প্রকৌশলের অঙ্গন

প্রতিষ্ঠার পর থেকেই ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির প্রকৌশল বিভাগে বেশ জনপ্রিয়তা পেয়েছে ‘ইলেকট্রনিকস ক্লাব’। ক্যাম্পাসে যাঁরা বিজ্ঞান ভালোবাসেন, ইলেকট্রনিকস নিয়ে যাঁদের আগ্রহ আছে, একে একে তাঁরা এসে ভিড় করেছেন এক মঞ্চে। ক্লাবের উদ্যোগে প্রতি বছর ইঞ্জিনিয়ারিং কার্নিভ্যাল কনটেস্টে সার্কিট বিল্ডিং, রোবো সকার, প্রজেক্ট শোকেস ছাড়াও বেশ কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই ইঞ্জিনিয়ারিং কার্নিভ্যাল কনটেস্ট ক্লাবটির খুব জনপ্রিয় প্রতিযোগিতা। একক ও কয়েকজনের দল গঠন করে সদস্যরা এতে অংশ নেন। মাঝেমধ্যে অন্য বিশ্ববিদ্যালয়কেও আমন্ত্রণ জানানো হয়। সেই সুযোগে ইলেকট্রনিকস ক্লাবের নাম ছড়িয়ে পড়ে ক্যাম্পাসের সীমানার বাইরে।
ক্লাবের যাত্রা
২০০৪ সালে অস্থায়ী ক্যাম্পাসে থাকাকালীন প্রতিষ্ঠিত হয় ইলেকট্রনিকস ক্লাব। শুরুর দিকে শুধু শিক্ষাভ্রমণ ও সেমিনার আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকত ক্লাবের কার্যক্রম। কিন্তু ধীরে ধীরে এই ক্লাবের আলো ছড়াতে শুরু করে। প্রথম থেকেই ক্লাবের লক্ষ্য ছিল—শিক্ষার্থীদের ইলেকট্রনিকসের বিভিন্ন শাখার সঙ্গে পরিচয় করে দেওয়া এবং বিভিন্ন প্রকল্পের ব্যাপারে আগ্রহী করে তোলা। দেশের বিভিন্ন দর্শনীয় স্থান, শিল্পকারখানা ঘুরে দেখার সুযোগে পাঠ্যক্রম ও কর্মক্ষেত্রের মধ্যে দূরত্ব ঘোচানোর চেষ্টা করে আসছে এই ক্লাব।
প্রতি বছর ইলেকট্রনিকস ক্লাব বেশ ঘটা করেই পালন করে ‘পাই দিবস’। বিজ্ঞানবিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে তারা। এ ছাড়া শোভাযাত্রা আয়োজন ছাড়াও দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নতুন পোশাক ও এক দিনের খাবার বিতরণের কর্মসূচি আছে তাদের। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইলেকট্রনিকস ক্লাব মূলত সভা, কর্মশালা, ইলেকট্রনিকস এবং প্রকৌশল সম্পর্কিত প্রকল্পগুলোর আয়োজন করে। এই ক্লাবের আয়োজনে গত ১৯ থেকে ২১ নভেম্বর অনুষ্ঠিত হয় ক্যারিয়ার দিকনির্দেশনা সপ্তাহের চতুর্থ অধিবেশন। এতে কোরিয়া, মালয়েশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে গবেষণার সুযোগ, নিজেকে উপস্থাপন ও সিভি তৈরির বিভিন্ন বিষয়ে বিশদ জানার সুযোগ করে দেয় ক্লাবটি।
ক্যাম্পাসে নোটিশ টাঙিয়ে ও ক্লাবের ফেসবুক পেজের মাধ্যমে ঘোষণা দিয়ে ইলেকট্রনিকস ক্লাবে নতুন সদস্যদের আমন্ত্রণ জানানো হয়। এরপর আগ্রহীদের পরীক্ষার ফলাফল ও ইলেকট্রনিকসের প্রতি আগ্রহের মাত্রা বিবেচনা করে নির্দিষ্ট দিনে নির্বাহী কমিটির সদস্যরা ও বিভিন্ন বিভাগের শিক্ষকেরা ক্লাবে যুক্ত করেন নতুন সদস্যদের।
ন্যাশনাল ইলেকট্রনিকস প্রোগ্রামিং কনটেস্ট (এনইপিইসি)-এর মতো জনপ্রিয় আন্তবিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে প্রতিবার অংশ নেয় এই ক্লাব। এই প্রতিযোগিতায় ২০১৩ সালে তৃতীয় ও ২০১৪ সালে প্রথম হয়েছিল ইস্ট ওয়েস্টের ইলেকট্রনিকস ক্লাব।
ভবিষ্যৎ পরিকল্পনা
তড়িৎ ও ইলেকট্রনিকস বিভাগের সহকারী অধ্যাপক এবং ক্লাবের নিয়ন্ত্রক ফকির মাশুক আলমগীরের সঙ্গে কথা হয় সংগঠনটির ভবিষ্যৎ নিয়ে। তিনি জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রোগ্রামিং প্রতিযোগিতা, ইলেকট্রনিকস অলিম্পিয়াড এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রজেক্ট এক্সিবিশন করার ইচ্ছা আছে তাঁদের। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে ক্লাবটি দ্রুতই তাদের ইচ্ছার বাস্তবায়ন করতে চায়। তড়িৎ প্রকৌশল বিভাগের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত রাজদ্বীপ রায় ইলেকট্রনিকস ক্লাবের ২০১৭-১৮ বছরের প্রেসিডেন্ট এবং বর্তমানে ক্লাবের উপদেষ্টা। তিনি জানান, নতুন প্রকল্প বা নিত্যনতুন আবিষ্কার শুধু প্রকৌশলীরাই নন, বরং যে কেউই করতে পারেন। আবিষ্কারের সেই ইচ্ছা ও লক্ষ্যকে তুলে ধরতেই এই ক্লাব। ক্লাবের নিবন্ধিত সদস্যসংখ্যা এখন প্রায় ৪০০।
ক্লাবটির বর্তমান সভাপতি তড়িৎ প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোর্ত্তজা তাসরিফ বলেন, ‘নিজেকে কীভাবে কোথায় উপস্থাপন করতে হয়, পেশাদার আচরণ, জড়তা কাটানো, অন্যের সঙ্গে সহজে ও দ্রুত মিশতে পারা, বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারে সহজেই শিখতে পেরেছি এই ক্লাবের সঙ্গে যুক্ত থাকার ফলে। যেটি ভবিষ্যতে অনেক কাজে লাগবে বলে আমি মনে করি।’