প্রকৃতিই বলবে শেষ কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্রাট লর্ড খ্যাং-এর রাজ্যে দেখা দিয়েছে সর্বনাশা প্লাবন। নগর ও গ্রামকে রক্ষার জন্য যে বাঁধ দেওয়া হয়েছে তা ভেঙে পড়তে পারে যেকোনো সময়। বাঁধের একটি মুখ খুলে দিলে ভেসে যাবে একটি জনপদ, বাঁচবে অন্যটি। কিন্তু শহর না গ্রাম কোনটিকে রক্ষা করা হবে? ফরাসি নারীবাদী লেখিকা ও নাট্যকার হেলেন সিক্সাসের রূপকাশ্রয়ী নাটক ড্রামস অন দ্য ড্যাম মূলত একটি পরিবেশবাদী নাটক। অবাধ বাণিজ্যের প্রয়োজনে মানুষের বিনাশী হাত প্রকৃতিকে ধ্বংস করলে কী পরিণতি হতে পারে তাই দেখানো হয়েছে এই নাটকে। সিক্সাসের নব্য ক্লাসিক্যালধর্মী এই নাটক বাংলায় রূপান্তর হয়েছে বাঁধ নামে। অসীম রায়ের নির্দেশনায় ফেইম স্কুল অব ড্যান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের নাট্যকলা শাখা ১৪ অক্টোবর নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মঞ্চায়িত করল নাটকটি।সম্রাট লর্ড খ্যাং একজন দুর্বলচিত্তের শাসক। তাঁর দুর্বলতার সুযোগ নিয়ে ক্ষমতাধর হয়ে ওঠে তাঁর ভাইপো হান। লোভী হান করাতকলগুলোর জন্য একে একে বন উজাড় করার ফলে রাজ্যে মহাপ্লাবনের মতো দুর্যোগ দেখা দেয় । নদীর পানি বাড়তে থাকলে নিষ্ঠুর হান গ্রাম রক্ষার জন্য তৈরি বাঁধটি উড়িয়ে দেওয়ার ফন্দি আঁটে। এতে নগর রক্ষাকারী বাঁধটি ক্ষতির হাত থেকে রক্ষা পাবে এবং ধ্বংসের হাত থেকে বাঁচবে শহর ও হানের ব্যবসাপ্রতিষ্ঠান।হানের এই ষড়যন্ত্রে রুখে দাঁড়ায় গ্রামবাসী। রাজ্যের সাহসী কন্যা ডাওয়ের নেতৃত্বে তৈরি হয় যোদ্ধাদল। যারা গ্রামরক্ষার জন্য বাঁধ পাহারা দেবে এবং বাঁধে ফাটল দেখা দিলে ড্রাম বাজিয়ে সতর্ক করবে ঘুমন্ত গ্রামবাসীকে। এই দলের সঙ্গে যোগ দেন বীরযোদ্ধা ওয়াং পো। শান্তির জনপদ খ্যাং রাজার রাজ্যে দেখা দেয় হানাহানি, রক্তপাত। চলতে থাকে হিংসা ও প্রতিশোধের খেলা। শেষমেশ মানুষের শুভবুদ্ধির করুণ পরাজয় ঘটে। সর্বনাশা বন্যা ভাসিয়ে নিয়ে যায় গ্রাম, শহর দুই জনপদকেই।কাহিনি, অভিনয়, আলোকসম্পাত, পোশাকভাবনা ও কোরিওগ্রাফি সবদিক থেকেই নতুনত্ব ছিল নাটকটিতে। নাটকের চরিত্রগুলোকে সাজানো হয়েছিল জাপানি পুতুলের মতো। পোশাকপরিচ্ছদ, চলনে-বলনেও ছিল পুতুলের ভঙ্গি। সবাই অদৃশ্য সুতোয় বাঁধা, একজন পুতুল নাচিয়ে (পাপেটিয়ার) আড়ালে তাঁদের নিয়ে যেন খেলছেন। কোরিওগ্রাফিতে মার্শাল আর্টের ব্যবহার, আবহে দূরপ্রাচ্যের সংগীত নাটকে অন্যমাত্রা যোগ করেছে।সমাজের উচ্চ শ্রেণীর মানুষের ক্ষমতার লোভ, উচ্চাভিলাষ, দুর্নীতি আর তার বিপরীতে সহজ-সরল খেটে খাওয়া মানুষের বাঁচার আকাঙ্ক্ষা চিত্রিত হয়েছে এই নাটকে। আজকের প্রকৃতি বিযুক্ত বিশ্বব্যবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে এই জিজ্ঞাসাটা ভালোভাবেই দর্শকদের মধ্যে উসকে দিতে পেরেছেন ফেইমের কুশীলবেরা।