প্রকাশ্যে আওয়ামী লীগ-বিএনপি আড়ালে দুই পরিবারের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রার্থীদের একজন সরকারদলীয় সাংসদের শ্যালক, অপরজন বিএনপির নেতা ও সাবেক সাংসদের ছেলে। দুই প্রার্থীই নির্বাচন করছেন দলীয় প্রতীক নিয়ে। সে কারণে নির্বাচনী মাঠে প্রকাশ্যে আসছে আওয়ামী লীগ বনাম বিএনপির লড়াইয়ের বিষয়টি। তবে এর আড়ালে চলছে দুই প্রভাবশালী পরিবারের ভোটযুদ্ধ।
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের চিত্র এটি। এই ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী আছেন দুজন। তাঁদের একজন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগের দলীয় সাংসদ আবদুর রহমান বদির শ্যালক জাহাঙ্গীর কবির চৌধুরী। জাহাঙ্গীর রাজাপালং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অপর প্রার্থী হলেন সাবেক সাংসদ ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর মেেজা ছেলে তারেক মাহমুদ চৌধুরী। জাহাঙ্গীর দলীয় প্রতীক নৌকা ও তারেক ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাজাপালংসহ উখিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৪ জুন। ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৬৩৪। এর মধ্যে ১৭ হাজার ২৩৮ পুরুষ ও ১৬ হাজার ৩৯৬ জন নারী ভোটার রয়েছেন। ২০ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
গত বারের ইউনিয়ন পরিষদের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল মূলত এই দুই পরিবারের মধ্যেই। সেবার শাহজাহান চৌধুরীর ছোট ভাই শাহ কামাল চৌধুরীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন সাংসদ বদির শ্যালক জাহাঙ্গীর কবির চৌধুরী। আর এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন শাহজাহান চৌধুরীর ছেলে তারেক মাহমুদ চৌধুরী। ছেলের পক্ষে মাঠে আছেন শাহজাহান চৌধুরী।
দুই পরিবারের লড়াই নিয়ে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ইউনিয়নের হরিণমারার বাসিন্দা নুরুল আমিন ও খলিলুর রহমান বলেন, জাহাঙ্গীর কবির চৌধুরী এলাকায় উন্নয়ন করেছেন। এ জন্য তাঁর জনসমর্থন রয়েছে। তবে সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীরও সমর্থকের সংখ্যা কম নয়। তাই ভোটে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন তাঁরা।
তবে নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টি হয়নি বলে অভিযোগ বিএনপির নেতা শাহজাহান চৌধুরীর। তিনি প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেন, সাংসদ আবদুর রহমান বদি নির্বাচনী মাঠে থেকে শ্যালক জাহাঙ্গীর কবির চৌধুরীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রাতের বেলা ভোটারদের সঙ্গে গণসংযোগ করছেন। সর্বশেষ ১৬ মে রাতে তিনি তাঁর শ্বশুরবাড়ি ফলিয়াপাড়ায় উঠান বৈঠক করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে কোনো লিখিত অভিযোগ করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি ভাবছেন। এ ব্যাপারে কয়েক দিনের মধ্যেই তিনি অভিযোগ করবেন।
অভিযোগের বিষয়ে সাংসদ আবদুর রহমান বদির বক্তব্য জানতে গত বুধবার দুপুরে মুঠোফোনে বারবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। তবে শাহজাহান চৌধুরীর এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর কবির চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, এলাকায় বিপুল জনসমর্থন দেখে বিএনপির প্রার্থীর লোকজন অপপ্রচার চালিয়ে ভোটারদের বিভ্রান্ত করছেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সাংসদ বদি রাতে উখিয়ায় অবস্থান করছেন না। তিনি শুধু দিনের বেলায় প্রশাসনিক কাজে রাজাপালং ইউনিয়নে আসছেন। কোনো প্রার্থীর পক্ষেই প্রচারণায় অংশ নেননি তিনি।
টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উখিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা মো. নুরুল ইসলামকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, স্থানীয় সাংসদ যদি ওই এলাকার ভোটার হন, তবে তিনি এলাকায় এসে ভোট দিতে পারবেন। কিন্তু নির্বাচনী কাজে অংশ নিতে পারবেন না। সাংসদ বদি এই ইউনিয়নের ভোটার নন। তবে তিনি এলাকায় এসে প্রচারণা চালাচ্ছেন এমন কোনো লিখিত অভিযোগ কেউ এখনো দেয়নি। দিলে সে বিষয়টি বিবেচনা করা হবে।