ঢাকা থেকে সামান্য দূরে, গাজীপুরেই রয়েছে প্রকৌশল বিষয়ে বিশ্বমানের এক বিশ্ববিদ্যালয়। বলছি আইইউটির কথা। আইইউটির পুরো নাম হচ্ছে ‘ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি’। কথা হচ্ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদের সঙ্গে। তিনি আইইউটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির চতুর্থ সেমিস্টারে পড়ছেন। তিনি বললেন, ‘আমার বন্ধুর কাজিন এখানে পড়তেন। ভাইয়ার কাছ থেকেই আমরা বিশ্ববিদ্যালয়টি সম্পর্কে জানতে পারি। বাবার সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয়টির মান সম্পর্কে নিশ্চিত হয়ে আমি এখানে ভর্তি হই। আমার সবচেয়ে ভালো লাগে, এখানে কোনো সেশনজট নেই।’ আইইউটিতে দেশি ছাত্রদের পাশাপাশি বিদেশি ছাত্ররাও পড়তে আসেন উল্লেখযোগ্য পরিমাণে। এমনই একজন আলহাডজি মোহামেদ। এসেছেন ক্যামেরুন থেকে। বললেন, ‘উচ্চমাধ্যমিক শেষ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন শর্ত পূরণ করে এখানে পড়তে এসেছি।’ আলহাডজি বর্তমানে উচ্চতর ডিপ্লোমা করছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে। তিনি শেষ সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। আইইউটিতে দেশি ছাত্রদের পাশাপাশি বিদেশি ছাত্ররাও পড়তে আসেন। এ পর্যন্ত প্রায় ২০টি দেশের শিক্ষার্থী এসেছেন পড়তে। দেশগুলোর সব কটিই ওআইসির সদস্যভুক্ত।এই বিশ্ববিদ্যালয় ওআইসির অর্থায়নে পরিচালিত। ১৯৭৮ সালে স্বল্প পরিসরে যাত্রা শুরু করে ২০০১ সাল থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। এই বিশ্ববিদ্যালয় শুধুই ছেলেদের জন্য।বিষয় ও আসনসংখ্যা: আইইউটিতে স্নাতক পর্যায়ে মোট পাঁচটি কোর্স পড়ানো হয়, জানালেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (সিআইটি) শহীদুর রহমান। কোর্সগুলো হলো: ১. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (সিআইটি), আসন ৪০টি। ২. ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই), আসন ৬০টি। ৩. মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমসিই), আসন ৪০টি। ৪. সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই), আসন ৪০টি। ৫. ইনস্ট্রাক্টর ট্রেনিং অ্যান্ড জেনারেল স্টাডিজ (আইটিএস), আসন ১৫টি।স্নাতক পর্যায়ে ভর্তির যোগ্যতা: আগ্রহী প্রার্থীর এসএসসি ও এইচএসসি উভয়টিতে ন্যূনতম জিপিএ-৪.৫ থাকতে হবে। যেসব প্রার্থী ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল করেছেন; তাঁদের বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স—প্রতিটিতে কমপক্ষে ‘বি’ গ্রেড থাকতে হবে। এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে আবেদনকারীদের মধ্যে প্রথম এক হাজার ৫০০ জনকে ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হয়। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে কাগজপত্র যাচাই শেষে নির্বাচিত শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করে চূড়ান্ত ভর্তির জন্য মনোনীত করা হয়।স্নাতকোত্তর ডিগ্রি: স্নাতকোত্তর পর্যায়ে এই বিশ্ববিদ্যালয়ে চারটি বিষয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে। কোর্সগুলো হলো:১. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (সিআইটি)। ২. ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই)। ৩. মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমসিই)। ৪. ইনস্ট্রাক্টর ট্রেনিং অ্যান্ড জেনারেল স্টাডিজ। এ চারটি কোর্সের জন্য মোট আসনসংখ্যা ৪০টি। প্রতিটি বিভাগের জন্য আসন ১০টি করে।স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির যোগ্যতা: আইইউটিতে এক বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়া যায়। প্রার্থীকে আবেদন করার জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস হতে হবে। শুধু আইইউটি নয়, বাইরের ছাত্ররাও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির জন্য আবেদন করতে পারেন। এ ক্ষেত্রে প্রার্থীর স্নাতক পর্যায়ে জিপিএ-৪-এর মধ্যে ন্যূনতম জিপিএ-২.৫ থাকতে হবে। যোগ্যতাসম্পন্ন আবেদনকারীকে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে।উচ্চতর ডিপ্লোমা: আইইউটিতে উচ্চতর ডিপ্লোমার সুযোগ রয়েছে, তবে তা শুধু বিদেশি ছাত্রদের জন্য।পিএইচডি: এই বিশ্ববিদ্যালয় থেকে শুধু মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পিএইচডি করা যায়।পিএইচডিতে ভর্তির তথ্য: আইইউটিতে মাত্র একটি বিষয়ে বা বিভাগে আপনি পিএইচডি ডিগ্রি নিতে পারবেন। মেকানিক্যাল ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এই বিশ্ববিদ্যালয় থেকে তিন বছর (কমপক্ষে) মেয়াদে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়া যায়। এ ক্ষেত্রে প্রার্থীর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।খরচ: আইইউটিতে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য একজন ছাত্রকে ছয় হাজার ডলার বা সমপরিমাণ টাকা একসময় বা ভর্তির সময়ই জমা দিতে হয়। স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির জন্য দিতে হয় তিন হাজার ২০০ ডলার বা সমপরিমাণ টাকা এবং এটা ভর্তির সময় এককালীন দিতে হয়। পিএইচডির ক্ষেত্রে প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি জমা দিতে হবে।প্রতি মাসে শিক্ষার্থীকে হাতখরচ হিসেবে প্রায় ৪০ ডলার বা সমপরিমাণ টাকা দেওয়া হয়, যা সব শিক্ষার্থীই পেয়ে থাকেন।আবাসনের সুবিধা: আইইউটি শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয়। এখানে ছাত্রদের জন্য নর্থ হল ও সাউথ হল নামে দুটি আবাসিক হল রয়েছে। আছে ক্যাফেটারিয়া ও ডাইনিংয়ের ব্যবস্থা। ছাত্রদের জন্য রয়েছে লন্ড্রির সুবিধা। আইইউটির শিক্ষা কার্যক্রম, ভর্তির যোগ্যতা, ভর্তির প্রক্রিয়া, খরচ ইত্যাদি তথ্য জানতে আগ্রহী যে কেউ নিচের ঠিকানায় যোগাযোগ করতে পারেন।যোগাযোগ: ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, বোর্ডবাজার, গাজীপুর-১৭০৪। ওয়েবসাইট www.iutoic.dhaka.edu