প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
গত ২৫ এপ্রিল প্রথম আলোর ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামের তৃতীয় পৃষ্ঠায় প্রকাশিত ‘বিদায়ী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মিরসরাই থেকে বদলি হওয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ। এতে তিনি জানান, ওয়েব সাইট খোলার ব্যাপারে তিনি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন মাত্র, অর্থ লেনদেনের কথা ঠিক নয়। বদলি হওয়ার পর তিনটি নিয়োগ পরীক্ষার দুটিতে তিনি জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী উপস্থিত ছিলেন। তাঁর দাবি, শিল্পমন্ত্রীর দেওয়া কম্পিউটারটি শিক্ষা অফিসে সংরক্ষিত রয়েছে। সংবাদটি একপেশে ও তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি। প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদন তৈরির আগে শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। ওয়েব সাইট খোলার জন্য টাকা নেওয়ার কথা তখন তিনি স্বীকার করেছিলেন। শিক্ষা অফিসের দুজন কর্মচারী জানান, শিক্ষা কর্মকর্তার নির্দেশে তাঁরা প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে টাকা নিয়ে তাঁকে (শিক্ষা কর্মকর্তাকে) দিয়েছেন। দুটি নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশের বিষয়টি তখন তিনি এ প্রতিবেদককে বলেননি। শিক্ষা অফিসে মন্ত্রীর দেওয়া কম্পিউটারটি ছিল এলসিডি মনিটরের। কিন্তু বর্তমানে শিক্ষা অফিসে থাকা দুটি কম্পিউটারের একটি ঝুলনপুল উচ্চবিদ্যালয়ের, অন্যটি ধার করে আনা। এ ছাড়া কোনো এলসিডি মনিটর নেই। প্রতিবেদনে মো. ইউনুছের বক্তব্য ছাপা হয়েছে।