ভারতের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির পরীক্ষা অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এনট্রান্স এক্সামিনেশন বা এআইইইই। বর্তমানে এর নাম জয়েন্ট এনট্রান্স এক্সামিনেশন। ভারতের ৩১টি জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউট আর ২০টি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইইটি) ভর্তির একটাই পথ এই পরীক্ষা। আর সেই পরীক্ষায় সপ্তম হয়েছিলেন সুশান্ত নামের এক তরুণ। যে তরুণ ভর্তি পরীক্ষায় সপ্তম হন, নিশ্চয়ই প্রকৌশলী হওয়াই তাঁর লক্ষ্য হওয়ার কথা।
অথচ প্রকৌশলবিদ্যা পেছনে ফেলে তিনি এখন ভারতের অন্যতম জনপ্রিয় নায়ক! হ্যাঁ, বলছি এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি-খ্যাত সুশান্ত সিং রাজপুতের কথা।
অভিনয়ের দুনিয়াকাঁপানো এই তারকা পড়ার দুনিয়াতেও তারকা ছিলেন বটে। ভর্তি পরীক্ষায় সপ্তম হয়ে দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ পান তিনি। ‘সুশান্ত ভালো নাচে’—বন্ধুমহলে এই ছিল তাঁর পরিচয়। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই মঞ্চে অভিনয়ের জন্য বেশ সময় দেওয়া শুরু করেন তিনি। এরই মধ্যে ডাক পড়ে টেলিভিশনে, তারপর বলিউডে। পড়াশোনা, নাকি অভিনয়—কোনটা বেছে নেবেন? এই সমীকরণে নিজের আগ্রহের দিকেই চোখ বন্ধ করে ছুট দেন সুশান্ত। তৃতীয় বর্ষে পড়ার সময়ই পড়ালেখা ছেড়ে পুরোপুরি অভিনয়ে মনোনিবেশ করেন তিনি। ‘প্রকৌশলী হতে পারিনি বলে আমার কোনো আফসোস নেই,’ এমনটাই দাবি করেন সুশান্ত।
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে জাহিদ হোসাইন খান