চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মসিউদ্দৌলাহ বলেছেন, সরকার প্রচলিত আইনেই কঠোর হাতে জঙ্গি দমন করবে। এ জন্য প্রয়োজন জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতা।
গত ২৯ আগস্ট চট্টগ্রামের ফটিকছড়ি থানার ওপেন হাউস ডে উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। ওপেন হাউস ডের সভায় বক্তারা ঈদুল আজহা উদ্যাপন নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মসিউদ্দৌলাহ। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. লুৎফুর রহমান। সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ইউসুফ মিয়া। সঞ্চালনা করেন ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) বিদ্যুৎ বড়ুয়া। আলোচনায় অংশ নেন ফটিকছড়ি উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেবুন নাহার, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম সোলায়মান, সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী, কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী, লেলাং ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী, সমিতিরহাট ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশীদ প্রমুখ।