প্রকৃতির কাছাকাছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেতরে ঢুকতেই সোজা তাকালে চোখে পড়বে দেয়ালের ওপর কুমির। কুমিরের সামনেই ব্যাঙ ও কাঁকড়া। যেন কুমিরটি ধাওয়া করছে তাদের। দেয়ালে ঝোলানো ওই প্রাণীগুলো যে প্রাণহীন তা বোঝার জন্য একটু এগিয়ে যেতে হবে। বসতে হবে কিছু সময়। সব ধরনের বন্যপ্রাণী ও প্রকৃতি-পরিবেশ সম্পর্কে জানার এক সুন্দর ও মনোরম জায়গা ঢাকার মালিবাগের এই নওয়াজেশ নলেজ সেন্টার। ইট-পাথরের এই শহরেই যে পরিবেশ ও বন্যপ্রাণী নিয়ে এত বড় আয়োজন তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। একপাশে দেয়ালের সঙ্গে লাগানো বুকশেলফে সাজানো রয়েছে বইয়ের সারি, সিডি, ডিভিডি। আরেক পাশে বেশ কয়েকটি কম্পিউটার। কম্পিউটারেও রয়েছে অসংখ্য ই-বুক। এখানে পরিবেশ ও বন্যপ্রাণী নিয়ে পাঁচ হাজারেরও বেশি বই ও প্রামাণ্যচিত্র, অনলাইন জার্নাল রয়েছে। যাঁরা প্রকৃতিকে ভালোবাসেন, যাঁদের প্রকৃতি নিয়ে জানা ও গবেষণার আগ্রহ রয়েছে তাঁদের জন্য তো বটেই, সব শ্রেণী ও বয়সী মানুষের জন্য চালু করা হয়েছে এই নলেজ সেন্টারটি। ‘এসো প্রকৃতিকে জানি, ভালোবাসি ও রক্ষা করতে এগিয়ে আসি’—এই মূলমন্ত্র নিয়ে ২০১১ সালের মার্চ মাসে নওয়াজেশ নলেজ সেন্টারের পথচলা শুরু হয়। মাত্র এক বছরেই এটি প্রকৃতিপ্রেমীদের কাছে হয়ে উঠেছে প্রকৃতিকে জানার, শেখার ও গবেষণার জন্য তথ্যের অন্যতম তীর্থ। মজার ব্যাপার হলো, শুধু এলাম, বসলাম, বই পড়লাম—এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে এই নলেজ সেন্টারের কার্যক্রম সীমাবদ্ধ নেই। আর না থাকার পেছনেও রয়েছে নলেজ সেন্টারটির পেছনের একদল তরুণের অদম্য ইচ্ছাশক্তি।এখানে প্রায়ই আয়োজন করা হয় বিতর্ক প্রতিযোগিতা, অভিজ্ঞতাবিনিয়ম, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সেমিনার, কর্মশালা ও কুইজ। লেখালেখি বা ছবি তোলার বিভিন্ন আয়োজনেও রয়েছে তাদের অংশগ্রহণ। এ ছাড়া এখানকার সদস্যরা প্রকৃতিকে কাছ থেকে জানা ও বোঝার জন্য আয়োজন করে নিয়মিত ফিল্ড ট্রিপ। এই নলেজ সেন্টারের সদস্য হলেই এ ধরনের সব আয়োজনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। সদস্য হওয়ার জন্য কোনো ফি লাগে না। পাসপোর্ট আকারের একটি ছবি নিয়ে পরিচয় পত্রের জন্য ৫০ টাকা জমা দিলেই হলো। এখন দেশি-বিদেশি মিলিয়ে প্রায় তিন শতাধিক সদস্য রয়েছে। নলেজ সেন্টারের ভেতরে একসঙ্গে ২০ জন বসে তাদের পড়াশোনা ও গবেষণার কাজ চালাতে পারেন। শুক্র ও শনিবার ছাড়া অন্যদিন সকাল ১০ থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এটি খোলা থাকে। নওয়াজেশ নলেজ সেন্টার সম্পর্কে এখানকার কর্মসূচি কর্মকর্তা শারমীন বুলবুল বলেন, ‘প্রকৃতি নিয়ে এত আয়োজনের পেছনে স্বপ্ন একটাই—কোনো একদিন এই সেন্টার থেকে বেরিয়ে আসবে এমন একদল মানুষ যারা আর দশজনের মতো নির্বিকার থাকবে না, বরং নিজেরা দায়িত্ব নিয়ে প্রকৃতি নিয়ে ভাববে, তাকে রক্ষা করতে সবাইকে উদ্বুদ্ধ করবে আর প্রকৃতিকে মেখে দেবে চিরসবুজ রঙে। এমনই স্বপ্ন দেখেছিলেন আমাদের সবার পরিচিত, বাংলাদেশের আলোকচিত্রের পথিকৃৎ নওয়াজেশ আহমেদ। আর সেই স্বপ্নেরই বাস্তবায়ন এই নওয়াজেশ নলেজ সেন্টার।’ তিনি জানান, নওয়াজেশ নলেজ সেন্টারটি বর্তমানে জিওলজিক্যাল সোসাইটি অব লন্ডন ও ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশের সহায়তায় পরিচালিত হচ্ছে। যা সম্পূর্ণ অলাভজনক একটি প্রতিষ্ঠান। যোগাযোগ: ৮৩১৫৪৪৭ই-মেইল: [email protected]