প্রকৌশলের নতুন পাঠ
এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা এখন ভীষণ ব্যস্ত রয়েছেন স্নাতক শ্রেণীর বিভিন্ন ভর্তি পরীক্ষা আর ভর্তির প্রস্তুতি নিয়ে। প্রকৌশল কিংবা প্রযুক্তির বিভিন্ন বিষয়ে যাঁরা পড়তে চান, তাঁদের সবারই চোখ থাকে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দিকে। ইতিমধ্যে বেশির ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি-প্রক্রিয়া শেষের পথে। প্রযুক্তি ও প্রকৌশলের যেসব বিষয় বাংলাদেশে পড়ানো হয়, সেগুলোর সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নামের নতুন আরও একটি বিষয়।অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো আকাশপথের প্রকৌশল, যেখানে পড়ানো হয় এয়ারক্রাফটের যান্ত্রিক, ইলেকট্রনিক ও রাডারের অংশবিষয়ক পাঠ। এয়ারক্রাফটের রক্ষণাবেক্ষণ, বিভিন্ন যন্ত্রাংশ নির্মাণ এবং কাজ করার কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি সম্পন্ন করা প্রকৌশলীরা কাজ করতে পারবেন দেশে ও দেশের বাইরের বিভিন্ন এয়ারলাইনস কোম্পানিতে। সেই সঙ্গে মেধার স্বাক্ষর দেখাতে পারলে বিভিন্ন এয়ারলাইনস কোম্পানিতে চাকরিকালীন প্রশিক্ষণের সুযোগ তো রয়েছেই।আশার কথা, এখন দেশেই পড়ার সুযোগ তৈরি হয়েছে নতুন ধারার এই ইঞ্জিনিয়ারিং বিষয়ে। বাংলাদেশে এই বিষয়ে বিএসসি করা যাচ্ছে দুটি প্রতিষ্ঠানে। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। এমআইএসটি একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এখানে আসনসংখ্যা ৬৫। এমআইএসটির ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে http://www.mist.ac.bd ওয়েবসাইটে, অথবা ফোনে যোগাযোগ করা যেতে পারে ৮০৩৪১৯ নম্বরে (বেলা ২:৩০ মিনিট পর্যন্ত)।এ ছাড়া এই বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করা যাবে কলেজ অব এভিয়েশন টেকনোলজি, সেক্টর-১১, রোড-০২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকায়। যোগাযোগ: ০২-৮৯৯১৩৭১ অথবা www.catechedu.com ওয়েবসাইটে। এ ছাড়া এই কোর্স পড়া যাবে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে।মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) আবেদন করতে চাইলে শিক্ষার্থীকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ-৪ থাকতে হবে। সেই সঙ্গে এইচএসসিতে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান ও ইংরেজি—এ চার বিষয়ের মধ্যে দুটিতে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪ ও প্রতিটিতে গ্রেড পয়েন্ট ৩.৫ থাকতে হবে। এখানে ২০১১ ও ২০১২ সালের এইচএসসি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে পড়তে চাইলে জিপিএ থাকতে হবে ২.৫। তবে এখানে যেকোনো বর্ষে পাস করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।