প্রচারণায় আওয়ামী লীগ নেতারা, নিশ্চুপ বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল গতকাল বুধবার ঘোষণা করা হয়েছে। কিন্তু এই ঘোষণার আগ থেকেই নির্বাচনকে ঘিরে অনানুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ–সমর্থক মেয়র পদপ্রার্থীরা। তবে নির্বাচন িনয়ে নিশ্চুপ বিএনপি–জামায়াতের নেতারা।
সরকার–সমর্থকদের পোস্টার-ব্যানাের ছেয়ে গেছে নগরের অলিগলি। মেজবান ও সামাজিক কর্মকাণ্ডের আড়ালে চলছে গণসংযোগ।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
২০১০ সালের ১৭ জুন সর্বশেষ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিএনপি–সমর্থিত মোহাম্মদ মন্জুর আলম মেয়র পদে জিতেছিলেন। নির্বাচন করছেন কি না, জানতে চাইলে মন্জুর আলম এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘প্রার্থী হব কি না, সেটা সময় হলেই দেখবেন।’
বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন গত ৫ জানুয়ারির আগে বিভিন্ন সভায় চট্টগ্রামের উন্নয়নের জন্য কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন। তাঁর বক্তব্যে সিটি নির্বাচনে মেয়র পদপ্রার্থী হওয়ার স্পষ্ট ইঙ্গিত ছিল। তবে গত দুই মাসের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে গ্রেপ্তার এড়াতে নগর বিএনপির অনেক নেতার সঙ্গে শাহাদাতও আত্মগোপনে চলে গেছেন। এর পরও আত্মগোপনে থাকা অবস্থায় প্রার্থী হওয়ার বিষয়ে আগ্রহের কথা প্রথম আলোকে জানিয়েছিলেন তিনি। কিন্তু কিছুদিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
তবে আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থীরা কৌশলে প্রচারণা শুরু করেছেন তফসিল ঘোষণার অনেক আগে থেকেই। প্রচারণায় রয়েছেন তিনবারের নির্বাচিত মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন এবং সিডিএর চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম।
বেশ কয়েক মাস আগ থেকেই মেজবানসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে গণসংযোগ করছেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। পবিত্র ওমরাহ পালন করে চট্টগ্রামে ফেরার পর ১৪ মার্চ বিপুল সমর্থক পরিবেষ্টিত হয়ে বিমানবন্দর থেকে ফেরেন তিনি। সেদিন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০টি বাস, ২০০টি ট্রাক, পাঁচ শতাধিক মোটরসাইকেল এবং ব্যক্তিগত আরও চার শতাধিক গাড়ি ও মাইক্রোবাসে চড়ে হাজার হাজার সমর্থক তাঁকে স্বাগত জানাতে গিয়েছিলেন। সেদিন রাতে তাঁর চশমা হিলের বাসভবনে পাঁচটি গরু জবাই করে মেজবানের আয়োজন করা হয়।
বিমানবন্দরে উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছিলেন, ‘আমি চট্টগ্রামকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরে পরিণত করতে চাই। আপনাদের সহযোগিতা পেলে আমার নেত্রী থেকে মনোনয়ন নিয়ে নাগরিক কমিটির হয়ে নির্বাচন করব। আপনারা আমাকে ভোট দেবেন।’
এ ব্যাপারে জানতে চাইলে এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমি জনগণের মধ্যে থাকতে চাই। নগরবাসীর সেবা করার সুযোগ পেয়েছিলাম ১৫ বছর। কী করেছি সেটা চট্টগ্রামবাসী জানে। এই নগরের উন্নতি হলে দেশের উন্নতি হবে।’
এদিকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিনের সমর্থনে নগরের অলিগলিতে সাঁটানো হয়েছে হাজার হাজার পোস্টার। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পরিচয়ে পোস্টারগুলো সাঁটানো হয়। আ জ ম নাছিরউদ্দিনকে মেয়র পদে দেখতে প্রত্যাশী বলে পোস্টাের উল্লেখ রয়েছে।
জানতে চাইলে আ জ ম নাছিরউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি সংগঠনের সাধারণ সম্পাদক। মেয়র পদে প্রার্থী হতে আগ্রহী। কারণ, রাজনীতি করি জনগণের সেবা করার জন্য। মেয়র হতে পারলে নাগরিকদের কাছাকাছি যাওয়ার সুযোগ থাকে।’
আ জ ম নাছিরউদ্দিন আরও বলেন, আওয়ামী লীগ বড় সংগঠন। একাধিক প্রার্থী থাকতেই পারে। তবে দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁর জন্য কাজ করে যেতে হবে।
সিডিএর চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামের ছবি দিয়ে চট্টগ্রামের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে নগরজুড়ে পোস্টার সাঁটানো হয়েছে। তিনি নগরের ৪১টি ওয়ার্ডে সমর্থকদের সঙ্গে বৈঠকও করেছেন।
আবদুচ ছালাম এ প্রসঙ্গে বলেন, ‘আমি উন্নয়নের বার্তা নিয়ে ঘরে ঘরে যাচ্ছি। আমার পোস্টার সাঁটানোর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। প্রধানমন্ত্রী যাঁকে মনোনয়ন দেবেন, তাঁকে জিতিয়ে আনতে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব।’
এ ধরনের আগাম প্রচারণা সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম গতকাল প্রথম আলোকে বলেন, ‘তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচন কমিশন সব ধরনের পোস্টার ও ব্যানার ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে বলেছে। এ নির্দেশ অমান্য করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।’