প্রচলিত জাতের চেয়ে ফলন হবে দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের পাহাড়ি তুলা গবেষণাকেন্দ্রের হিল কটন-৩ (এইচসি-৩) জাতের তুলার গবেষণা প্লটে দুই গবেষক l প্রথম আলো
বান্দরবানের পাহাড়ি তুলা গবেষণাকেন্দ্রের হিল কটন-৩ (এইচসি-৩) জাতের তুলার গবেষণা প্লটে দুই গবেষক l প্রথম আলো

বান্দরবানের পাহাড়ি তুলা গবেষণাকেন্দ্রের গবেষকেরা হিল কটন-৩ (এইচসি-৩) নামের একটি উন্নত জাতের তুলা উদ্ভাবন করেছেন। দীর্ঘ আট বছর ধরে পরীক্ষা-নিরীক্ষার পর কুমিল্লা তুলার (gossypium arboreum) জাত থেকে এই জাতের তুলা উদ্ভাবন করেছেন তাঁরা। এই তুলা পাহাড়ের জুম খেতের পাশাপাশি সমতল জমিতেও চাষ করা সম্ভব। অন্যান্য পাহাড়ি জাতের চেয়ে এই তুলার ফলনও দ্বিগুণ হয় বলে জানিয়েছেন কেন্দ্রের গবেষকেরা।

বান্দরবান জেলা শহরের বালাঘাটায় অবস্থিত পাহাড়ি তুলা গবেষণাকেন্দ্রের পরীক্ষামূলক চাষের জমিতে এই তুলা ফলিয়ে সাফল্য পাওয়া গেছে। কেন্দ্রের গবেষকেরা বলেন, পাহাড়ে প্রচলিত দুটি জাতের চেয়ে এই তুলার ফলন অনেক বেশি। এ ছাড়া কীটনাশকও অনেক কম প্রয়োগ করতে হয়। এতে চাষির খরচও কমবে।

সম্প্রতি পাহাড়ি তুলা গবেষণাকেন্দ্রে গিয়ে দেখা গেছে, উদ্ভাবিত এইচসি-৩ তুলা অন্য পাহাড়ি তুলার চেয়ে কিছুটা ভিন্ন প্রকৃতির। পাহাড়ি তুলা-১ (সাদা) ও পাহাড়ি তুলা-২ (খাকি) গাছের তুলনায় এইচসি-৩–এর গাছ বেশ উঁচু। গাছের পাতার আকার ছোট ও লম্বাটে। বোলের (কুঁড়ি) সংখ্যাও অনেক বেশি।

এইচসি-৩ তুলার উদ্ভাবক ও গবেষণাকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কিরণময় দেওয়ান বলেন, কুমিল্লা তুলা থেকে পার্বত্য চট্টগ্রামে চাষযোগ্য দুটি জাতের তুলা এর আগে উদ্ভাবিত হয়েছে। সেখান থেকে বীজ সংগ্রহ করে, চাষ করে আট বছর ধরে পর্যবেক্ষণ ও গবেষণার মাধ্যমে এইচসি-৩ জাতের তুলা পাওয়া গেছে। এটি গত বছর কৃষি মন্ত্রণালয়ের বীজ প্রত্যয়ন বিভাগ থেকে উদ্ভাবিত নতুন জাতের তুলা হিসেবে ছাড়পত্র পেয়েছে। আগামী বছর থেকে জুমচাষিদের কাছে চাষের জন্য এই জাতের তুলার বীজ বিতরণ করা হবে।

 কেন্দ্রের কীটতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মংসানু মারমা বলেন, এইচসি-৩ তুলাগাছের পাতা চিকন হওয়ায় সহজে সূর্যের তাপ ও বাতাস পাওয়ার জন্য অসুবিধা হয় না। এতে ক্ষতিকর কীটপতঙ্গ ও পোকামাকড়ের আক্রমণ থেকে প্রাকৃতিক সুরক্ষা পাওয়া সহজ হয়। ফলে অন্যান্য পাহাড়ি তুলার চেয়ে এইচসি-৩ তুলাগাছে তুলার বোলের সংখ্যা অনেক বেশি হয়।

মংসানু আরও বলেন, আমেরিকান তুলায় (gossypium hirsutum) প্রতি মৌসুমে পাঁচ-ছয়বার কীটনাশক প্রয়োগের প্রয়োজনীয়তা দেখা দিলেও এ তুলায় দুই থেকে তিনবার প্রয়োগ করলে চলে। কম কীটনাশক ব্যবহার করে ফলন বেশি পাওয়া যায় বলে এই তুলা জুম খেতে জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করেন তিনি। গবেষক কিরণময় দেওয়ান বলেন, উদ্ভাবিত এইচসি-৩ তুলাগাছে গড়ে ২৫-২৬টি বোল টিকে থাকে। অথচ অন্যান্য পাহাড়ি তুলার গাছে গড়ে বোল থাকে ১২-১৩টি। এই তুলার বোলের আকার বড় ও ওজন গড়ে পাঁচ গ্রাম। ফুটন্ত বোলে তুলাও অনেক লম্বা হয়। তিনি আরও বলেন, জুম খেতে এইচসি-৩ তুলা লাগালে হেক্টরপ্রতি গড়ে দুই টন ফলন পাওয়া যাবে।