্ট আলোকিত চট্টগ্রামের দ্বিতীয় পৃষ্ঠায় প্রকাশিত ‘নাইক্ষ্যংছড়ি থানার ওসির বিরুদ্ধে মামলা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নাইক্ষ্যংছড়ির চাকঢালা গ্রামের আলী হোছেন। প্রতিবাদপত্রে প্রকাশিত সংবাদ সত্য নয় দাবি করে তিনি উল্লেখ করেন, ‘স্থানীয় এমদাদ মিয়া ও বেদারুল আলমের বিরুদ্ধে বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাতের অভিযোগ করি নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হকের কাছে। ওসি উভয়পক্ষকে থানায় ডেকে ঘটনা মীমাংসা করে ফেলার পরামর্শ দেন। এরই প্রেক্ষিতে গত ১৬ আগস্ট সালিস বসে। এতে এমদাদ মিয়া ওই সময় এক লাখ টাকার একটি ব্যাংক চেক দেন। বাকি টাকা তিন কিস্তিতে নভেম্বরের মধ্যে পরিশোধের লিখিত অঙ্গীকার করেন। কিন্তু ওইদিন কুচক্রীমহলের যোগসাজশে এমদাদ মিয়া টাকা আত্মসাৎ ও হয়রানির উদ্দেশ্যে বান্দরবান আদালতে আমি ও ওসি জহিরুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজ্জু করেন। টাকা আত্মসাতের প্রতিকার চেয়ে আমিও একই আদালতে এমদাদ মিয়া ও বেদারুল আলমের বিরুদ্ধে মামলা করি। অথচ প্রকাশিত ওই সংবাদে এ সম্পর্কে কিছুই উল্লেখ করা হয়নি।’ প্রতিবেদকের বক্তব্যএমদাদ মিয়ার দায়ের করা মামলার এজাহার ও অন্য সূত্রে পাওয়া তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু ওসি মামলার ব্যাপারে কিছুই জানাতে পারেননি।