প্রকৃতির অনাবিল হাতছানি নাইক্ষ্যংছড়ি শৈলশোভা হ্রদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজ পাহাড়ে ঘেরা নাইক্ষ্যংছড়ির হ্রদ বারবার কাছে টানে মানুষকে। এখানে আসা পর্যটকেরা হ্রদের স্বচ্ছ জলে নৌকায় ঘুরে বেড়ানো, ঝুলন্ত সেতু দিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়া, আদিবাসীদের পাহাড়ি জীবন দেখার অভিজ্ঞতার কথা ভুলতে পারেন না। কিন্তু সরকারি উদ্যোগ ও প্রচারণার অভাবে এখানে পর্যটনশিল্পের আশানুরূপ বিকাশ ঘটেনি। দেশের ভ্রমণবিলাসী অনেক মানুষের কাছে নাইক্ষ্যংছড়ির কথা অজানাই রয়ে গেছে। কীভাবে যাবেনঢাকা বা চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী বাসে নাইক্ষ্যংছড়ি যাওয়া যায়। নামতে হবে কক্সবাজারের ১৫ কিলোমিটার আগে রামু বাইপাসে। বাইপাসে পৌঁছার এক কিলোমিটার আগে থেকে রাস্তার দুই ধারে সারি সারি ঝাউগাছ জানিয়ে দেবে আপনি রামু পৌঁছে গেছেন। বাইপাস অথবা চৌমুহনী স্টেশনে এসে ট্যাক্সি, মাইক্রোবাস, জিপ, চান্দের গাড়ি করে আধা ঘণ্টায় পৌঁছানো যায় নাইক্ষ্যংছড়িতে। যেতে যেতে দেখা হবে অনেক কিছুযেতে যেতেই পথে দেখা হয়ে যাবে রামুর বিখ্যাত রাবার বাগান, পাহাড় চূড়ার বিশালাকার জাদি (বৌদ্ধ মন্দির) আর কাউয়ারখোপ বাজার পেরিয়েই দেখা যায় বাঁকখালী নদী। পাহাড় আর সবুজ খেতের মাঝ দিয়ে চলে গেছে নদীটি। কী দেখা যায় পাহাড়চূড়ায়নাইক্ষ্যংছড়ি ঢুকেই আপনি দেখবেন ছোট ছোট পাহাড় আর পাহাড়ের ওপর বসতবাড়িসহ নানান স্থাপনা। আর সবকিছু ঘিরে আছে সবুজ আর সবুজ। নাইক্ষ্যংছড়ি শৈলশোভা পর্যটনকেন্দ্রটিও পাহাড়চূড়ায়। তবে এখানে ওঠার রাস্তাটি এখনো পুরোপুরি পাকা হয়নি। তাই হেঁটেই উঠতে হয়। আর তাই ওপরে উঠতে একটু কষ্ট মেনে নিতে হয়। তবে চারপাশের গহিন বন পেরিয়ে কষ্ট সহ্য করে ওপরে উঠেই চোখে পড়ে হ্রদের অসাধারণ সৌন্দর্য। স্বপ্নের হ্রদে ঝুলছে ব্রিজবড় বড় সেগুনগাছে ছেয়ে আছে গোটা পাহাড়। পাহাড়ের দুই দিক থেকে সারি সারি সিঁড়ি নেমে গেছে নিচের দিকে হ্রদের বুকে। প্রায় ১০০ ফুট নিচে হ্রদ বা লেক, যেতে যেতে হারিয়ে গেছে পাহাড়ের মাঝে। ওপর থেকে হ্রদের স্বচ্ছ পানি দেখায় গাঢ় নীল। আর সেই নীলের ওপর ঝুলছে অসাধারণ সুন্দর ব্রিজটি। দূর থেকে দেখে মনে হয় ব্রিজের ঠিক মাঝখানটা লেগে গেছে পানির সঙ্গে। ব্রিজ পার হয়ে ওপারে পাহাড় বেয়ে কিছুদূর গেলেই দেখা যায় উপজাতীয় পল্লি, মার্মাপাড়া। পর্যটনসুবিধা বাড়ানো দরকারস্থানীয় বাসিন্দা কলেজশিক্ষক জসিম উদ্দিন ও স্কুলশিক্ষিকা মোমেনা আক্তার বলেন, অপার সম্ভাবনা সত্ত্বেও সরকারের অবহেলার কারণে এখানে পর্যটনের বিকাশ হচ্ছে না। নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম ডিগ্রি কলেজের প্রভাষক নীলোৎপল বড়ুয়া বলেন, ‘লেকের ওপরে পরিকল্পিত বসার স্থান, শৌচাগার, খাবার পানির ব্যবস্থা, এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা গেলে এখানে পর্যটকদের আগমন বহুগুণ বাড়বে।’