প্রকৃতির কোলে প্রাণের মেলা
দুই পাশে পাহাড়। মাঝখানে সড়ক। পাহাড় কেটে তৈরি বলে এ সড়কের নামও ‘কাটা পাহাড় রাস্তা’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ এটি। ক্যাম্পাসে শাটল ট্রেন পৌঁছাতেই মুখর হয়ে ওঠে এ সড়ক। অবশ্য প্রকৃতি সব সময় মুখর করে রাখে এ স্থানটি। দুই পাশের পাহাড়ে হরিণের ছোটাছুটি আর বিভিন্ন প্রজাতির পাখিদের কিচির-মিচির শব্দ ঢোকার মুখেই মনটা ভালো করে দেবে। প্রকৃতির সন্তান হিসেবে যেমন ক্যাম্পাসকে রাঙানো হয়েছে, তেমনি সাজানো হয়েছে ইতিহাসের আলোকে। চলুন ঘুরে আসা যাক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।মিলনকেন্দ্র ‘ঝুপড়ি’বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যর আরেক অংশ কলা অনুষদের ঝুপড়ি। নামে কলা অনুষদের ঝুপড়ি হলেও এ স্থান নিয়মিত জমজমাট থাকে সব অনুষদের শিক্ষার্থীদের পদচারণায়। শিক্ষার্থীদের আড্ডায় সারা দিন মুখর থাকে এ ঝুপড়ি। আবার এ ঝুপড়িতেই বসে বিভিন্ন ছাত্র সংগঠনের মিলনমেলা। রাজপথে একে অপরের শত্রু হলেও ঝুপড়িতে বসে বন্ধু বনে যায় সবাই।পাহাড়ের বুকে প্রাকৃতিক ঝরনা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে পাহাড়ি রাস্তা। রাস্তা শেষে ঝরনা। অঝোর ধারায় পড়ছে পানি আর পানি। ঝরনা সৌন্দর্যে বিমোহিত হয়ে যাবেন যে কেউ। চাইলে করে ফেলতে পারেন স্নান। ঝুলন্ত সেতুশহীদ মিনার থেকে ২০০ গজ উত্তরে গেলেই চোখে পড়বে সমাজবিজ্ঞান অনুষদের পাশের লেকের ওপর কিছু ছেলেমেয়ে হইচই করছে। কাছে গিয়ে দেখবেন যেন এক খণ্ড রাঙামাটি! ‘রাঙামাটির সেই ঝুলন্ত সেতু শুধু সেখানেই নয় আছে এই ক্যাম্পাসেও! এখানে দুলতে দুলতে যেন ফিরে যেতে পারেন দুরন্ত শৈশবের কাছে।বিশ্ব শান্তি প্যাগোডাবিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে অপূর্ব স্থাপত্যের নিদর্শন বিশ্ব শান্তি প্যাগোডা। বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধধর্মাবলম্বী ছাত্রদের থাকার জন্য এখানে গড়ে ওঠেছে ছাত্রাবাস। প্রার্থনার জন্য রয়েছে প্যাগোডাও। লাল ইটের গাঁথুনির এই প্যাগোডা দেখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও আসেন অনেক দর্শনার্থী।গোল পুকুরএবার উত্তর ক্যাম্পাস থেকে চলে আসুন দক্ষিণ ক্যাম্পাসে। যাওয়ার পথটা যেন একটু সুড়ঙ্গ টাইপের। পথের দুই পাশে বিশাল বিশাল পাহাড়। তীব্র গরমের দিনেও শীতল হাওয়া বয়ে যাবে আপনার শরীরে। পথ পেরোলেই গোল পুকুর। চোখ জুড়িয়ে যায় স্বচ্ছ নীল পানিতে। চারপাশ শান্ত নীরব। এ নিরিবিলি পরিবেশে জমিয়ে আড্ডা দিতে পারেন প্রিয় মানুষের সঙ্গে। বৈচিত্র্যময় উদ্ভিদ উদ্যানশহীদ মিনারের বাঁ পাশের পথ ধরে সোজা দক্ষিণ দিকে কিছুক্ষণ হাঁটলেই পৌঁছে যাবেন উদ্ভিদ উদ্যানে। প্রবেশপথে সারি সারি ফুলের গাছ আপনাকে স্বাগত জানাবে। এ উদ্ভিদ উদ্যানে রয়েছে অনেক প্রকার ঔষধি গাছ। আছে অন্যান্য প্রজাতির উদ্ভিদও। এখানে দেখতে পাবেন বিরল প্রজাতির অর্কিড। শিক্ষার্থীদের অনেকেই দল বেঁধে ঘুরতে আসেন এখানে । আবার অনেকে ছুটে আসেন বাইরে থেকেও।ইতিহাসের সাক্ষী জাদুঘরএবার চলুন, ইতিহাসের পথে। রাজা আছেন, আছেন রানীও। ঢাল, তলোয়ার, কামান সবই আছে সাজানো-গোছনো। রাজা-রানী থাকার পালঙ্কও আছে এক কোণে। শুধু এ সবই নয়—প্রত্নতাত্ত্বিক নির্দশন আর হাজার বছরের বাঙালি ঐতিহ্যের নানা সব দুর্লভ জিনিস নিয়ে সাজানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের চিত্র এমনই। ১৯৭৩ সালের ১৪ জুন চট্টগ্রাম শহরের শিল্পকলা একাডেমীতে স্বল্প পরিসরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর যাত্রা শুরু করে।এরপর ১৯৯২ সালের ১০ আগস্ট স্থায়ী প্রদর্শনীর জন্য বর্তমান বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার ভবনের পশ্চিম পাশে বড় পরিসরে দ্বিতল ভবনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর। যা নতুন ভর্তি হতে আসা শিক্ষার্থীদের কৌতূহল অনেক বেশি বাড়িয়ে দেয়।শহীদদের স্মরণে ‘স্মরণ’ মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারী দেশের জন্য তাঁদের জীবন উৎসর্গ করেন। তাঁদের সাতজনের স্মরণে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তম্ভ ‘স্মরণ’। শহীদ মিনার ও বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ বিশ্ববিদ্যালয়ের মূল কেন্দ্রে পাশাপাশি দাঁড়িয়ে আছে শহীদ মিনার ও বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ। কাটা পাহাড় রাস্তা শেষেই শহীদ মিনার। অপরাজেয় বাংলাখ্যাত বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ শিক্ষক সৈয়দ আবদুল্লাহ খালিদের আরেক কীর্তি। শহীদ মিনারের বিপরীতি পাশে রয়েছে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ। মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। এ স্মৃতিস্তম্ভের সামনের চত্বরটি শিক্ষার্থীদের কাছে পরিচিত বুদ্ধিজীবী চত্ত্বর হিসেবে। স্বাধীনতা ম্যুরাল বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে তৈরি করা হয়েছে স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতা নিয়ে ম্যুরাল চিত্র। যা স্বাধীনতা ম্যুরেল নামে পরিচিত। চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক সৈয়দ সাইফুল কবির এর নকশা করেন। এখানে ভাষা আন্দোলন, ছয় দফা, একাত্তরের মুক্তিযুদ্ধ ও গণহত্যা এবং বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে।