চট্টগ্রাম আদালতপাড়ার এখন অন্য রূপ। আইনজীবীদের আড্ডায়, চেম্বারের আলোচনায় মূল প্রসঙ্গ ভোট। চলছে নানা হিসাব-নিকেশ। প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। কুশল বিনিময়, অতঃপর ভোট প্রার্থনা।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে প্রচারণা এখন তুঙ্গে। ভোটের বাকি মাত্র দুই দিন। আগামী বুধবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে সমিতি মিলনায়তনে। এবার ১৯টি পদের জন্য লড়বেন ৪৫ জন প্রার্থী।
নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষের দুটি প্যানেল অংশ নিচ্ছে—আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও সমমনা আইনজীবী সংসদ। অন্য দিকে রয়েছে বিএনপি জামায়াত-সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ। জয়ের ব্যাপারে আশাবাদী তিন জোটের নেতারাই।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনটি জোটের মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি। এখানে প্রাধান্য পাবে দলীয় পরিচয়ের চেয়ে ব্যক্তি ইমেজ। বেশ কয়েকজন প্রার্থী জোটের পরিচয়ের বাইরে নিজের ভাবমূর্তির কারণেও এগিয়ে থাকবেন।
সরেজমিনে দেখা গেছে, প্রার্থীরা দলবেঁধে ভোটারদের কাছে যাচ্ছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত আদালতের এজলাসেই ঢুঁ মারছেন। বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন আইনজীবীদের। মামলার শুনানি শেষে কেউ এজলাস থেকে বেরিয়ে এলেই কুশল বিনিময় করে দোয়া ও ভোট চাচ্ছেন। আর এজলাসে বিচারক না থাকলে সেখানে অবস্থানরত আইনজীবীদের কাছে নিজের পরিচয় তুলে ধরে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। এদিকে গভীর রাত পর্যন্ত আইনজীবীদের চেম্বারে গিয়ে কুশল বিনিময় তো আছেই। অনেক প্রার্থী ভোটারদের বাসায়ও যাচ্ছেন বলে জানা গেছে।
আইনজীবী সমিতি সূত্র জানায়, নির্বাচনে সাড়ে তিন হাজার জন ভোটার রয়েছেন।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
প্রার্থী হয়েছেন যাঁরা : নির্বাচনে সভাপতি পদে রয়েছেন সমমনার হুমায়ুন কবির, ঐক্য পরিষদের মোহাম্মদ কফিল উদ্দিন চৌধুরী ও সমন্বয়ের রতন কুমার রায়। জ্যেষ্ঠ সহসভাপতি পদে ঐক্য পরিষদের শেখ মো. ছাবেদুর রহমান, সমমনার মোহাম্মদ আলী ও সমন্বয়ের মুজিবুর রহমান চৌধুরী। সহসভাপতি পদে ঐক্য পরিষদের এইচ এস আবুল হাসান, সমন্বয়ের আলী আশরাফ চৌধুরী ও সমমনার এ কে এম রুহুল আমিন।
সাধারণ সম্পাদক পদে সমন্বয়ের মোহাম্মদ আবু হানিফ, সমমনার এস এম জাহেদ এবং ঐক্য পরিষদের এস ইউ এম নুরুল ইসলাম। সহসাধারণ সম্পাদক পদে সমন্বয়ের মোহাম্মদ ইয়াছিন, ঐক্য পরিষদের মোহাম্মদ হাসান আলী চৌধুরী ও সমমনার মোহাম্মদ রাসেল। অর্থ সম্পাদক পদে সমন্বয়ের শাহেদুল আজম ও ঐক্য পরিষদের মোহাম্মদ সাইফুদ্দিন। গ্রন্থাগার সম্পাদক পদে সমমনার হামিদ আলী চৌধুরী, ঐক্য পরিষদের ফজলুল বারী এবং সমন্বয়ের মোহাম্মদ ইকবাল হোসাইন। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে সমন্বয়ের দুলাল চন্দ্র দেবনাথ , সমমনার মোহাম্মদ তাজ উদ্দিন এবং ঐক্য পরিষদের হাসনা হেনা। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সমন্বয়ের মোহাম্মদ ফয়েজ উদ্দিন চৌধুরী, সমমনার মোহাম্মদ ফোরকান উদ্দিন ও ঐক্য পরিষদের মো. রায়হান সালেহী। এ ছাড়া নির্বাহী সদস্যের ১০ টি পদের জন্য ১৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।