প্রক্রিয়াজাত মাংস বাড়াতে পারে অ্যাজমা
গবেষকেরা জানিয়েছেন, প্রক্রিয়াজাত মাংস খাওয়ার কারণে অ্যাজমা রোগীদের কষ্ট বাড়তে পারে। তাঁরা বলছেন, এক সপ্তাহে চার টুকরার বেশি মাংস খাওয়া ঝুঁকিপূর্ণ। আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রায় এক হাজার ফরাসি নাগরিকের ওপর গবেষণাটি করা হয়। চিকিৎসাবিষয়ক সাময়িকী থোরাক্স-এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়।
গবেষকদের ধারণা, প্রক্রিয়াজাত মাংসে ব্যবহৃত নাইট্রাইট নামের প্রিজারভেটিভ শ্বাসনালিতে প্রদাহ সৃষ্টি করে। আর এ মাংস খাওয়ার কারণে অ্যাজমার প্রবণতা বেড়ে যায়।
তবে বিশেষজ্ঞরা বলছেন, অ্যাজমা রোগের সঙ্গে প্রক্রিয়াজাত মাংসের এ সম্পর্ক প্রমাণিত নয়। এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন। যেকোনো এক প্রকারের খাদ্য নিয়ে উদ্বিগ্ন না হয়ে স্বাস্থ্যকর ও বৈচিত্র্যময় খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, ভালো স্বাস্থ্যের জন্য এক দিনে ৭০ গ্রামের বেশি লাল মাংস বা প্রক্রিয়াজাত মাংস খাওয়া উচিত নয়।
ইতিমধ্যে গবেষণায় দেখা গেছে, প্রক্রিয়াজাত মাংস খাওয়ার সঙ্গে ক্যানসারের সম্পর্ক রয়েছে।
ওই গবেষণায় অংশ নেওয়া ফরাসিরা ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত খাবার ও স্বাস্থ্য বিষয়ে গবেষণায় অংশ নিয়েছেন। তাঁদের অর্ধেকই অ্যাজমা রোগে আক্রান্ত। ওই গবেষণায় বিশেষভাবে অ্যাজমার উপসর্গ যেমন শ্বাসকষ্ট, জোরে নিশ্বাস নেওয়া এবং বুক টান টান হয়ে যাওয়ার সঙ্গে প্রক্রিয়াজাত মাংস খাওয়ার সম্পর্ক কী, তা বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। দেখা গেছে, বেশি মাংস খাওয়া অ্যাজমা রোগীদের ওই উপসর্গগুলোর মাত্রা বেড়ে গেছে। যাঁরা সপ্তাহে চার টুকরার বেশি মাংস খেয়েছেন, তাঁদের পরিস্থিতি বেশি খারাপ হয়েছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, তাঁরা কোনো সুনির্দিষ্ট খাবারকে দায়ী করতে চান না। একজন অ্যাজমা রোগীর জীবনে অ্যাজমা পরিস্থিতি খারাপ হওয়ার পেছনে নানা কারণ থাকতে পারে।
অ্যাজমা নির্মূলে কাজ করা যুক্তরাজ্যের দাতব্য সংস্থা অ্যাজমা ইউকের প্রধান গবেষক এরিকা কেনিংটন বলেন, কিছু কিছু লোকের ক্ষেত্রে যদিও সুনির্দিষ্ট কিছু খাবার অ্যালার্জির সৃষ্টি করলেও অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে সাধারণভাবে সুনির্দিষ্ট কোনো খাদ্যতালিকা সুপারিশ করা যায় না। অন্য সবার মতো অ্যাজমা রোগীদেরও স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দেওয়া যেতে পারে।