প্রকৌশল জগতে স্বাগতম
তেল বা গ্যাস পুড়িয়ে যে গরম বাতাস পাওয়া যায়, সেটা দিয়ে তিনি ধাক্কা দিলেন চাকাকে। আর অমনি চাকা সামনের দিকে গড়িয়ে চলতে থাকল। গড়িয়ে এই চলা চাকা সাধারণ কোনো চাকা ছিল না, ছিল পৃথিবীর চাকা। ১৭৭৭ সালে জেমস ওয়াট নামের এই প্রকৌশলীর ‘স্টিম ইঞ্জিন’ উদ্ভাবনের জন্যই গত ২০০ বছরে পৃথিবী এগিয়ে চলছে দুর্বার গতিতে, হচ্ছে নানামুখী উন্নয়ন, বাড়ছে জীবনযাত্রার মান, আসছে নিত্যনতুন বৈচিত্র্য আর তৈরি হচ্ছে হাজারো স্বপ্ন, হাজারো সম্ভাবনা।শুধুই কি জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন! না, এ রকম ভূরি ভূরি উদাহরণ আছে। আপনার সামনে যা কিছু আছে, কলম, টেবিল, মুঠোফোন, ব্যাগ, দেয়াল, ইমারত, জুতা, কম্পিউটার, রাস্তাঘাট, খাবার, পানীয়—সবকিছুই প্রকৌশল আর প্রকৌশলীদের সঙ্গে সম্পর্কযুক্ত। বিজ্ঞানীরা তত্ত্ব আবিষ্কার করেন আর প্রকৌশলী বা ইঞ্জিনিয়াররা সেই কঠিন তত্ত্বকে মানুষের ব্যবহারের উপযোগী করেন, বিভিন্ন ক্ষেত্রে বাস্তব প্রয়োগ করেন। তাই হয়তো কোনো এক মনীষী বলেছিলেন, পৃথিবীকে জ্ঞানের আলো দিয়েছেন দার্শনিক ও বিজ্ঞানীরা, আর সভ্যতার আলো দিয়েছেন প্রকৌশলীরা। আসলেই তাই, মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে রয়েছে প্রকৌশলীদের দারুণ অবদান। মাইকেল ফ্যারাডে বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন ঠিকই, কিন্তু এই বিদ্যুৎ ব্যবহার করে ভূগর্ভ থেকে পানি তোলা, পাখা চালানো, বাতি জ্বালানো, টেলিভিশন, রেডিও, কম্পিউটার ইত্যাদি বিনোদনব্যবস্থা কিন্তু প্রকৌশলীদের উপহার।বাংলাদেশে প্রকৌশলচর্চাবাংলাদেশে প্রকৌশল-শিক্ষার শুরু গত শতকের চল্লিশের দশকে। তখন নবাব আহসানউল্লাহ নিজের নামে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা করেন। পরে সেটা পর্যায়ক্রমে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেন। বর্তমানে এর নাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটের আহসানউল্লাহ হলটিই ছিল আগের ইঞ্জিনিয়ারিং স্কুল। প্রকৌশল-শিক্ষায় বুয়েটই বর্তমানে বাংলাদেশের প্রধান কান্ডারি। প্রতিবছর ১১টি বিভাগে ৯৮৫ জন শিক্ষার্থী প্রকৌশলী, স্থপতি ও পরিকল্পনাবিদ হওয়ার স্বপ্নে এখানে ভর্তি হন। বুয়েট ছাড়াও বাংলাদেশের আরও আছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। এই তিনটি প্রতিষ্ঠানের প্রতিটিতে প্রতিবছর ৬০০ জন করে শিক্ষার্থী উচ্চশিক্ষার জীবনে প্রবেশ করেন। এ ছাড়া আছে সেনাবাহিনী পরিচালিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স ও টেকনোলজি, লেদার টেকনোলজি কলেজ, মেরিন একাডেমি, গ্লাস ও সিরামিক ইনস্টিটিউট, বাংলাদেশ টেক্সটাইল কলেজ এবং ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউট। পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা ডিপ্লোমা সম্পন্ন করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশে একটিমাত্র আন্তর্জাতিক প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠান আছে—ওআইসি পরিচালিত গাজীপুরে অবস্থিত আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (আইইউটি)। এ ছাড়া বর্তমানে দেশের অনেকগুলো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়েও প্রকৌশল-শিক্ষা (বিশেষত কম্পিউটার প্রকৌশল ও তড়িৎকৌশল) দেওয়া হয়। সব মিলিয়ে বাংলাদেশে প্রতিবছর প্রায় পাঁচ হাজার প্রকৌশলী তৈরি হচ্ছেন।