প্রকৃতির সঙ্গে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রকৃতি নিবাস...’। সিলেট থেকে পর্যটনকেন্দ্র জাফলং যাওয়ার পথে সাদামাটা এ আহ্বান চোখে পড়ে। পর্যটকদের কাছে টানতে অল্প কথার এ আহ্বানে যদি সাড়া দেন, তা হলে সঙ্গী-সাথি প্রকৃতি—এমন এক বেড়ানোর স্মৃতি থাকবে দীর্ঘদিন। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে যেন গড়া একটি অবকাশকেন্দ্র বা রিসোর্ট। নাম শুকতারা।সিলেটের খাদিম জাতীয় উদ্যান। ওই এলাকায় টিলার চূড়ায় অবস্থান শুকতারার। ১৪ একর জায়গাজুড়ে এই রিসোর্ট। শুকতারার স্থাপত্য আর নির্মাণশৈলী এমন, যাতে প্রকৃতির গায়ে একটুও আঁচড় পড়েনি। স্বাগত সবুজ টিলাচা-বাগানের রাস্তা থেকে শুকতারার পথ ধরে এগোলে প্রথমে সুবজ একটি টিলা স্বাগত জানায়। টিলার নিচে এক পাশে রিসোর্টের ফটক। টিলার চূড়ায় ওঠার একটিই পথ। এক পাশে রয়েছে টয় ট্রেন লাইন। সমতল থেকে প্রায় ৫০ ফুট উঁচুতে উঠলে প্রকৃতিকে সঙ্গী করে নির্মিত ছোট ছোট নিবাস, কটেজ নজর কাড়ে। রিসোর্টে মোট ১১টি কটেজ। শীতাতপ নিয়ন্ত্রণ আর ২৪ ঘণ্টা গরম পানির ব্যবস্থাও আছে কটেজে। বাগানের তাজা ও সতেজ চা-কফি নিজ হাতেই তৈরি করতে পারবেন। কটেজের বাসিন্দারা জানালা ও বারান্দার কাছ থেকে পাহাড়-টিলা দেখার অপূর্ব সুযোগ পান। প্রকৃতির কাছে লীন হলেও বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হতে হবে না। গ্রন্থাগারে আছে দেশ-বিদেশের বই ও পত্রপত্রিকা এবং বড় পর্দার টেলিভিশন। সভা-সেমিনার-কর্মশালা ও পার্টি আয়োজনের ব্যবস্থা রয়েছে টিলার চূড়ায়।সঙ্গী-সাথি প্রকৃতিসবুজে ঢাকা পুরো টিলা। ফলদ নানা জাতের গাছ। ফাঁকে ফাঁকে ফুল-লতা-পাতার বাগান। টিলার চূড়ায় দুটো ভাগ। প্রথম ভাগে অভ্যর্থনাকক্ষ। সিলেটের আদি-ঐতিহ্যের ধারাকে মনে করিয়ে দিতে অভ্যর্থনায় থাকেন মনিপুরিসহ চা-জনগোষ্ঠীর লোকবল। খাবার-দাবারের রেস্তোরাঁ আকাশির এক পাশে বইঘর। পড়া যাবে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির নানা বই। নয়নতারা, বরুণ, শিরীষ, দোলনচাঁপা, মাধবী লতা, কামিনী, জুঁই, করবী, শিমুল, হিজল—এ রকম নামেই কটেজগুলো। ঘরের ভেতরে খাট থেকে শুরু করে টেবিল-চেয়ার সবই সিলেটের ঐতিহ্য বেতের তৈরি আসবাব। সংরক্ষিত আছে আলোকচিত্রও।রিসোর্টের সুযোগ-সুবিধা দর্শনার্থীদের পরামর্শক্রমে আরও বাড়ানো হবে বলে জানান প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী সজীব দত্ত। বিদ্যুতায়ন আর শীতাতপ ব্যবস্থা ছাড়া বাকি সবই প্রকৃতিনির্ভর। সৌরবিদ্যুৎ সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে।সাঁঝের মায়ায়...টিলার চূড়ায় একটি কটেজের খোলা ছাদে বসার ব্যবস্থা করা হয়েছে।এটার নাম সাঁঝের মায়া। বসলেই চোখে পড়ে উত্তরে দেশের সীমানা ছাড়িয়ে যাওয়া মেঘালয়ের সারি সারি পাহাড়-টিলা। শুকতারা সম্পর্কে এর প্রতিষ্ঠাতাদের একজন স্থপতি জেরিন হোসেন বলেন, প্রকৃতিকে বাঁচিয়ে রেখে একে সঙ্গী করে থাকার একটি প্রেরণা শুকতারা। কবি সুফিয়া কামালকে স্মরণ করেই সাঁঝের মায়া—জানিয়ে তিনি বলেন, ‘আমি নিজেও অবাক হয়েছি। রাত হোক আর দিন হোক, যেকোনো সময় সাঁঝের মায়ায় সময় কাটালে মনে হয় যেন অন্য ভুবনে আছি।’ অন্য কোথাও ঘুরতেশুকতারায় আগত পর্যটকদের জন্য রিসোর্টে গাইডের ব্যবস্থা রয়েছে, যাঁরা সিলেটের বিভিন্ন চা-বাগান, জৈন্তাপুর রাজবাড়ি, লালাখাল, সারি নদী, জাফলং, পিয়াইন নদী, তামাবিল-ডাউকি সীমান্ত, মাধবকুণ্ড-জলপ্রপাতসহ অন্যান্য জায়গা ঘুরিয়ে দেখাবেন। ওয়েবসাইট : www.shuktararetreat.com www.shuktararesort.comযেভাবে যাবেনসিলেট শহর থেকে সাড়ে সাত কিলোমিটার দূরে সিলেট-তামাবিল মহাসড়কের পাশে রিসোর্টটির অবস্থান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার দূরের ওই রিসোর্টে যেতে ৪০ মিনিট সময় লাগবে। সিলেট রেলওয়ে স্টেশন বা বাসস্টেশন থেকে নেমে গাড়ি বা অটোরিকশাযোগে যেতে সময় লাগবে ২৫ থেকে ৩০ মিনিট।