প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা আলোকিত চট্টগ্রামের ২৯ জানুয়ারি প্রকাশিত ‘মহিলাশূন্য সংখ্যালঘু গ্রাম’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ওসমান গণী। এক পৃষ্ঠার লিখিত প্রতিবাদে তিনি বলেন, ‘হামিদ উল্লাহ নামে মহেশখালী ও কক্সবাজারে কোনো সাংবাদিক নেই। আমার সঙ্গে এ নামের কোনো সাংবাদিকের কথা হয়নি। আমি সন্ত্রাসী বাহিনীর ইন্ধনদাতা হলে স্থানীয় সাংবাদিকেরা এই রিপোর্ট করতে পারত। কিন্তু এত দিন আমার বিরুদ্ধে এ রকম কোনো রিপোর্ট প্রকাশিত হয়নি।’ তিনি তাঁর প্রতিবাদে প্রতিবেদনটিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। তবে প্রকাশিত সংবাদের ঘটনাকে তিনি সত্য বলেও উল্লেখ করেন। প্রতিবাদ পত্রের এক জায়গায় তিনি উল্লেখ করেন, প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা গৃহবধূ ধর্ষণ, স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণ এবং সন্ত্রাসী বজল বাহিনীর কর্মকাণ্ডের ঘটনা সঠিক। প্রতিবেদনে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কাশেমের কথা উল্লেখ করে বলেন, ‘তাঁর কথা অনুযায়ী আমাকে সন্ত্রাসী বজল বাহিনীর সহযোগী, কাল্পনিক ইন্ধনদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।’ প্রতিবেদকের বক্তব্য: গত ১১ জানুয়ারি মোবাইল ফোনে ওসমান গণীর সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। এ সময় প্রতিবেদকের পরিচয় দিয়েই তাঁর সঙ্গে কথা হয়। প্রতিবেদনে তাঁকে বজল বাহিনীর ইন্ধনদাতা হিসেবে কোথাও উল্লেখ করা হয়নি, বলা হয়েছে সম্পর্ক আছে। তা ছাড়া প্রতিবাদে তিনি নিজেই গৃহবধূ ধর্ষণ, স্কুলপড়ুয়া মেয়ে অপহরণসহ প্রতিবেদনের সবকিছুই সঠিক বলে মেনে নিয়েছেন।