প্রকৌশল রস

বুয়েটের হলে ঢাকার ছেলেদের সিট পাওয়ার সম্ভাবনা হতাশাব্যঞ্জক। তাই ঢাকাবাসী নাসিম বাসার সবচেয়ে ছেঁড়াফাঁড়া কাপড়টি পরে অসহায় দৃষ্টি এবং একটি আবেদনপত্র নিয়ে সহকারী প্রভোস্টের কাছে হাজির হলো। আপ্লুত কণ্ঠে বলল, ‘স্যার, আমার বাবা-মা থাকেন ঢাকার বাইরে। এখানে ভাই-ভাবির সংসারে উদ্বাস্তুর মতো আছি। একটু যদি দয়া করতেন।’ স্যার আরেক কাঠি সরেস। তিনি ব্যাপারটি ধরতে পেরে বললেন, ‘এই হলের ফাউন্ডেশন তো পাঁচতলার। চারতলা হয়েছে। আমি প্রভোস্ট স্যারকে তোমার কথা বলে পাঁচতলার কাজে যেন দ্রুত হাত দেওয়া হয়, সেই ব্যবস্থা করব। পাঁচতলা কমপ্লিট হলে অ্যাপ্লাই কোরো।’

আমেরিকা থেকে ছোট খালা লাল-নীল-সবুজ-হলুদ রঙের কিছু টি–শার্ট নিয়ে এলেন। একদিন লাল রঙের একটি টি–শার্ট পরে ক্লাস করতে গেলাম। ক্লাস শেষে ক্যাফেতে ঢোকার পর একটা অদ্ভুত ব্যাপার লক্ষ করলাম। সবাই আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছে! অনেকে যেন আমাকে কাছে ডেকে কথা বলতে চাইছে! একটু পর খাবারের অর্ডার দিতে গিয়ে বিষয়টা পরিষ্কার হলো। শত শত ছাত্রের মাঝে ক্যাফের বয়গুলোকে সহজে চিনতে পারার জন্য তাদের সবাইকে সেদিন থেকে লাল টি–শার্ট পরানো হয়েছে!
এক জুনিয়র মেয়ের প্রেমে পড়ে তড়িৎকৌশল বিভাগের এক ছেলের বাকি দুনিয়া রীতিমতো স্যাচুরেশন স্টেজে চলে গেছে। আশপাশের কোনো উদ্দীপকই তাকে আর আনন্দ-বেদনা দেয় না। নিজের মনের কথা বলার জন্য একদিন মূলসহ ফুলের গাছ ও একটি কার্ড নিয়ে মেয়েটির সামনে সে দাঁড়াল। তার হাঁটু ততক্ষণে হাই ফ্রিকোয়েন্সিতে কাঁপছে। ছেলে মনের ভাব প্রকাশ করামাত্রই মেয়ের এক শ বিশ ডেসিবেলের ধমক, ‘আমি আপনাকে সব সময় ভাইয়ের মতো ভেবেছি! আর আপনি কিনা...! আশ্চর্য!’ বিষয়টা সামাল দেওয়ার জন্য ছেলেটি বলল, ‘রাগ করছ কেন, বোন? ফান করছিলাম। মনে হয় বেশি হার্ড ফান করে ফেলেছি। সরি।’