
ক্যাফেটেরিয়ায় গেলেই রাহাতকে দেখতাম তাস পেটাতে। সারা দিন যে পেটায় তাস, পরীক্ষায় সে খাবে বাঁশ—এটাই নিয়ম। কিন্তু গ্রেডশিট দিলে ওর রেজাল্ট শুনে বিশ্বাসই হতো না; দেখে চোখ কচলাতাম। কোনো ভগ্নাংশ নয়; একেবারে চার! একদিন প্র্যাকটিক্যালে তেরোটা রেজিস্টর দরকার। ও গুনল এভাবে, ‘এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, জ্যাক, কুইন, কিং...’!
জাহিদ লাজুকপ্রকৃতির পড়ুয়া ছেলে। একদিন ক্যাফেতে জাহিদের সঙ্গে স্যুপের অর্ডার দিলাম। স্যুপ এল। স্যুপের বাটির দিকে তাকিয়ে আমি বিরক্ত! কিন্তু চুপ রইলাম। দেখতে চাইছি, লাজুক ছেলে জাহিদ ক্যাফে–বয়কে কীভাবে ধমক দেয়। জাহিদ শান্ত কণ্ঠেই ছেলেটিকে আবার ডাকল। বলল, ‘আমার সামনে স্যুপ খাও।’ বয় হতবাক! গরম স্যুপ; বাসি স্যুপ হলে অন্য কথা ছিল। আবার কাস্টমারের ব্যবহারও সন্দেহজনক। সে ইতস্তত করতে লাগল। জাহিদের জোরাজুরিতে শেষমেশ যেই স্যুপ খেতে শুরু করবে তখনই দাঁত দিয়ে জিভ কেটে বলল, ‘সরি, চামচ নিয়ে আসতেছি!’
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দুষ্টু ছেলে রফিক একবার এক মজার তথ্য জানাল। আমরা জানি, কোনো গোলাকার বস্তুর ব্যাসার্ধ = r এবং পুরুত্ব = h হলে বস্তুটির আয়তন = π.r².h। তেমনি, কোনো পিৎজার ব্যাসার্ধ = z এবং পুরুত্ব = a হলে গোলাকৃতি পিৎজাটির আয়তন = π.z².a = Pi.z.z.a!

প্রকৌশলী যুগলের প্রেমালাপ—
: তুমি আমাকে সত্যি ভালোবাসো?
: সত্যি!
: তাহলে দয়া করে অন্য কাউকে বিয়ে করো। আমি ক্যারিয়ার নিয়ে আরও সিরিয়াস হতে চাই।
প্রধান প্রকৌশলী: আপনি বলেছিলেন, তিন দিনে কাজটা শেষ করবেন।
সহকারী প্রকৌশলী: জি, স্যার। পর পর তিন দিনে করব, এটা তো আর বলিনি।
কাজপাগল এক প্রকৌশলী বাসে উঠে দাঁড়িয়েই রইলেন। অথচ তখনো সিট খালি। কন্ডাক্টর এগিয়ে এসে বলল, ‘সিট তো খালি আছে। সিটে বসুন।’
প্রকৌশলী বড় বড় চোখে তাকিয়ে বললেন, ‘আমি এখানে বসতে আসিনি!’