প্রচণ্ড গরমে কিংবা কাঠফাটা রোদে অনেকক্ষণ থাকলে বা কায়িক পরিশ্রম করলে কেউ হঠাৎ আক্রান্ত হতে পারেন হিট স্ট্রোকে।শরীরে কোষের বিপাক ক্রিয়ার মাধ্যমে যে তাপ উৎপন্ন হয় তা ত্বক ও ঘামের মাধ্যমে বেরিয়ে যায়। অতিরিক্ত গরম, ভাপসা আবহাওয়া এবং অতিরিক্ত পরিশ্রম, খেলাধুলা বা শরীরচর্চার কারণে অনেক সময় এই তাপ বের হতে পারে না। ফলে শরীরের তাপমাত্রা বাড়তে থাকে। এর পর পানিশূন্যতার সৃষ্টি হয় এবং তাপমাত্রা আরও দ্রুত বেড়ে যায়। তখনই হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে।সাধারণত হিট স্ট্রোকে আক্রান্ত রোগীর দেহের তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট বা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডে উঠে যায়। খুব খারাপ ক্ষেত্রে ১০৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্তও উঠতে পারে। এ সময় মাথাব্যথা, বমি বমি ভাব, বমি, অস্থিরতা, দুর্বলতা দেখা দেয়। আবার কেউ অস্বাভাবিক আচরণ করতে পারেন, এমনকি খিঁচুনিও হতে পারে। শরীর অত্যন্ত গরম থাকে, শুকনো হয়ে যায় অর্থাৎ ঘাম হয় না।শিশু, বয়স্ক ব্যক্তি, খেলোয়াড়, দিনমজুর বা যাঁরা বাইরে দীর্ঘ সময় কাজ করেন—তাঁরাই বেশি এতে আক্রান্ত হন।হিট স্ট্রোক এড়ানোর জন্য গরমের দিনে বা রোদে বের হলে প্রচুর পানি পান করুন, যাতে শরীর পানিশূন্যতায় আক্রান্ত না হয়। তবে চা-কফি বা কোমল পানীয় পানিশূন্যতাকে বাড়িয়ে দিতে পারে।হালকা আরামদায়ক সুতি কাপড় পরবেন, ছাতা ব্যবহার করবেন, সব সময় সঙ্গে বিশুদ্ধ পানির বোতল রাখবেন।কাউকে হিট স্ট্রোকে আক্রান্ত হতে দেখলে তাঁকে দ্রুত অপেক্ষাকৃত শীতল স্থানে নিয়ে যান। ঠান্ডা পানির ঝাপটা দিন ও কাপড় আলগা করে দিন। বাতাস করুন বা ফ্যান ছেড়ে দিন। বগলে ও কুঁচকিতে বরফ দিতে পারেন। শরীরের তাপমাত্রা কমাতে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। হিট স্ট্রোক থেকে খিঁচুনি, যকৃৎ ও কিডনি বিকলের মতো মারাত্মক পরিণতিও হতে পারে। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, বারডেম হাসপাতাল।