প্রকৃতির সন্তানদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য রাজ্য উত্তরকূট। মধ্য দিয়ে বয়ে চলেছে মুক্তধারার ঝরনাধারা। এই রাজ্যের নিচের দিকে রয়েছে শিবতরাই। দুর্ভিক্ষে জর্জরিত শিবতরাইবাসী খাজনা না দেওয়ায় রাজা শাস্তিস্বরূপ মুক্তধারায় বেঁধে দিলেন বাঁধ। কিন্তু মুক্তধারায় বাঁধ দেওয়ার কাজে বাদ সাধেন স্বয়ং রাজপুত্র। বিক্ষুব্ধ শিবতরাইবাসীর সঙ্গে যোগ দিয়ে রাজপুত্র অভিজিৎ ভেঙে দেন বাঁধের প্রতিবন্ধকতা। জয় হয় প্রকৃতির সন্তানদের। তবে মুক্তধারা স্বাভাবিক স্রোত ফিরে পেলেও ফিরে আসেন না অভিজিৎ। গত ২৮ ও ২৯ অক্টোবর সন্ধ্যায় গণায়ন নাট্য সম্প্রদায়ের ৩০তম প্রযোজনা মুক্তধারা মঞ্চস্থ হয়েছে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা নাটক অবলম্বনে নির্মিত এ নাটকের নির্দেশনায় ছিলেন কুন্তল বড়ুয়া।নাটকে দেখা যায়, মূলত যন্ত্রের সঙ্গে মানবিকতার দ্বন্দ্ব। যন্ত্রশক্তি যখন মানুষের স্বাধীনতায় চেপে বসে, তখন অবরুদ্ধ হয় মানবিক শক্তি। যন্ত্র, বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের জন্য হয়ে ওঠে অভিশাপ। থামিয়ে দেয় প্রকৃতির সান্নিধ্যে যে জীবন তার গতিময়তা। মুক্তধারার জলপ্রবাহ সে গতিময় জীবনেরই প্রতীক। নাটকের নির্দেশক কুন্তল বড়ুয়া জানান, নাটকের উত্তরকূট এবং শিবতরাই সমকালীন বিশ্বব্যবস্থারই প্রতিরূপ। বর্তমান পুঁজিবাদী বিশ্বে উন্নত দেশগুলোর আগ্রাসনের ফলে ছোট দেশগুলো পরিণত হচ্ছে অসহায় রাষ্ট্রে। যন্ত্রসভ্যতার অপব্যবহারের ফলে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে। সেটাই এই নাটকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এ নাটকের সঙ্গে বিশ্বের সমসাময়িক ঘটনাগুলোর মিল আছে। মঞ্চ ও আলোক পরিকল্পনায় অসীম দাশ, আলোক সহযোগী ইমরান হোসাইন, পোশাক পরিকল্পনায় প্রমা অবন্তী এবং রূপসজ্জায় ছিলেন শাহীনুর সরোয়ার। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাপ্পা চৌধুরী, মামুনুল হক, হাসান মুরাদ, শিহাব জাহান, সজল দে, রিয়াদ, বাপ্পী হায়দার, মিজানুর রহমান, অর্থী, অপর্ণা, নাজমুল, সাহিদ উদ্দিন, দুলাল, রণজিৎ, অনির্বাণ, শাহীনুর, হাসান মুরাদ, সেকান্দার চৌধুরী প্রমুখ।