আনোয়ারায় মুঠোফোনে স্বাস্থ্যসেবা পাচ্ছেন না গ্রামের মানুষ। তাঁরা জানেন না এ রকম একটি সেবা চালু আছে। মুঠোফোন নম্বরটির প্রচারও নেই। অথচ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ছয় বছর আগে সরকার এ সেবা চালু করে।
আনোয়ারায় স্বাস্থ্যকেন্দ্র সূত্র জানায়, সারা দেশের মতো আনোয়ারায় ২০০৯ সালে ১ মে থেকে মুঠোফোনে সেবা কার্যক্রম চালু হয়। নিয়ম অনুসারে একজন চিকিৎসককে ২৪ ঘণ্টা ওই মুঠোফোনে জরুরি চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়ার কথা। এ ছাড়া বলা আছে, জনগুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শনের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার, মসজিদ-মন্দির, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন পরিষদে এ সেবা সম্পর্কে জানিয়ে মুঠোফোন নম্বরসহ পোস্টার বা পরিচিতিফলক লাগিয়ে এলাকার প্রচারের ব্যবস্থা করতে হবে। এমনকি দিনে কতজন সেবা পেলেন, তাও লেখার জন্য একটি রেজিস্ট্রার খোলার নিয়ম রয়েছে। কিন্তু এসবের কিছুই করেনি স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ।
উপজেলার বিভিন্ন হাটবাজার ও ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় ঘুরে কোথাও স্বাস্থ্যসেবার মুঠোফোনের নম্বরটির পরিচিতিফলক চোখে পড়েনি। স্থানীয় বাসিন্দারা কেউ জানেন না নম্বরটি সম্পর্কে।
উপজেলার রায়পুর ইউনিয়নের বাসিন্দা আসহাব উদ্দিন (২৭) বলেন, ‘আমাদের এলাকা নদী ও সমুদ্রতীরবর্তী উপকূলীয় এলাকা হলেও কখনো কেউ বলেনি মুঠোফোনে চিকিৎসাসেবা পাওয়ার বিষয়ে। আজই প্রথম শুনলাম এ সেবার কথা।’
চাতরী বাজারের ব্যবসায়ী মো. মুছা (৩০) বলেন, এটি উপজেলার বড় বাজার। কিন্তু এখানে স্বাস্থ্য বিভাগের ফোন নম্বরসংবলিত কোনো প্রচারপত্র চোখে পড়েনি।
বরুমচড়া ইইপির সচিব মোহাম্মদ মামুন বলেন, ‘মুঠোফোনে সেবা সম্পর্কে আমাদের পরিষদে কোনো প্রচারপত্র পাঠায়নি কেউ। তাই এ বিষয়ে জনগণকে জানানোর সুযোগ নেই।’
২০ জুন দুপুরে স্বাস্থ্যসেবার মুঠোফোন নম্বরে (০১৭৩০৩২৪৪৪৩) ফোন করলে কেউ ধরেননি। কয়েকবার ফোন করেও ওই প্রান্ত থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে জানতে চাইলে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধু ভূষণ ভৌমিক বলেন, ‘এ ব্যাপারে আমি বেশি কিছু জানি না।’ মুঠোফোন নম্বর প্রচার ও রেজিস্ট্রার খোলা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো কে করবে, আর এটা কীভাবে সম্ভব। সরকার তো অনেক কিছুই করবে, কিন্তু এর কতটা বাস্তবায়ন করতে পারি?’
উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, সরকার স্বাস্থ্যসেবার ব্যাপারে খুবই আন্তরিক। তাই মুঠোফোনে সেবা ও তথ্য–প্রত্যাশীরা যাতে পুরোপুরি সেবা পান, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।