বাংলাদেশে প্রকৌশলীদের কর্মক্ষেত্রবাংলাদেশে যেসব বিষয়ে প্রকৌশলী তৈরি হচ্ছেন সেগুলো হলো: পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎকৌশল ও ইলেকট্রনিকস, কেমিকৌশল, বস্তু ও ধাতবকৌশল, পানিসম্পদ প্রকৌশল, নৌযানকৌশল, লেদার-কৌশল, পোশাককৌশল, গ্লাস ও সিরামিক-কৌশল, কম্পিউটার ও সফটওয়্যার-কৌশল ইত্যাদি। এ ছাড়া উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে মাস্টার্স ও পিএইচডি গবেষণায় আরও কিছু বিশেষ বিষয়ে শিক্ষা নেওয়া যায়। সব প্রকৌশল-শিক্ষাই চার বছর মেয়াদি। তাত্ত্বিক পড়াশোনার পাশাপাশি প্রকৌশল শিক্ষার্থীদের ব্যবহারিক ও বাস্তব প্রশিক্ষণ নিতে হয়। ক্লাস টেস্ট, প্রতিবেদন লিখন, পরীক্ষা, ঘুরে বেড়ানো, হাসিঠাট্টা—সব মিলিয়ে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বেশ ভালোই ব্যস্ত ও আনন্দমুখর সময় কাটাতে হয়।প্রকৌশলীদের কর্মক্ষেত্রবাংলাদেশে প্রকৌশলীদের একটা বড় অংশই আছে সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে। ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, পেট্রোবাংলা, বাপেক্স, ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি, পানিসম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন, সড়ক ও জনপথ, বাংলাদেশ আণবিক শক্তি কমিশন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ রেলওয়েসহ ইত্যাদি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকৌশলীরা মানুষের সেবা করে যাচ্ছেন। দিনরাতে সব সময় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রকৌশলীরা পরিশ্রম করে যাচ্ছেন। এ ছাড়া বাংলাদেশ সামরিক বাহিনীতে উল্লেখযোগ্যসংখ্যক প্রকৌশলী আছেন।বাংলাদেশে প্রকৌশলীদের প্রধান সংগঠন হলো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি)। বর্তমানে আইইবির সদস্যসংখ্যা ৩০ হাজার। এর মধ্যে সরকারি কাজে নিয়োজিত আছেন প্রায় ১২ হাজার। তবে আইইবির সদস্য নন, এমন প্রকৌশলীও রয়েছেন অনেক।বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কথা বলতে গেলে প্রথমেই আসে ভবন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কথা। বাংলাদেশে, বিশেষ করে রাজধানীতে প্রচুর অবকাঠামোগত উন্নয়নকাজ হওয়ায় বর্তমানে পুরকৌশলীদের একটা বড় অংশ যুক্ত আছেন বেসরকারি ভবন ও অবকাঠামো উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে। এ ছাড়া বর্তমানে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোতে তড়িৎ, কম্পিউটার ও পুরকৌশলীরা কাজ করছেন। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রটা দ্রুত গতিতে বেড়ে যাওয়ায় তড়িৎ ও কম্পিউটার প্রকৌশলীদের অবস্থা বেশ ভালো। এখন যেহেতু বিদ্যুৎ উৎপাদন খাতে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যুক্ত হচ্ছে, তাই অনেক তড়িৎ ও যন্ত্রকৌশলীর চাকরির বাজারটা বড় হচ্ছে।যেখানেই যন্ত্র, সেখানেই যন্ত্রকৌশলী। বর্তমান শিল্পকারখানাগুলোতে রয়েছে নানা ধরনের যন্ত্র। আর সেগুলো সামাল দিয়ে যাচ্ছেন যন্ত্রকৌশলীরা। জেনারেটর, স্টিল, সিমেন্ট, প্লাস্টিক, রাসায়নিক, পানীয়, খাদ্যদ্রব্য, ওষুধ, পোশাক, চামড়া, হিমায়িত খাদ্যদ্রব্য প্রভৃতি উৎপাদনমুখী শিল্পব্যবস্থায় প্রকৌশলীরা সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন।অনেক প্রকৌশলী ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে যাচ্ছেন। তাঁরা সাধারণত বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্পে কাজ করে থাকেন। এ ছাড়া দেশে-বিদেশে উচ্চশিক্ষা সম্পন্ন করে এবং বড় প্রতিষ্ঠানে কাজ করে দেশের বিভিন্ন পর্যায়ে নানা প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে কাজ করা প্রকৌশলীর সংখ্যাটাও কম নয়। বিশেষ করে অবকাঠামো নির্মাণ (পুরকৌশল), বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানায় অনেকেই কলসালট্যান্সির সঙ্গে যুক্ত আছেন। পোশাককৌশলীর অবস্থাটা আবার একটু ভিন্ন। শিক্ষাজীবন শেষে তাঁদের অধিকাংশই কয়েক বছর চাকরির অভিজ্ঞতা নিয়ে নিজের ব্যবসা শুরু করছেন। কিছু কিছু প্রকৌশল পেশায় কর্মক্ষেত্রটাই দেশের বাইরে। যেমন অধিকাংশ নৌযান প্রকৌশলীরাই সিঙ্গাপুর, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে চলে যান।পেশার বাইরেপ্রকৌশল পেশার বাইরে অন্যান্য পেশার সঙ্গেও যুক্ত হচ্ছেন অনেক প্রকৌশলী। সরকারি প্রশাসন, ব্যাংকিং, আর্থিক ব্যবস্থাপনা, বেসরকারি উন্নয়ন সংস্থা, গণমাধ্যমসহ ইত্যাদি ক্ষেত্রে অনেক প্রকৌশলীই কাজ করছেন। বর্তমানে বেসরকারি প্রকৌশলীদের একটি উল্লেখযোগ্য অংশ পেশাদারি শিক্ষা (এমবিএ, মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ ইত্যাদি) নিয়ে ব্যবস্থাপনা ও বিপণনের সঙ্গে যুক্ত হচ্ছেন। এমনকি অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানই এখন এমবিএ ডিগ্রি সম্পন্ন করা প্রকৌশলীদের বেশি অগ্রাধিকার দেয়। এর মাধ্যমে শিল্পকারখানার টেকনিক্যাল ম্যানেজমেন্টের ব্যাপারে প্রকৌশলীরা অনেক বেশি মেধা প্রয়োগ করতে পারছেন।আসলে উন্নয়ন ও তথ্যপ্রযুক্তির এই যুগে প্রকৌশলীদের কাজের পরিব্যাপ্তি এতটাই বিশাল যে প্রতিটি সরকারি প্রতিষ্ঠান, আধাসরকারি বা বেসরকারি সংস্থাসহ সব কর্মক্ষেত্রেই প্রকৌশলী প্রয়োজন। কর্মজীবনের হালচালদেশে অনেক প্রকৌশলী কাজ করছেন। তবে কাজের সুযোগ, সুবিধা ও পরিবেশ সবার জন্য সমান নয়। অধিকাংশ ক্ষেত্রেই কাজ করা আর মেধা প্রয়োগের আনন্দ থেকে প্রকৌশলীদের একটু দূরেই থাকতে হচ্ছে। প্রকৌশলীদের ব্যাপারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রখ্যাত পুরকৌশলী জামিলুর রেজা চৌধুরী বললেন, ‘প্রকৌশল একটা মহান ও গুরুত্বপূর্ণ পেশা। প্রকৃতপক্ষে দেশের উন্নয়নের একটা বড় অংশ প্রকৌশলীদের করতে হয়। আমাদের মতো স্বল্পোন্নত দেশের জন্য অবকাঠামোর পরিকল্পনা, নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খুব গুরুত্বপূর্ণ। অন্যান্য দেশের মতো আমাদের দেশেও প্রকৌশলীদের কাজ করার জায়গাটা দিতে হবে।’ এ মুহূর্তে প্রকৌশলীদের অবস্থাটা কী রকম—এ বিষয়ে কথা হচ্ছিল এনার্জিপ্যাকের নির্বাহী প্রকৌশলী সুজীব চন্দ্র সূত্রধরের সঙ্গে। তিনি বললেন, ‘খুব একটা ভালো নয়। কারণ, দেশে বর্তমানে কোনো ভারী শিল্প-কারখানা স্থাপিত হচ্ছে না বা বড় কোনো প্রকৌশলসংক্রান্ত কাজ হচ্ছে না। যেকোনো জিনিস যেমন জেনারেটর, প্লাস্টিক তৈরির যন্ত্রপাতি, খাবার প্রস্তুতকরণের যন্ত্রপাতি, পোশাকশিল্প, পলিমারশিল্প, বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রসহ নানা ক্ষেত্রেই চীন বা ভারত থেকে যন্ত্রপাতি আমদানি করা হচ্ছে। ফলে আমাদের দেশে প্রাথমিক শিল্পব্যবস্থা (কাঁচামাল প্রস্তুতকরণ) ও মাধ্যমিক শিল্পব্যবস্থার অবস্থা (কাঁচামাল ব্যবহার করে পণ্য উৎপাদন) বেশ রুগ্ণ। এ দুটো খাতে বর্তমানে বিনিয়োগও খুব একটা আশাব্যঞ্জক নয়। শুধু টারশিয়ারি শিল্পব্যবস্থাটাই (পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া) যা একটু আছে। এ ধরনের ব্যবস্থায় প্রকৌশলীদের খুব একটা দরকার পড়ে না, দরকার পড়ে ব্যবস্থাপক ও বাজারজাতকারকদের।’যন্ত্র সারা দুনিয়ায়ই একটি গুরুত্বপূর্ণ সেবা ও ব্যবসায়িক খাত। যন্ত্র ও যন্ত্রাংশ তৈরির বাজারটা অনেকটা ভারত ও চীনের দখলে যাওয়ায় তারা এখন শক্ত অবস্থানে আছে। বর্তমানে ভারতে বিশ্বের সব বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের কারখানা রয়েছে। ফলে ভারতের প্রকৌশলীরা অনেক দক্ষ হওয়ার সুযোগ পাচ্ছেন। এঁদের ওপর নির্ভর করেই কিন্তু ভারতের অর্থনীতি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।সদ্য পাস করা প্রকৌশলীদের ব্যাপারে ইসি গ্লোবালের অটোমেশন প্রকৌশলী শরীফ সিকদার জানালেন, এখন সব প্রতিষ্ঠান অভিজ্ঞ প্রকৌশলী চায়। ফলে বিশ্ববিদ্যালয় থেকে মাত্র বের হওয়া একজন প্রকৌশলীর জন্য চাকরি পাওয়াটা বেশ চ্যালেঞ্জিং। পাশাপাশি সম্মানীটাও উল্লেখযোগ্য নয়। এর কারণ এ মুহূর্তে চাকরির বাজারটা ততটা শক্ত নয়। তবে অভিজ্ঞ ব্যক্তিদের মূল্যায়ন সব সময়ই আছে এবং থাকবে।প্রকৌশলী যখন উদ্যোক্তাপৃথিবীর সব দেশেই দেখা গেছে, প্রকৌশলীদের অনেকেই উদ্যোক্তা ও বিনিয়োগকারী হিসেবে সাফল্য অর্জন করেছেন। বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ ধনী বিল গেটস একজন কম্পিউটার প্রকৌশলী। তবে বাংলাদেশে প্রকৌশলীদের উদ্যোক্তা হওয়ার উদাহরণ একটু কমই। যন্ত্রাংশ তৈরির ক্ষেত্রে কয়েকজন প্রকৌশলী উদ্যোক্তার কাজ করে যাচ্ছেন। বর্তমানে অনেক কম্পিউটার প্রকৌশলীই নিজস্ব কম্পিউটার ফার্ম পরিচালনা করছেন। স্থপতি, পরিকল্পনাবিদ ও পুরকৌশলীদের ডিজাইন ও নির্মাণ প্রতিষ্ঠানের সংখ্যাও বেশ উল্লেখযোগ্য। স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান এনার্জিপ্যাকের কর্ণধার প্রকৌশলী রবিউল আলমের মতে, বাংলাদেশে ব্যবসা করার প্রচুর সুযোগ রয়েছে। প্রকৌশলীদের জন্য সেই সুযোগটা আরও বেশি। কারণ শিল্পের ভিত্তিই হলো প্রকৌশল। বর্তমানে শিল্প ক্ষেত্রে সাব কন্ট্রাক্টিং বা আউটসোর্সিং গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রকৌশলীরা ব্যবসায়ে এসে বাংলাদেশে এই ধরনের শিল্পগুলোকে প্রতিষ্ঠা করতে পারেন। তবে সরকারকেও মনোযোগী হতে হবে যেন দেশের পরিবেশ, আইন ও নীতিমালাগুলো বিনিয়োগবান্ধব ও দেশীয়দের জন্য উৎসাহব্যঞ্জক হয়।