প্রকৃতির শুভ্রতায় প্রতিমার গড়ে ওঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃতির শুভ্রতা, আকাশের পেঁজা মেঘ কিংবা কাশফুলের কাব্য জানিয়ে দিচ্ছে আসছে শারদীয় দুর্গোৎসব। এটি হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। ইতিমধ্যে নগরের সব পূজামণ্ডপেই শুরু হয়ে গেছে প্রতিমা গড়ার কর্মযজ্ঞ। মাটির তৈরি এসব প্রতিমা যাঁদের হাতের ছোঁয়ায় হয়ে ওঠে অনন্য শিল্প তাঁরা হলেন প্রতিমার কারিগর বা মৃৎশিল্পী। কেমন তাঁদের জীবন? আছে কি শিল্পের বড়াই! নগরের বেশির ভাগ মৃৎশিল্পী এসেছেন বাইরের জেলা থেকে। কালে তাঁরা এখানেই স্থায়ী বসতি করেন। এঁদের কেউ বংশপরম্পরায় কাজ করছেন, কেউবা নিজ দায়িত্বে শিখে এ পেশায় এসেছেন। প্রায় ৬৪ বছর আগে চট্টগ্রামে আসেন শিল্পী রাধাশ্যাম পাল। দেওনজি পুকুর এলাকার কারখানায় অনেক প্রতিমা গড়েছেন। শারীরিক অসুস্থতার কারণে এখন আগের মতো কাজ করেন না। দেওয়ানজী পুকুরপাড়ে তাঁর কারখানায় প্রতিমা গড়ার কাজ করেন চার ছেলে। কথা হয় মেজ ছেলে রতন পালের সঙ্গে। তিনি বলেন, ‘বড় ভাই সুনীল পাল ও সেজ ভাই অরুণ পাল শিক্ষক। ভাইদের মধ্যে একমাত্র আমিই এ পেশায় জড়িত। তবে পূজার সময় আমরা সব ভাই মিলে কাজ করি।’ তাঁরা জানান, পূজার প্রায় তিন-চার মাস আগে শুরু হয় প্রতিমা তৈরির কাজ। এ সময়টাতে তাই বেড়ে যায় তাঁদের ব্যস্ততা।চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র সুজন পাল পড়ালেখার পাশাপাশি বাবার সঙ্গে প্রতিমা গড়ার কাজ করেন। বাবা দুলাল পালের কাছ থেকে দেখে দেখে ছোটবেলা থেকেই এসব কাজ শেখেন বলে জানান তিনি। সুজন বলেন, ‘একপাশে আমাদের কারখানা, অপর পাশে আমার জেঠার। আগে একসঙ্গে ছিল। জেঠা নিত্যানন্দ পাল এবং তাঁর জামাই অমল পাল কাজ করেন ৩০-৫০ বছর ধরে। প্রতিবছর কারখানাগুলোতে প্রায় ২০-২৫টার মতো প্রতিমা গড়া হয়। প্রতিমা গড়ার ক্ষেত্রে মৃৎশিল্পীদের সৃজনশীলতা ও কল্পনা জড়িয়ে থাকলেও বর্তমানে কাজ করতে হয় ক্রেতাদের পছন্দ অনুযায়ী। প্রায় ৩০ বছর আগে শরীয়তপুর থেকে চট্টগ্রাম এসেছিলেন মৃৎশিল্পী তপন পাল। তাঁর কারখানা সদরঘাটে। তিনি বলেন, ‘আমি প্রায় ৩০ বছর ধরে প্রতিমা বানাচ্ছি। আগে প্রতিমার অর্ডার ছিল ছোট, মানুষের চাহিদাও ছিল কম, কিন্তু দিন দিন তাতে পরিবর্তন হয়েছে। এখন প্রতিমার অর্ডার বড় হয় এবং তাতে যুক্ত হয় ক্রেতাদের পছন্দ।’ বর্তমানে বাংলা প্রতিমার (সনাতনী দুর্গা প্রতিমা) চেয়ে ওরিয়েন্টাল প্রতিমার চাহিদা বেশি বলে জানান মৃৎশিল্পীরা। কারখানায় বানানো এসবের দাম ১০-৫০ হাজার টাকা পর্যন্ত হয়। তবে মণ্ডপে গিয়ে তৈরি করলে টাকার পরিমাণ আরও বেশি হয়। পূজার মৌসুমে শিল্পীদের ব্যস্ততা থাকলেও বছরের অন্য সময় কাটে অলস। অনেকে সিমেন্টের ওপর বিভিন্ন মূর্তি তৈরি করে বিক্রি করেন। এতে সংসার চলে যায় টেনেটুনে। শিল্পী জীবন পালের আদি নিবাস শরীয়তপুর। বাবা বনমালী পালের হাত ধরে এ পেশায় আসেন তিনি। হাজারী লেনের কারখানায় তাঁর পথ ধরে চলছেন দুই ছেলে উত্তম পাল ও গৌতম পাল। তবে ভবিষ্যৎ প্রজন্ম এ কাজে আসুক তা চান না জীবন পাল। দুঃখ করে বলেন, ‘এত কষ্ট করে প্রতিমা গড়ি, লোকে দেখে, প্রশংসা করে—এটুকুই। সঠিক মূল্যায়ন হয় না আমাদের।’ অন্যদের চেয়ে একটু ভিন্ন গল্প মৃৎশিল্পী উত্তম পালের। থাকেন ফরিদপুরে। এত দূর থেকে এখানে প্রতিমা বানাতে আসেন?’ এ প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘আসলে আমাদের পরিবারের সবাই শিক্ষিত। এ পেশায় কেউ নেই। আমার এ কাজ পরিবার পছন্দ করে না। ১৯৯৩ সালে প্রথম চট্টগ্রামের পাঁচ বাড়ির দুর্গা প্রতিমা বানাই। এরপর থেকে প্রতিবছর এখানে আসি। এবার দক্ষিণ নালাপাড়ার প্রতিমাও বানিয়েছি। মনের টান আছে কাজটার প্রতি, তাই ছাড়তে পারি না।’