প্রকৃতির জন্য ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের নিয়ে বন বিভাগের কর্মকর্তা ও শিক্ষকেরা চলেছেন কক্সবাজারের হিমছড়ি জাতীয় উদ্যানের পথে। বন ও পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সচেতন করার উদ্দেশ্যে ‘জঙ্গল ওয়াক’ নামের এই ভ্রমণের আয়োজন করা হয় l প্রথম আলো
শিক্ষার্থীদের নিয়ে বন বিভাগের কর্মকর্তা ও শিক্ষকেরা চলেছেন কক্সবাজারের হিমছড়ি জাতীয় উদ্যানের পথে। বন ও পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সচেতন করার উদ্দেশ্যে ‘জঙ্গল ওয়াক’ নামের এই ভ্রমণের আয়োজন করা হয় l প্রথম আলো

সমতল থেকে তিন শ ফুট উঁচু পাহাড়চূড়ায় সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয়নি শিক্ষার্থীদের। কক্সবাজারের হিমছড়ির ওই পাহাড়চূড়া জনপ্রিয় পর্যটনকেন্দ্রও। তবে চূড়াটা আসল গন্তব্য নয়। পাহাড়ের ঢাল বেয়ে এঁকেবেঁকে চলে যাওয়া গভীর বনে যেতে হবে। আর এ জন্য নামতে হবে পাহাড়ের অন্য দিকের ঢাল বেয়ে।
গত ২৮ ডিসেম্বর কক্সবাজার শহরের তিনটি কলেজ ও একটি মাদ্রাসার প্রায় ৬০ জন শিক্ষার্থীকে হিমছড়ি জাতীয় উদ্যানে ভ্রমণের সুযোগ করে দেয় বেসরকারি উন্নয়ন সংস্থা ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকো সিস্টেমস অ্যান্ড লাইভলিহুড (ক্রেল)। উদ্দেশ্য, প্রকৃতির সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক স্থাপন। বন ও পরিবেশ রক্ষার অঙ্গীকার তৈরি করা তাদের মধ্যে।
হিমছড়ি পাহাড়চূড়া থেকে সকালে এই অভিযান শুরু হয়। সবার আগে চলছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী। শিক্ষার্থীদের সঙ্গ দিচ্ছিলেন বিভিন্ন কলেজ–মাদ্রাসার শিক্ষক, বন বিভাগ ও ক্রেলের কর্মকর্তা এবং গণমাধ্যমের কর্মীরা।
জীববৈচিত্র্য চেনার ব্যতিক্রমধর্মী এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘জাঙ্গল ওয়াক’। বনে প্রবেশের সঙ্গে সঙ্গে বন বিভাগের কর্মকর্তা ও শিক্ষকেরা শিক্ষার্থীদের সামনে বৃক্ষ ও প্রাণীর পরিচয় তুলে ধরছিলেন। শিক্ষার্থীরাও খাতায় এসব নোট নিচ্ছিল। প্রায় চার ঘণ্টার এই ভ্রমণে বনের সঙ্গে নিবিড় সখ্য হলো শিক্ষার্থীদের।
শিক্ষার্থীদের প্রথমেই পরিচয় করিয়ে দেওয়া হলো হিমছড়ি জাতীয় উদ্যানের সঙ্গে। কক্সবাজার পৌরসভা, ঝিলংজা, দক্ষিণ মিঠাছড়ি ও খুনিয়াপালং এলাকার ১ হাজার ৭২৯ হেক্টর সংরক্ষিত বনভূমি নিয়ে এই জাতীয় উদ্যান। শহরের লাইটহাউস থেকে দক্ষিণে উখিয়ার রেজুখাল পর্যন্ত ১৭ কিলোমিটার বিস্তৃত এই উদ্যানে ১৩০ প্রজাতির উদ্ভিদ, ১২ প্রজাতির উভচর প্রাণী, ১৯ প্রজাতির সরীসৃপ, ২৬০ প্রজাতির পাখি ও ৫৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। এই বনে বিচরণ করে হাতি, হরিণ, উল্লুক, বন্য শূকর, শিয়াল, বনরুই, বানর, মুখপোড়া হনুমান, মেছোবাঘ, মায়াহরিণ, বনমোরগ, শালিক, ধনেশ, অজগর প্রভৃতি। আর উদ্ভিদের মধ্যে আছে গর্জন, বহেরা, বৈলাম, নাগেশ্বর, চাম্পা, হিজক, উদল, চাঁপালিশ, জারুল, বেনা ও কামদেব।
বেলা আড়াইটার দিকে দলটি ফিরে আসে হিমছড়ি বন বিট কার্যালয়ে। সেখানে সংক্ষিপ্ত সভায় বন পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে সবাই। হিমছড়ি জাতীয় উদ্যানের সহব্যবস্থাপনা কমিটির সভাপতি আয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য দেন ক্রেলের আঞ্চলিক সমন্বয়কারী শফিকুর রহমান ও যোগাযোগ কর্মকর্তা বিশ্বজিৎ সেন, অধ্যক্ষ এ কে এ ফজলুল করিম চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সর্দার শরীফুল ইসলাম প্রমুখ।
বনের ভেতরে বৃক্ষ নিধনের চিহ্ন দেখতে পেয়ে মন খারাপ হয়েছে অনেক শিক্ষার্থীর। কেউ কেউ সংরক্ষিত বনে বসতঘর দেখেও হতাশ হয়েছে। কক্সবাজার সিটি কলেজের ছাত্র তারেকুল ইসলাম বলে, ‘ভ্রমণে আনন্দ পেয়েছি। কিন্তু বন উজাড় করে ঘর তৈরি করছে লোকজন। এই দৃশ্য আমাদের হতাশ করেছে।’
কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী আফরোজা বিনতে জহির বলে, ‘পাহাড় ও গাছ নিধনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ভ্রমণের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা লোকজনকে সচেতন করব। পরিবেশ রক্ষা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব।’
কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, জীববৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ করতে হলে বন থেকে বসতি উচ্ছেদ করতে হবে। তা না হলে এই জাতীয় উদ্যানের ভবিষ্যৎ অন্ধকার।