প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
প্রথম আলোর আঞ্চলিক ক্রোড়পত্র আমার চট্টগ্রামের ১৪ জানুয়ারির সংখ্যায় প্রকাশিত ‘গর্জনের বুকে দস্যুদের করাত’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা এ বি এস জসিম উদ্দিন। প্রতিবাদপত্রে তিনি দাবি করেন, গত তিন মাসে ডুলাহাজারা বিটে সাত থেকে আটটি গাছ কাটা পড়েছে। এসবের ৯০ শতাংশ গাছ উদ্ধার হয়েছে। তা ছাড়া তিন মাসে (অক্টোবর থেকে ডিসেম্বর) দেড় শতাধিক গর্জন ও সামাজিক বনায়নের এক হাজার একাশিয়া গাছ কেটে নেওয়ার ঘটনা সত্য নয়। অর্ধেক কাটা গাছের যে ছবি প্রকাশিত হয়েছে সেটিতে করাত চালানো হয়েছে অনেক আগে।
প্রতিবেদকের বক্তব্য: সরেজমিনে ঘুরে এবং স্থানীয় জনপ্রতিনিধি, বাসিন্দা ও কাঠুরিয়াদের সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে প্রতিবাদকারী রেঞ্জ কর্মকর্তার বক্তব্যও রয়েছে। জানতে চাইলে তিনি কত গাছ কাটা পড়েছে তার কোনো হিসাব দিতে পারেননি। তা ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারাই জানান, অর্ধেক কাটা গর্জন গাছটিতে নভেম্বরের প্রথম সপ্তাহে করাত চালায় দস্যুরা। কিন্তু জানাজানি হয়ে গেলে তারা গাছটি না কেটে চলে যায়।
এদিকে প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পরও সোয়াজানিয়া এলাকা থেকে দুটি ও পূর্ব ডুমখালী থেকে একটি গর্জনগাছ এবং ডুলাহাজারা বনবিট কার্যালয়ের পাশ থেকে দুটি বড় জামগাছ কেটে নিয়েছে দস্যুরা।