নির্বাচনী প্রচারণায় সরগরম মহেশখালীর শাপলাপুর ইউনিয়ন। পোস্টারে ছেয়ে গেছে চারপাশ। সকাল থেকে মধ্যরাত অবধি দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধরনা দিচ্ছেন তাঁরা। ভোটাররাও শুরু করেছেন নানা হিসাব-নিকাশ। চায়ের কাপে ঝড় তুলছে ভোটের প্রসঙ্গ। ২২ নভেম্বর এই ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, শাপলাপুর ইউপিতে তিনবার পিছিয়ে চতুর্থ দফায় এসে নির্বাচন হচ্ছে। প্রথম দফার তফসিল ঘোষণা করা হয় ২০১১ সালের ২৪ ফেব্রুয়ারি। তফসিল ঘোষণার পর সীমানা বিরোধ ও ভোটার তালিকা নিয়ে সৃষ্ট জটিলতায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত হয়ে যায় নির্বাচন। এরপর একই বছর ২১ জুন আবার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। তখনো উচ্চ আদালত নির্বাচন স্থগিত করেন। তৃতীয়বারে এসে গত ২৯ মে তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ৪ জুন ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এতে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৩ জন ও সাধারণ ইউপি সদস্য পদে ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১২ জুন। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৮ জুন। এর মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের আগেই ১০ জুন উচ্চ আদালতের নির্দেশে আবারও নির্বাচন স্থগিত হয়ে যায়। এদিকে সীমানা বিরোধ ও ভোটার তালিকা নিয়ে সৃষ্ট জটিলতা উচ্চ আদালতে নিষ্পত্তি হওয়ায় চলতি ৩ নভেম্বর আবারও শাপলাপুর ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এতে ৫ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ৬ নভেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও ২২ নভেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।
বর্তমানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন। তাঁরা হলেন আবদুল খালেক চৌধুরী (বর্তমান চেয়ারম্যান), এ কে এম ইলিয়াছ, মোহাম্মদ ওচমান সরওয়ার, মনির আহমদ, নুরুল হক, নাজেম উদ্দিন, মোহাম্মদ নুরুল আবছার ও মোহাম্মদ রফিকুল ইসলাম। এ ছাড়া তিনটি সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৩ ও নয়টি সাধারণ সদস্য পদে ৬২ জন প্রার্থী রয়েছেন।
ভোটারদের মধ্যে আলোচনার বিষয়বস্তু এখন নির্বাচন। ষাইটমারা এলাকার সাধারণ ভোটার মোহাম্মদ কবির ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় উৎসবের আমেজ বিরাজ করছে এলাকায়। প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ারে ভাসছেন ভোটাররা। তবে এলাকার উন্নয়নে যিনি ভূমিকা রাখবেন বলে মনে হবে তাঁকেই ভোট দেব।’
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোশাররেফ হোসেন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি জানান, নয়টি ভোটকেন্দ্রে ১৭ হাজার ৪১৫ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ আট হাজার ৬৮৫ ও মহিলা আট হাজার ৭৩০ জন।