প্রকৃতির দয়ায় বেঁচে আছেন খামারীপাড়া আদিবাসীরা
আশপাশে কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই। অসুখ হলে ভরসা পাহাড়ি লতাপাতার রস। বিশুদ্ধ পানির সংকটও আছে। পান করে কুয়ার পানি। ধান, শাকসবজি, ফলমূল সবকিছু নিজেরা ফলায় নিজেরা খায়। যাতায়াতের সড়ক বলতে পাহাড়ের কোলে আঁকাবাঁকা উঁচুনিচু সরু পথ। তাই হেঁটেই যাতায়াত করতে হয় লোকালয়ে। যেন প্রকৃতির দয়ায় বেঁচে আছে রাঙ্গুনিয়া ইসলামপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা খামারীপাড়া গ্রামের আদিবাসীরা। ইসলামপুর থেকে প্রায় আট কিলোমিটার উত্তরে রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার সীমান্ত-সংলগ্ন আদিবাসী পল্লি এ খামারীপাড়া গ্রাম। এ পল্লিতে ১৮০টি পরিবারের বসবাস। এখানে যেতে হয় ইসলামপুর ইউনিয়নের গাবতল থেকে হেঁটে।পল্লির কারবারি হিরামন মারমা (৫৭) জানান, এখানে শাকসবজিসহ প্রচুর পরিমাণে ফলমূল উৎপাদিত হয়। পাহাড়ের নিচু এলাকায় আমন, আউশ ও ইরি-বোরো ধানের চাষ হয়। এসব ফসল বাসিন্দাদের চাহিদা মেটায়। তবে কিছু ফসল বিক্রির জন্য ১২ কিলোমিটার হেঁটে রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের রানীরহাটে অথবা আট কিলোমিটার পাড়ি দিয়ে কাউখালী বাজারে যেতে হয়। শাকসবজি ও ফলমূল বিক্রি করে তাঁরা লবণ, তেল ও সাবান কিনে নিয়ে আসেন। তিনি বলেন, খামারীপাড়া গ্রামের প্রধান সমস্যা হচ্ছে যোগাযোগব্যবস্থা। পল্লিতে আসা-যাওয়ার জন্য কোনো সড়ক নেই। পাহাড়ের গলিপথে চলাফেরা করতে হয়। বর্ষায় এ পথে চলাচল করা কষ্টসাধ্য। এলাকার শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার চিত্রও অত্যন্ত করুণ। একটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় আছে যা গ্রামের একজন শিক্ষক দিয়ে চলে। সচেতনতার অভাবে বিদ্যালয়ে পড়তে যায় না গ্রামের অনেক ছেলেমেয়ে। এ ছাড়া রোগশোকে তাদের ভরসা গ্রামের একমাত্র বৈদ্য। ওষুধ হলো গাছের লতাপাতা। এতে ভালো হয় না ডায়রিয়া, ম্যালেরিয়া, যক্ষ্মা, আমাশয় ও নিউমোনিয়াসহ নানা রোগ। প্রতি বছর এসব রোগে আক্রান্ত হয়ে মারা যায় অসংখ্য মানুষ। পল্লির বাসিন্দাদের অভিযোগ, আউশ, আমন ও ইরি-বোরো মৌসুমে বন্যহাতি ফসলের ব্যাপক ক্ষতি করে। মেরে ফেলে অসংখ্য গরু-ছাগল। সেই সঙ্গে রয়েছে সন্ত্রাসীদের উৎপাত। পল্লির প্রবীণ ব্যক্তি মনুচিং মারমা (৭৬) বলেন, এলাকার অধিকাংশ বাসিন্দা কখনো নির্বাচনে ভোট দেয়নি। তারা নির্বাচন কি জিনিস জানে না। এলাকার মেম্বার-চেয়ারম্যানরাও কোনো সময় এই পল্লিতে আসে না। এ ব্যাপারে ইসলামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সিরাজদ্দৌলা দুলাল বলেন, খামারীপাড়া গ্রাম ইসলামপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত হলেও দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় সাধারণ মানুষ সচরাচর সেখানে যায় না। সে হিসেবে পল্লির উন্নয়ন তেমন হয়নি। সব দিকে পিছিয়ে রয়েছে তারা। তিনি বলেন, ‘আমি সমপ্রতি শপথ নিয়েছি। এখন অগ্রাধিকার-ভিত্তিতে ওই পল্লির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ এ প্রসঙ্গে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, ইসলামপুর ইউনিয়নের খামারীপাড়া আদিবাসী পল্লির বর্তমান অবস্থা সম্পর্কে জেনে সার্বিক উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে।