প্রচারণায় অতীতকেই সামনে আনছেন সাবেক দুই মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার সময়ে রাউজান পৌরসভা তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পেয়েছে। আমার চেষ্টায় পৌরসভার নতুন ভবনের জন্য জায়গা অধিগ্রহণ সম্ভব হয়েছে, সরকারি বরাদ্দ এসেছে। স্থানীয় সাংসদের মাধ্যমে পৌর ভবনের নির্মাণকাজের ভিত্তি স্থাপন করিয়েছি। আমার সময়ে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন হয়েছে। আগামী দিনে পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করার জন্য সর্বাত্মক চেষ্টা করব।’ বর্তমান মেয়র শফিকুল ইসলাম চৌধুরী তাঁর সময়ের উন্নয়নকাজের ফিরিস্তি দিয়ে ভোট চাইছেন।সাবেক মেয়র ও গত নির্বাচনে শফিকুল ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবাশীষ পালিতও প্রচারণায় তাঁর সময়ের সুযোগ-সুবিধার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। তাঁর অসমাপ্ত কাজ করার জন্য জনরায় চাইছেন। রাউজানে মেয়র পদের ভোটযুদ্ধে আওয়ামী ঘরানার দুই প্রার্থী অতীত সামনে নিয়ে আসছেন। নির্বাচনী বৈতরণী পার হতে অতীতের কাজকে ব্যবহার করছেন হাতিয়ার হিসেবে। অবশ্য আওয়ামী ঘরানার প্রার্থী, সাবেক প্যানেল চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বর্তমানেই আছেন। তিনি মাদকমুক্ত রাউজান গড়ার অঙ্গীকার করে ভোট চাইছেন। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি-সমর্থক প্রার্থী মহিউদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল হাসান, অধ্যাপক মোহাম্মদ মুছাকে এখনো মাঠে দেখা যাচ্ছে না। নাগরিক ফোরাম-সমর্থিত প্রার্থী আবু বকর ছিদ্দিকী বিচ্ছিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন। এদিকে, ঋণখেলাপির দায়ে বাতিল হয়ে গেছে মেয়র পদপ্রার্থী আবু মাসুদ আজাদের প্রার্থিতা। তবে আবু মাসুদের দাবি তিনি ঋণখেলাপি নন, রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন। কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর বিল্লাল মিয়া তালুকদার ও রেজাউর রহিম আজমের মনোনয়নপত্রও বাতিল হয় মামলাসংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে। জানা যায়, কোনো কোনো কাউন্সিলর প্রার্থী ঘরে ঘরে গিয়ে নারীদের দোয়া চাইছেন। ঘরোয়া পরিবেশে মতবিনিময় করছেন। কেউ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় গিয়ে প্রার্থিতা নিয়ে আপসরফার চেষ্টা করছেন।নির্বাচন প্রসঙ্গে আবু বকর ছিদ্দিকী বলেন, ‘রাউজান পৌরসভার যাত্রা শুরু হয়েছে আমার বাড়ি থেকে। আমাদের ভিটায় পৌরসভার প্রথম কার্যালয় স্থাপন করা হয়। সুতরাং পৌরবাসী জানেন তাঁদের জন্য আমার ভূমিকা কী?’ আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমি নির্বাচিত হলে মহাপরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেব, সড়কবাতির আওতা বাড়াব। পৌরসদরকে মাদকমুক্ত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’ প্রার্থীদের অতীত কাজ সম্পর্কে রাউজান কলেজের অধ্যক্ষ এ কে এম আবদুর রশীদ বলেন, ‘বর্তমান মেয়রের সময়ে তুলনামূলক উন্নয়ন বেশি হয়েছে। তবে এবারের নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন ভোটাররা। সুলতানপুরের সকাল শীল বলেন, পৌরবাসী এবার প্রার্থীদের অতীত-বর্তমান মূল্যায়ন করবেন বলে মনে হচ্ছে। যার পক্ষে ভালো কাজের পাল্লা ভারী, শিক্ষা-দীক্ষা আছে তাঁকেই ভোট দেব।’ এবার নতুন ভোটার হয়েছেন কলেজছাত্রী মোছাম্মৎ সুমি। তাঁর অভিমত, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ও উন্নয়নে অবদান রাখবেন—এমন প্রার্থীকে ভোট দেবেন।