প্রকৌশল কলেজ থেকে বিআইটি এবং বর্তমান বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরই দেশে দক্ষ প্রকৌশলী তৈরিতে যেসব প্রকৌশল বিদ্যাপীঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেগুলোর মধ্যে অন্যতম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে যাত্রা শুরু। পরে বিআইটি (বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি) এবং বর্তমানে এটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়। প্রকৌশল শিক্ষায় অগ্রসরমান বিশ্বের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে এবং দক্ষ প্রকৌশলী তৈরিতে ২০০৩ সালের ১ সেপ্টেম্বর এটি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। বিভিন্ন পথপরিক্রমার মধ্যে এটি পার করেছে ৪২টি বছর। আসুন জানা যাক, এক সময়ের কলেজ থেকে রূপান্তরিত বর্তমান বিশ্ববিদ্যালয়ের অবস্থা। ইঞ্জিনিয়ারিং কলেজ, বিআইটি এবং বর্তমান বিশ্ববিদ্যালয়: পেশাদার প্রকৌশলীদের বর্ধিত চাহিদার দিকে লক্ষ রেখে এবং জাতীয় উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকার কথা চিন্তা করে তৎকালীন পাকিস্তান সরকার ১৯৬২ সালের ২৮ অক্টোবর চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরির সিদ্ধান্ত নেয়। পরে ১৯৬৮ সালের ২৮ ডিসেম্বর ১২০ জন শিক্ষার্থী নিয়ে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রায় ১৮ বছর পর ১৯৮৬ সালের ১২ মার্চ তৎকালীন রাষ্ট্রপতির এক অধ্যাদেশ জারির মাধ্যমে প্রকৌশল মহাবিদ্যালয়গুলোকে ১ জুলাই থেকে স্বায়ত্তশাসিত বিআইটিতে (বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি) রূপান্তরিত হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির মুখে এবং তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও গবেষণার আঞ্চলিককেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০০৩ সালের ১ সেপ্টেম্বর চট্টগ্রাম বিআইটিকে সরকার এক অধ্যাদেশ জারির মাধ্যমে স্বশাসিত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করে।ক্যাম্পাসের অবস্থান: চট্টগ্রাম শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রাউজান উপজেলার পাহাড়ি ভূমির নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশে এটি অবস্থিত। কাম্পাসের বর্তমান আয়তন ১৬৩ একর।বর্তমান বিভাগসমূহ ও শিক্ষার্থীসংখ্যা: বিশ্ববিদ্যালয় হিসেবে দুটি অনুষদের অধীনে পুরকৌশল, তড়িৎকৌশল, যন্ত্রকৌশল ও কম্পিউটার বিভাগ নামের চারটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ বৃদ্ধি করায় তিনটি অনুষদ হয়েছে এবং স্থাপত্য, নগর অঞ্চল ও পরিকল্পনা এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং নামে তিনটি বিভাগ বৃদ্ধি করায় সাতটি বিভাগ রয়েছে। পেট্রোলিয়াম অ্যান্ড মাইন ইঞ্জিনিয়ারিং নামে বিভাগটি ৩০ জন শিক্ষার্থী নিয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে শুরু হতে যাচ্ছে। বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা দুই হাজার ৪০৩ জন। এর মধ্যে দুই হাজার ১২০ জন ছাত্র এবং ২৮৩ জন ছাত্রী। বিদেশি শিক্ষার্থী রয়েছেন চারজন। আবাসিক হল ও লাইব্রেরি: বর্তমানে ছাত্রদের জন্য শহীদ মোহাম্মদ শাহ, শহীদ তারেক হুদা , ড. কুদরত-এ-খুদা ও একটি নতুন হলসহ (এখনো নামকরণ হয়নি) চারটি আবাসিক হল এবং ছাত্রীদের জন্য একটি আবাসিক হল রয়েছে। রয়েছে জ্ঞান-বিজ্ঞানের নানা তথ্যসমৃদ্ধ গ্রন্থাগার। যেখানে রয়েছে ৪৬ হাজার ৭৬১টি বই, ৯১১টি জার্নাল, ৩৮৯টি অডিও ভিজুয়েলসামগ্রী এবং নয় হাজারের বেশি অনলাইন জার্নাল। রয়েছে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইন ব্যবহারের সুবিধা।বিভিন্ন ছাত্রসংগঠন: প্রকৌশল শিক্ষার একঘেয়েমিতা দূর করতে এবং যান্ত্রিক জীবনকে বৈচিত্র্যময় করতে শিক্ষার্থীরা তৈরি করেছে বেশ কিছু সংগঠন। এর মধ্যে রয়েছে চুয়েট সাংবাদিক সমিতি, বিতর্কবিষয়ক সংগঠন চুয়েট ডিবেটিং সোসাইটি, সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি, পরিবেশবাদী সংগঠন গ্রিন ফর পিচ এবং আলোকচিত্রবিষয়ক সংগঠন।