যত দূর দৃষ্টি যায়, তত দূর শুধু সবুজ আর সবুজ। সেই সবুজে হুটোপুটি খাচ্ছে চৈত্রের রোদ্দুর। সেই সঙ্গে থেমে থেমে পক্ষীকুলের কিচিরমিচির কলরব। হঠাৎই পাখির কলরব ছাপিয়ে মানব-পাখির কলরবে মাতোয়ারা হয়ে ওঠে ফটিকছড়ির কর্ণফুলী চা-বাগান। এমনই নৈসর্গিক প্রকৃতির কোলে ১৯ মার্চ ব্যতিক্রমী এক বনভোজনের আয়োজন করেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ। এটা শুধু বনভোজনই ছিল না, সেই সঙ্গে যোগ হয় নবীন বরণ অনুষ্ঠান।‘আমরা প্রকৃতির সন্তান, সেই সঙ্গে পরিবেশের ছাত্র। সে কারণেই প্রকৃতির কোলে, মনোমুগ্ধকর এই পরিবেশে আয়োজন করা হয়েছে আজকের নবীনবরণ ও বনভোজন অনুষ্ঠান’—অনুষ্ঠানের শুরুতেই বললেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক অলক পাল। শুরু হয় চা-বাগান পরিদর্শন। চট্টগ্রামের ফটিকছড়ির এই চা-বাগানটা দেখলে যে-কারও মনে হবে, এ যেন এক টুকরো সিলেট! প্রথম বর্ষের শিক্ষার্থী সুইনটনের কথায় উচ্ছ্বাসটা বোঝা গেল, ‘অসাধারণ! এক্কেবারে পিওর আনন্দ! আমার জীবনে এমন আনন্দ আর কোনো অনুষ্ঠানে পাইনি।’ একই কথার প্রতিধ্বনি হলো প্রথম বর্ষের আরেক শিক্ষার্থী সুমিতা বড়ুয়ার কণ্ঠে, ‘খুবই ভাল্লাগছে। আশা করি ভবিষ্যতেও আমরা এ ধরনের অনুষ্ঠান পাব।’পেটপূজার পরপরই শুরু হয় অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান। সোহেল ও আদিব নাজমার প্রাণবন্ত উপস্থাপনায় একে একে গান গেয়ে শোনান তারেক, বৃন্তি, অমর, অভি, মেরিলিন, সোহেল, রুমা প্রমুখ। আবৃত্তি করেন প্রোটন ও মাহফুজ। তবে সুমিতা বড়ুয়ার পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী নৃত্যটি ছিল সবচেয়ে মুগ্ধতা-জাগানিয়া।