প্রকৌশল-শিক্ষা ও বিদেশে গমনঅধিকাংশ প্রকৌশলী পড়াশোনা শেষ হওয়ার দু-তিন বছরের মধ্যেই বিদেশে চলে যান। আইইবি সংরক্ষিত তথ্য ও শিক্ষাবিষয়ক এক জরিপ থেকে জানা যায়, বুয়েটের প্রায় ৮০ শতাংশ গ্র্যাজুয়েট বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। কেউ কেউ ফিরে আসছেন। কিন্তু তখন তিনি আর প্রকৌশল পেশার সঙ্গে যুক্ত থাকছেন না, ব্যবসা বা অন্য কিছুর সঙ্গে জড়িয়ে পড়ছেন। এসব ব্যাপারে কথা হচ্ছিল বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারীর সঙ্গে। তিনি বললেন, আমাদের দেশে প্রকৌশলীরা সব সময়ই বঞ্চিত। আজ পর্যন্ত কোনো প্রকৌশলীকে বড় বা ছোট কোনো সম্মান দেওয়া হয়নি। দেশের প্রকৌশলীদের অবদান সরকার বা বেসরকারি পর্যায়ে স্বীকৃতির বাইরে থেকে গেছে। ফলে বাংলাদেশে প্রকৌশল পেশাটা আর আগের মতো আকর্ষণীয় নয়। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের হয়তো এখনো বুয়েটই প্রথম পছন্দ, কিন্তু সেটা প্রকৌশলী হওয়ার জন্য নয়। বরং বিদেশে যাওয়ার জন্য বুয়েটকে তারা একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছে। এর কারণ বাংলাদেশে প্রকৌশল পেশাকে অতটা গুরুত্ব না দিলেও বহির্বিশ্বে বুয়েটের অনেক সুনাম রয়েছে।’ অধ্যাপক আনসারী ভারত ও চীনের উদাহরণ দিয়ে বলেন, চীনের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ পদে প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন। আবার ভারতের পরিকল্পনা কমিশনের সব সদস্যই টেকনোক্র্যাট, যাঁদের মধ্যে রয়েছেন উল্লেখযোগ্যসংখ্যক প্রকৌশলী। প্রকৌশলী আইনুন নিশাতের অভিমত, পৃথিবীর অন্যান্য দেশে জলবায়ুর পরিবর্তন নিয়ে সব পরিকল্পনা ও প্রস্তুতিতে প্রকৌশলীরা বিশেষ অবদান রাখছেন। বুয়েটে যাঁরা পড়তে আসেন, তাঁরা কিন্তু স্কুল ও কলেজ-জীবনে ভালো শিক্ষার্থী ছিলেন, ক্লাসের প্রথম বা দ্বিতীয় স্থানে ছিলেন। তাই প্রকৌশল পড়াশোনার পর যদি তাঁদের মেধাটা ব্যবহার করা না যায়, সেই ক্ষতিটা কিন্তুটা শুধু তাঁদের নয়, ক্ষতিটা সরকারের, বাংলাদেশের।প্রকৌশল কথাটা শুনলে অনেকেই ভাবেন যন্ত্রের কথা, কৃত্রিমতার কথা, মমতাহীন কিছুর কথা। কিন্তু আসল সত্যটা হলো, প্রকৌশলীদের কারণেই সম্ভব হয় যন্ত্রের সঙ্গে মনের মিল। একজন প্রকৌশলীর মধ্যে ভালোবাসা আছে বলেই তাঁরা স্বপ্ন দেখেন, শূন্যস্থানে অনেক কিছু তৈরি করে মানুষকে স্বাচ্ছন্দ্য ও সম্ভাবনা উপহার দেন। তাঁরা তাঁদের সৃষ্টিশীলতাকে ধৈর্যের সঙ্গে প্রয়োগ করেন আর চেষ্টা করেন কাজ করার আনন্দ পেতে, যাঁরা না থাকলে হয়তো সভ্য পৃথিবীই থাকত না। তাঁরা মমতাহীন, এটা বিশ্বাস করাটা কঠিন। কারণ মমতা না থাকলে কেউ কি স্বপ্ন দেখতে পারে?